অবাধ তথ্যপ্রবাহ দুর্নীতি প্রতিরোধের মুখ্য হাতিয়ার। তথ্য অধিকার আইন বাস্তবায়নের ফলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পেয়েছে। কমেছে দুর্নীতি।
কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের পটিয়ায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসের সভায় বক্তারা এসব কথা বলেন। গত ২৮ সেপ্টেম্বর নানা আয়োজনে দিবসটি পালিত হয়। এবারের স্লোগান ছিল, ‘তথ্যই শক্তি, জানব জানাব, দুর্নীতি রুখব’।
চকরিয়া: উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কয়েকটি সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রণীত ধারণাপত্র উপস্থাপন করেন চকরিয়া উপজেলা সনাকের সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী।
সভায় বক্তব্য দেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেন, সহকারী ব্যবস্থাপক আবদুল গাফ্ফার, সনাক সদস্য জিয়া উদ্দিন, মোহব্বত চৌধুরী, স্বচ্ছতার জন্য নাগরিকের (স্বজন) আহ্বায়ক এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী, ইয়েস দলনেতা মো. মিজানুর রহমান প্রমুখ।
পটিয়া: আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে পটিয়ায় দুই দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়। গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর পটিয়া ক্লাবের মুক্তমঞ্চে এ মেলা চলে। উদ্বোধনী দিনে শোভাযাত্রা শেষে মেলা উদ্বোধন করেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. এ কে ফজলুল হক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়া শাখার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এতে সহযোগিতা দেয় উপজেলা প্রশাসন।
২৭ সেপ্টেম্বর সমাপনী দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক শেখর নাথ। প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। মুখ্য আলোচক ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী।
বক্তব্য দেন সনাক পটিয়ার সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সহসভাপতি শিলা দাশ প্রমুখ। সভা শেষে দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণির ২০ জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ছিল দুর্নীতিবিরোধী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১৬টি স্টল স্থান পায়।