অবাধে তোলা হচ্ছে ঝিরি-ঝরনার পাথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের রুমা উপজেলার রুমা খাল থেকে পাথর তুলছেন দুজন শ্রমিক l প্রথম আলো
বান্দরবানের রুমা উপজেলার রুমা খাল থেকে পাথর তুলছেন দুজন শ্রমিক l প্রথম আলো

স্রোতে ভেসে আসা অসংখ্য বড় বড় পাথর ঘেঁষে বয়ে চলছে পাহাড়ি ঝিরি। কয়েকজন শ্রমিক সেসব পাথরের কয়েকটিতে চালাচ্ছিলেন হাতুড়ি। হাতুড়ির আঘাতে বড় পাথর টুকরা হয়ে ভেঙে যেতেই একজন শ্রমিক শাবল দিয়ে আলাদা করে সেই পাথর তুলে দিচ্ছিলেন আরেকজনের কাঁধে। এরপর খালের পাড়ে সেসব পাথর জেড়া করে রাখছিলেন তাঁরা।
সম্প্রতি বান্দরবানের দুর্গম রুমা উপজেলার রুমা খাল নামের পাহাড়ি ঝিরিতে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। রুমা-বগালেক সড়কের সাত কিলোমিটার এলাকা থেকে নির্মাণাধীন বগামুখ সড়ক ধরে এক কিলোমিটার গেলেই রুমা খালের অবস্থান। আর এর অল্প দূরেই রয়েছে বগা খাল নামের আরেকটি ঝিরি। সেখানে গিয়েও শ্রমিকদের পাথর তুলতে দেখা গেছে। স্থানীয় লোকজন ও বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে পাথর তুললে শুকিয়ে যাবে প্রাকৃতিক জলাশয়। বিরূপ প্রভাব পড়বে পরিবেশের ওপর।
এ ব্যাপারে বান্দরবান মৃত্তিকা ও পানি বিভাজিকা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, পাথর ঝিরি-ঝরনার পানি ধরে রাখে। পাথর উত্তোলন করলে ঝিরি-ঝরনা শুকিয়ে যাবে। তা ছাড়া রুমার রুমা খাল ও বগা খাল থেকে পাথর তোলার কারণে বগা লেকের প্রাকৃতিক পরিবেশও হুমকির মুখে পড়তে পারে।
রুমা খাল ও বগা খাল ঝিরিতে পাথর তোলায় নিয়োজিত শ্রমিকেরা জানান, দৈনিক ৪০০ টাকা মজুরির বিনিময়ে পাথর তুলছেন তাঁরা। কোন কাজে এসব পাথর ব্যবহৃত হচ্ছে, তা জানেন না তাঁরা। সাবু মাঝি নামের শ্রমিক সরদার তাঁদের কাজ দিয়েছেন। তবে সাবু মাঝি এখন আরও দুর্গম এলাকায় পাথর তুলতে গেছেন বলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়।
মাস খানেকের বেশি সময় ধরে রুমার বিভিন্ন দুর্গম ঝিরি-ঝরনা থেকে পাথর তোলা হচ্ছে বলে জানান শ্রমিকেরা। প্রতিটি ঝরনা থেকে প্রতিদিন ২০০ মণ পাথর তোলা হচ্ছে বলে জানান তাঁরা।
তবে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, রুমা উপজেলার একাধিক সড়কে সেতু ও কালভার্ট তৈরির কাজ চলছে। এসব সেতু ও কালভার্টে ব্যবহারের জন্যই পাহাড় ও ঝিরি থেকে পাথর তোলা হচ্ছে। কাছাকাছি অবস্থিত পাইন্দু ও সামাখাল ঝিরি থেকেও এভাবে পাথর তোলা হচ্ছে বলে জানান তাঁরা।
এ ব্যাপারে বগামুখ এলাকার বাসিন্দা অংসিং মং মারমা বলেন, পাথর না থাকলে খালে পানি কমে যাবে। এ কারণে পরিবেশগত বিপর্যয়ে পড়বে বগা খালের উৎপত্তি স্থলে অবস্থিত দেশের অন্যতম পর্যটন আকর্ষণ বগাকাইন বা বগা লেক।
রুমা সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য শৈহ্লাপ্রু মারমা বলেন, গত বছর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রুমায় বেশ কয়েকটি সেতু নির্মাণ করেছে। এ বছরও নতুন সেতু ও কালভার্ট নির্মিত হচ্ছে। সব কটি সেতু তৈরিতে ঝিরি-ঝরনার পাথর ব্যবহার করা হচ্ছে। ওই এলাকায় সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ঠিকাদার মোজাফ্ফর আহমদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছোট ছোট কাজে অনেক ঠিকাদার স্থানীয় পাথর ব্যবহার করছেন। কিন্তু তিনি বাইরে থেকে প্রয়োজনীয় পাথর নিয়ে কাজ করছেন। তাঁর কাজে ব্যবহারের কথা বলে কেউ হয়তো পাথর পাচার করছে।
রুমা উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পণ দেওয়ান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চিম্বুক-গালেংগ্যা সড়ক, রুমা-বগা লেক সড়কসহ বিভিন্ন সড়কে নয়টি সেতু ও কালভার্ট তৈরি করছে। নির্মাণকাজের জন্য স্থানীয়ভাবে ভালো মানের পাথর সংগ্রহ করার অনুমতি আছে। সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ পাথর পাচার করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ চাহেল তস্তুরি বলেন, রুমায় পাথর উত্তোলনের কোনো অনুমতিপত্র দেওয়া হয়নি। কিন্তু দুর্গম এলাকায় গিয়ে এসব তদারকি করা অত্যন্ত কঠিন।