অবাধে বিক্রি হচ্ছে নোট ও গাইড বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট ও গাইড বই। এসব নোট ও গাইড বই কিনছেন অভিভাবকেরা। অভিভাবকেরা জানান, বিদ্যালয় থেকেই বলে দেওয়া হয় কোন প্রকাশনীর নোট-গাউড বই কিনতে হবে। তাঁরা বই দোকানিদের কাছ থেকে ওই সব বই কিনে নেন। নিষিদ্ধ জেনেও কিনছেন—কারণ হিসেবে এক অভিভাবক বলেন, ‘সবাই তো কিনছেন। এখন আমি না কিনলে আমার বাচ্চা পিছিয়ে পড়বে।’ সরেজমিনে দেখা গেছে, টেকনাফ পৌরসভার বড় বাজার, বাস স্টেশন, নিলা বাজার, হোয়াইক্যং বাজার ও বাহারছড়া বাজারে নোট ও গাইড বই বিক্রি হচ্ছে। পৌর এলাকার বড় বাজারের আনিকা পুস্তকালয়ের স্বত্বাধিকারী নুরুল ইসলাম বলেন, ‘বাজারে নোট ও গাইড বইয়ের চাহিদা রয়েছে। তাই আমরা বিক্রি করছি।’ এ প্রসঙ্গে সাবরাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুর রহমান জানান, শিক্ষার্থীরাই নোট-গাইড বইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তা ছাড়া উপজেলা প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। টেকনাফ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম প্রথম আলোকে জানান, ‘নোট ও গাইড বই বিক্রেতাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে।’