
হাইস্কুলে পড়ার সময় ক্রিকেট খেলার চরম নেশা পেয়ে বসে। সাঁঝসকালে ব্যাট-বল-স্ট্যাম্প নিয়ে বেরিয়ে পড়ি। পড়াশোনা শিকেয় ওঠার উপক্রম। একবার বেরোতে পারলে আর পায় কে! এক দৌড়ে মাঠে। খেলোয়াড়ও জুটে যায়। কিছুদিনের মধ্যেই পাড়ায় ‘অলরাউন্ডার ইলেভেন’ নামে আমরা একটা দল বানিয়ে ফেলি। আমাদের প্রধান কাজ ছিল বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা এবং কৌশলে একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হওয়া। দলের সবচেয়ে সিনিয়র ছিলেন রমজান ভাই। বয়স দলের বাকি সদস্যদের চেয়ে দ্বিগুণ হতে পারে, কিন্তু তাঁর ক্রীড়াভক্তি কারও চেয়ে কম ছিল না। তবে খেলাধুলায় তেমন চৌকস ছিলেন না। দেখা গেল বোলিং করতে এসে সমানে রান বিলাচ্ছেন। আবার ব্যাটিংয়ে গেলে আউট হতে বেশি বল অপচয় করছেন না! নিজের সামর্থ্য বুঝতে পেরেই কিনা তিনি হঠাৎ অবসরের ঘোষণা দেন। তাঁর সিদ্ধান্তে আমরা যারপরনাই বিস্মিত ও হতাশ হই। কারণ, রমজান ভাই দলের কেবল একজন সদস্যই ছিলেন না, আমরা তাঁকে ‘পালের গোদা’ জ্ঞান করতাম। আমাদের যাবতীয় আেÿক্ষপ নিমেষে দূর হয় তাঁর ‘কোচ’ হওয়ার ঘোষণায়! তিনি অবশ্য নামমাত্র কোচ হয়েছিলেন। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর নির্দেশ আমরা মনোযোগ দিয়ে শুনতাম, কিন্তু মানতাম না। তবু রমজান ভাই নানা প্রকার টিপস দিয়েই খুশি থাকতেন।
একদিনের ঘটনা। রমজান ভাই ব্যাটিংয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে বয়ান দিচ্ছিলেন। একপর্যায়ে বিশেষজ্ঞের মতো বললেন, ‘ব্যাটিংয়ের মূল কথা হলো ডিফেন্স। যার ডিফেন্স যত নিখুঁত, সে ততো ভালো ব্যাটসম্যান।’ এরপর শুরু হয় প্র্যাকটিস সেশন। হাত তিনেক দূরে দাঁড়িয়ে তিনি আমাদের ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন। সবাই ঠিকমতো ব্যাটিং করলেও তারেক গিয়ে বিপত্তি বাধায়। অনেকগুলো বল রক্ষণাত্মক খেলার পর হঠাৎ একটা ‘লোপ্পা’ বলে ডিফেন্সের কথা ভুলে সজোরে হাঁকায় সে। তাতে ব্যাটখানা গ্রিপ থেকে খুলে রমজান ভাইয়ের গায়ে আঘাত করে। বিকট আওয়াজ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভয়ে আমাদের কলিজা শুকিয়ে যায়। কী করব ভেবে না পেয়ে মাথায় পানি ঢালা শুরু করি। ভাগ্যিস কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে ওঠেন। আমরা হাঁফ ছেড়ে বাঁচি। এ ঘটনার পর তিনি কোচিং থেকেও অবসর নেন কিনা শঙ্কা জাগে। আমাদের ধারণাকে আংশিক সত্য করে কোচিং থেকে অব্যাহতি নেন বটে; কিন্তু ফিরে আসেন পুরোদস্তুর খেলোয়াড় হিসেবে। আশ্চর্যের ব্যাপার, তার খেলার ধরনেও আমূল পরিবর্তন ঘটে। সহজ বল পেলেই জোরে হাঁকিয়ে মাঠছাড়া করেন। তাঁর যুক্তিও বদলে যায়, ‘ব্যাটের জন্মই হলো বলকে পেটানোর জন্য। তবে গ্রিপটাকে শক্ত করে ধরবে। বলা তো যায় না, আবার কার...!’
সোহেল নওরোজ
বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা।
সেরা লেখক/আলোকচিত্রী পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।