অবহেলিত গ্রাম ‘ব্যাঙডেবা’
পাহাড়ঘেরা অনগ্রসর একটি গ্রাম। নাম ‘ব্যাঙডেবা’। ডায়রিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড, প্রসবজনিত জটিলতাসহ নানা রোগে এখানে প্রতিবছর শিশুসহ আট-নয়জন মানুষ মারা যান। এখানে বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎব্যবস্থা, চলাচলের রাস্তাঘাট কিছুই নেই। ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতাসহ বিভিন্ন ধরনের সরকারি সুবিধা সম্পর্কেও কোনো ধারণা নেই গ্রামবাসীর।রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের এ গ্রামে বাস করেন ৮৫ পরিবারের পাঁচ শতাধিক মানুষ। উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। কিন্তু যাতায়াতের কোনো সড়ক নেই। আবার যে পাহাড়ি সরুপথ রয়েছে তাতেও বন্যহাতি আর ডাকাতের ভয়। তাই লোকজন ঈদগড় ইউনিয়ন ঘুরে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উল্টোপথে দুই কিলোমিটার পাহাড়ি পথ আর বিশাল পাহাড় পেরিয়ে গাড়িতে চড়ে রামু আসেন।গ্রামের সর্দার আমির সোলতান জানান, এলাকার মানুুষের প্রধান সমস্যা সড়ক না থাকা। যানবাহন চলাচলের মতো পরিকল্পিত কোনো সড়ক না থাকায় স্বাধীনতার ৩৯ বছরেও এখানে কোনো বিদ্যালয় গড়ে ওঠেনি। নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র। বয়স্ক ও বিধবা ভাতাসহ কোনো ধরনের নাগরিক সুবিধাও পান না গ্রামের মানুষ। বর্তমানে গ্রামে পাঁচ থেকে ১২ বছরের শিশু আছে ১৮৫ জন। কামিল (এমএ) পাস করে এ গ্রামের মক্তবে কোরান শিক্ষা দেন মৌলভি ইলিয়াছ। তিনি জানান, পড়ালেখার প্রতি শিশুদের বেশ আগ্রহ আছে। কিন্তু গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় তারা শিক্ষার সুযোগ পাচ্ছে না।গ্রামের মাঝখানে বিশাল তেঁতুলগাছের নিচে ছোট্ট ফাঁকা মাঠ। চারপাশ ঘিরে আছে একটি মসজিদ, একটি মক্তব, বন বিভাগের কার্যালয় আর ছোট্ট একটি মুদির দোকান। আর সঙ্গে আছে ৮৫টি পরিবার। এটাই ব্যাঙডেবা।স্থানীয় লোকজন জানান, এ তেঁতুলগাছের নিচে অবসর সময়ে জড়ো হয়ে বসেন গ্রামের মানুষ। সুখ-দুঃখের আড্ডায় মেতে ওঠেন তাঁরা। এটাই গ্রামের প্রাণকেন্দ্র । সরেজমিনে দেখা যায়, আড্ডা দিচ্ছিলেন গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কবির আহাম্মদ (১০২), আমির সোলতান (৫০), মোবারক হোসেনসহ কয়েকজন। কবির আহাম্মদ জানান, গ্রামটি প্রায় ২০০ বছরের পুরোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এখানে রাখাইনদের বসতি ছিল। এ তেঁতুলগাছ তাঁদেরই নিদর্শন।তিনি জানান, এলাকায় সরকারি-বেসরকারি কোনো স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসক না থাকায় এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবাও মেলে না। নিরাপদ পানি, স্যানিটেশনব্যবস্থা সম্পর্কে কিছুই জানেন না এখানকার মানুষ।সামান্য জ্বরে ভুগে গত বছর বিনা চিকিৎসায় মারা যান কবির আহাম্মদের মেয়ে ফাতেমা বেগম। ডায়রিয়া, ম্যালেরিয়ায় আক্রান্ত আরও দুই মেয়ে ও এক ছেলেকে হারান তিনি। কবির আহাম্মদ বলেন, ‘রোগী নিয়ে রামু যাওয়ার কোনো সুযোগ নেই এখানে। তাই অসুখ-বিসুখে আল্লাহর ওপর ভরসা ছাড়া আর কিছুই করার থাকে না।’স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ও ফকির মোহাম্মদ নুরুল আজিম জানান , গত ১ ফেব্রুয়ারি প্রসব জটিলতায় ভুগে বিনা চিকিৎসায় মারা যান নাজির হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (২৫) ও তাঁর নবজাতক। এর কয়েক মাস আগে ম্যালেরিয়ায় মারা যায় সোনা মেহের (৪৫) ও নুরুজ্জামানের পাঁচ বছরের শিশু রানা ও সৈয়দ আলমের ছেলে খোরশেদ আলম (২০)।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে কারও নিজস্ব সম্পত্তি নেই। বন বিভাগের প্রায় ৮০ একর জমিতেই বসতি এবং চাষাবাদ করে ৮৫ পরিবার। প্রায় ৬০ একর জমিতে চলে চাষাবাদ। কলা, ধান, পেঁপে, ববরটি, মিষ্টি কুমড়া, ভুট্টা, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করে তাঁরা জীবিকা নির্বাহ করেন। স্থানীয় কৃষক নুরুল আজিম ও মোবারক হোসেন জানান, এখানকার মাটি খুবই উর্বর। তাই খুব কম সার দিয়ে ভালো ফলন পাওয়া যায়। কিন্তু ৭০০ টাকার এক বস্তা সার রামু থেকে এখানে পৌঁছাতে এক হাজার টাকা খরচ পড়ে।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জসিমুল ইসলাম জানান, জোয়ারিয়ানালা মাদ্রাসা গেট থেকে ব্যাঙডেবা পর্যন্ত নয় কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে চার কিলোমিটারই কাঁচা। বাকি সড়কে ৪০ মিটার ও ২০ মিটার দৈর্ঘ্যের দুটি সেতুর কাজ করলেই ব্যাঙডেবার সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে। বন বিভাগের বিট কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, গ্রামটি খুবই দুর্গম। হাতির আক্রমণসহ যেকোনো বিপদে মসজিদের মাইকে প্রচার করলেই ঝাঁপিয়ে পড়েন সবাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক বলেছেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলেই ব্যাঙডেবায় পর্যায়ক্রমে বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র করা হবে। উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার বলেন, গত চারদলীয় জোট সরকারের আমলে প্রকল্পের টাকা লুটপাট হওয়ায় সড়কটির উন্নয়ন হয়নি। সেখানে নতুন প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা চলছে। ব্যাংডেবায় একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার প্রস্তাব সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানান।