অবাধে তোলা হচ্ছে মাটি ও বালু, ঝুঁকিতে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার আজিমপুর নয়াহাটসংলগ্ন আজিম চৌধুরী ঘাট সেতুর নিচে এবং আশপাশ থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলা হচ্ছে। এতে সেতুর নিচের গার্ডারগুলোর গোড়া থেকে মাটি সরে যাচ্ছে। ফলে যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।সেতুটি দিয়ে উপজেলার হারুয়ালছড়ি, সুন্দরপুর, ভূজপুর, নারায়ণহাট, সুয়াবিল, মির্জারহাট, কাজিরহাটসহ বিভিন্ন গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াত করে।জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বোরহান উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য মো. জাহেদুল আলম চৌধুরী, মো. সাইফু ও মো. আজম—এ চারজন সেতুর কাছাকাছি বালুমহালটি ইজারা নিয়ে ব্যবসা করছেন।উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, নিয়ম রয়েছে ইজারা নেওয়া হলেও সেতুর ১০০ গজ অভ্যন্তরের জায়গা থেকে মাটি ও বালু তোলা যাবে না।কিন্তু দীর্ঘদিন ধরে এ নিয়ম অমান্য করে সেতুর খুব কাছ থেকে প্রভাবশালী একটি মহল ট্রাকে ট্রাকে মাটি ও বালু তুলে নিয়ে গেছে। পরে অনেকে একেবারে সেতুর পিলার-সংলগ্ন জায়গা থেকে মাটি নিতে শুরু করে। এতে সেতুটি ঝুঁকির মধ্যে পড়েছে।সরেজমিনে দেখা যায়, সেতুর নিচের পিলার থেকে ৪০-৪৫ গজের মধ্যে রয়েছে একাধিক গর্ত। এর খানিকটা দূরে খাল থেকে মাটি কাটছেন তিন শ্রমিক—ইব্রাহীম, লোকমান ও মো. শফি। তাঁরা জানান, কিছুদিন আগে সেতুসংলগ্ন জায়গা থেকে মাটি নিয়ে স্থানীয় একটি চলাচলের পথ ভরাট করা হয়। আশপাশের বাড়িঘরেও কিছু মাটি নেওয়া হয়েছে। বর্তমানে কাটা মাটিগুলো পার্শ্ববর্তী ‘আরকে ইট ভাটায়’ নেওয়া হচ্ছে। প্রায় দেড়-দুই শ গজ দূরে অপর পাঁচজন শ্রমিক কালাম, এসকান্দর, মহিউদ্দিন, শফি ও কালু খাল থেকে বালু তুলে ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-০৭৭০) বোঝাই করছেন। তাঁরা জানান, ইজারাদারদের অনুমতি নিয়ে বালু তুলে ট্রাকপ্রতি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়।স্থানীয় বাসিন্দা দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম চৌধুরী বলেন, ‘সেতুর নিচ থেকে বালু এবং মাটি কাটার ফলে সেতুর পিলারগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া সেতুর পশ্চিম দিকে প্রায় ৫০০ গজ দূরে মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এটি বন্ধের জন্য এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি।’হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘নিয়ম-বহির্ভূতভাবে বালু তোলার কারণে সেতুটি একরকম অরক্ষিত হয়ে পড়ল।’ মহালটির ইজারা বন্ধের দাবি জানান তিনি।যোগাযোগ করা হলে ইজারাদার মো. জাহেদুল আলম চৌধুরী মুঠোফোনে বলেন, ‘আমরা সেতুর নিচ থেকে বালু তুলছি না।’ তিনি পাল্টা অভিযোগ করেন, ‘সেতুর ৮০০ গজ দূরে অন্য এক বালুর মহালে ড্রেজার মেশিন বসিয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে।’মো. বোরহান উদ্দিন চৌধুরী বলেন, ‘ইজারা নিয়ে বালুর ব্যবসা করছি। সেতুর ক্ষতি হয়েছে এমন তো দেখিনি।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমি নতুন এসেছি। তবে সেতু ঝুঁকিতে ফেলে মাটি এবং বালু উত্তোলন করা আইনসিদ্ধ নয়। ইজারাদার শর্ত লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ এ বিষয়ে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘মহালটিতে আগেও অভিযান চালানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’