অবাক প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বাড়ির পাশেই ছিল নিপা আপুদের বাড়ি। নিপা আপু যে ঘরে থাকত, সে ঘরের জানালায় দাঁড়ালে সম্মুখে যে বিস্তীর্ণ ছাদ চোখে পড়ত, সেটা জীবন ভাইয়াদের বাড়ি। আমরা সবাই জানতাম, নিপা আপুর সঙ্গে জীবন ভাইয়ার প্রেম আছে। তবে কেউ কখনো তাদের প্রেমাভিনয় নিজ চোখে দেখেনি। তবুও সবাই লোকশ্রুতি মনে করে সেটা এক প্রকার সত্য বলেই ধরে নিয়েছে। নিপা আপুদের বাড়ির পাশ দিয়ে আমাদের স্কুলে যাওয়ার সরু রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে গ্রামের স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা সকাল সাড়ে নয়টায় স্কুলের ইউনিফর্ম পরে বিদ্যা অর্জনের জন্য বাড়ি ত্যাগ করত। জীবন ভাইয়ার বন্ধু মহলেও বোধ হয় এই প্রেমের ব্যাপারটা প্রচারিত ছিল; তাই জীবন ভাইয়ার হিতাকাঙ্ক্ষী বন্ধুরা নিপা আপুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় উচ্চকণ্ঠে স্বরচিত গান গাইত, ‘পানির (নিপা) অপর নাম জীবন রে বন্ধু, পানির অপর নাম জীবন...’। তারা শুধু ‘নিপা’র স্থলে উল্টে ‘পানি’ ব্যবহার করত, যাতে কেউ বুঝতে না পারে। তবে নিপা আপুর কাছে এ বিষয়টা অজ্ঞাত ছিল না; কারণ কোনো দিন নিপা আপুকে এই গানের ব্যাপারে প্রতিবাদলিপি পাঠাতে দেখিনি। অন্যদিকে জীবন ভাইয়াকে দেখেছি, কবি কবি ভাব নিয়ে চোখে পুরু লেন্সের চশমা লাগিয়ে মাঠের এক কোণে বসে খেলা দেখছে নতুবা শেষ রাতে আকাশের তারা গুনছে। ফলে যা হওয়ার তা-ই হলো—জীবন ভাইয়া দুই বছর টানা ফেল করে যখন নিপা আপুর ক্লাসে ডিমোশন পেল, তখন এ কথা চারদিকে রাষ্ট্র হলো যে প্রেমিকার মনোবাসনা পূর্ণ করতেই জীবন তার মূল্যবান ‘জীবন’ নষ্ট করতে চলেছে। দুই বছর পরের ঘটনা। নিপা আপু কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করে কলেজে ভর্তি হলো। কিন্তু জীবন ভাইয়া করল মাত্র এক বিষয়ে পাস (বাংলায়), বাকি সব বিষয়ে ফেল। এবার চারদিকে প্রচার হলো—পড়াশোনা না করে সারা দিন প্রেম মাথায় নিয়ে ঘুরলে কখনো পাস হয়? এভাবে দিন চলে যাচ্ছিল। একদিন হঠা ৎ শুনলাম নিপা আপুর বিয়ে। একটু হতাশই হলাম। ভাবলাম, বেচারা কবির এবার কী হবে! বিরহের কবিতা লিখে এবার সত্যি সত্যি না কবি হিসেবে আত্মপ্রকাশ করে। শেষে প্রচারিত হলো জীবন ভাইয়ার এই কবি কবি ভাব ও অকর্মণ্যতার জন্যই নিপা আপু তাকে ত্যাগ করেছে। একদিন ঠিকই নিপা আপুর বিয়ে হয়ে গেল। জীবন ভাইয়ার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ করলাম না। জীবন ভাইয়ার বন্ধুরা নিপা আপুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পানির মাহাত্ম্য প্রচার করে এখনো গান গায়। কিন্তু আজও আমার বুঝতে সমস্যা হয়, সত্যই কি নিপা আপুর সঙ্গে জীবন ভাইয়ার প্রেম ছিল!ইন্দ্রশেখর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।