রাঙ্গুনিয়া, কাউখালী ও রাউজান উপজেলার প্রায় ২০০ ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ। গত দুই মাস ধরে বিভিন্ন সংরক্ষিত বন থেকে এসব কাঠ সংগ্রহ করে সরবরাহ করছে কয়েকটি চক্র। অথচ এ নিয়ে বন বিভাগ অনেকটা নীরব।ইটভাটা মালিক সমিতি সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর, উত্তর রাজানগর, লালানগর, দক্ষিণ রাজানগর, হোসনাবাদ, চন্দ্রঘোনা, কোদালা, সরফভাটা, পোমরা ও বেতাগি ইউনিয়নে ১১৭টি, কাউখালী উপজেলার বেতবুনিয়া, ঘাগড়া, কলমপতি ইউনিয়নে ২৭টি এবং রাউজান উপজেলার ডাবুয়া, হলদিয়া ও নোয়াপাড়া ইউনিয়নে রয়েছে ৫০টি ইটভাটা। সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ ভাটায় ইট পোড়ানোর জন্য মজুদ করা হচ্ছে হাজার হাজার মণ জ্বালানি কাঠ। কোনো ইটভাটায় কয়লা পোড়ানো হচ্ছে না। তবে রাঙ্গুনিয়ার কয়েকটি ইটভাটায় দেখা গেছে সামনে কিছু কয়লা রাখা হয়েছে। কিন্তু পোড়ানো হচ্ছে কাঠ। ইটভাটা মালিকেরাও বনের কাঠ পোড়ানোর কথা স্বীকার করেন। রাঙ্গুনিয়া ইটভাটা মালিক কল্যাণ সমিতির সভাপতি শামসুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী কয়লা পোড়ানোর কথা। কিন্তু কয়লার দাম অনেক বেশি। শুধু কয়লা দিয়ে ইট পোড়ানো হলে মালিকদের পথে বসতে হবে। তবে সব সময় যে কাঠ পোড়ানো হচ্ছে তা নয়। কয়লা ও কাঠ দুটোই পোড়ানো হচ্ছে।উত্তর রাজানগর ইউনিয়নের তারাবুনিয়া এলাকার একটি ইটভাটার মালিক নাসির উদ্দিন বলেন, ভাটায় কাঠ দেওয়ার জন্য কিছু লোক আছে। যারা সাধারণত ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। আর বন বিভাগের লোকজনকে ম্যানেজ করা ছাড়া কাঠ সংগ্রহ করা সম্ভব নয়। তাই একটু চড়া দাম নেয় সরবরাহকারীরা। কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যছড়ি এলাকার একটি ইটভাটায় কাঠ দেওয়ার সময় কথা হয় ইসলামপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনিরুদ্দৌলার সঙ্গে। তিনি বলেন, তিনটি ইটভাটায় কাঠ দিচ্ছি আমি। প্রতিটি ইটভাটায় দৈনিক ১০ জিপ কাঠ দিতে হয়। এসব কাঠ রাঙ্গুনিয়া, রাজস্থলী, কাউখালী ও কাপ্তাই উপজেলার পাহাড় থেকে সংগ্রহ করে আনা হচ্ছে। কাঠ আনার পথে বন বিভাগের বিট ও শুল্ক ফাঁড়িগুলোতে কিছু টাকা দিতে হয়।খোঁজ নিয়ে জানা যায়, ইটভাটার এসব কাঠের প্রধান উৎস হচ্ছে রাজস্থলী উপজেলার কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী, বাঙালহালিয়া, রাজভিলা, ইসলামপুর ও রাজস্থলী সদর বনবিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল। এসব বনাঞ্চল নরম কাঠের উৎস হিসেবে খ্যাত। যেখান থেকে কর্ণফুলী কাগজকল কাগজ তৈরির জন্য কাঠ সংগ্রহ করে। এসব কাঠ কেটে ইটভাটায় পাচার করা হচ্ছে। সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন ১১-আরই ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মো. নুরুল আনোয়ার চৌধুরী জানান, গত দুই মাসে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া, রাইখালী ও রাজভিলা থেকে পাচারের সময় প্রায় কোটি টাকার কাঠ জব্দ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ কর্মকর্তা আবদুস সবুর বলেন, ইটভাটার মালিকেরা কাঠ চোর দিয়ে সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের বাগান থেকে গাছ কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। সম্প্রতি বগাবিলি বিটের আওতায় তারাবুনিয়া এলাকায় গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় কাঠ চোরেরা বগাবিলি বিট কর্মকর্তা আজমল হোসেন ও মালি ইসমাইল হোসেনকে কুপিয়ে জখম করে। দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আমির হামজা বলেন, কাঠ চোরদের উৎপাতে রাতের ঘুম হারাম হয়ে গেছে। কাঠ ধরলে প্রভাবশালী ব্যক্তিদের হুমকি আসে। ফলে একরকম অসহায় অবস্থায় জীবনযাপন করছি। তবে বন বিভাগের লোকজনকে ঘুষ দিয়ে কাঠ পাচারের বিষয়টি সঠিক নয় বলে জানান তাঁরা।