কক্সবাজারের টেকনাফ উপকূলে অবাধে হাঙর নিধন চলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। তাঁরা হাঙর ধরার সৃনির্দিষ্ট নীতিমালা তৈরির ওপর জোর দিয়েছেন তাঁরা। টেকনাফ, সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ ও বাহারছড়ার কিছু মাছ ব্যবসায়ী হাঙর কেনা-বেচার জন্য অর্থ বিনিয়োগ করেন। তাঁরা স্থানীয় জেলেদের লাখ লাখ টাকা দাদন দিয়ে রাখেন। বড়সড় হাঙর শিকারে ব্যবহার করা হচ্ছে ২০-২২ ইঞ্চি ফাঁকের ‘লাক্ষা জাল’ যাতে হাঙরের সঙ্গে অন্য প্রজাতির মাছও ধরা পড়ে। টেকনাফ উপকূলের সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া এলাকায় তিন শতাধিক ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা হাঙর শিকার করছে।শিকারিরা জানান, উপকূলের সৈকতের প্রবেশপথ থেকে পাঁচ-দশ কিলোমিটার পশ্চিমে ‘বার ও বাইশ বাইন’ এলাকায় প্রতিবছর এ সময় প্রচুর হাঙর ধরা পড়ে। টেকনাফের হাটবাজারসহ ১৩টি স্থানে হাঙর বেচা-কেনা চলছে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে হাঙর সরবরাহ করা হচ্ছে।সরেজমিনে সৈকত ও হাটবাজার ঘুরে দেখা গেছে, আধা কেজি থেকে শুরু করে ২০-২৫ কেজি ওজনের হাঙর হাটবাজারে বিক্রি হচ্ছে। প্রতি কেজি হাঙরের দাম ১৭০ থেকে ২০০ টাকা। হাঙরের কানকোয়া, পাখা, চামড়া ও লেজ প্রতি মণ ৪০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি হয়।হাঙর শুঁটকি ব্যবসায়ী আজিজুল হক জানান, প্রতিদিন স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের কাছ থেকে ২০ থেকে ৪০ মণ হাঙর কিনে নিয়ে শুঁটকি করা হচ্ছে। প্রতি সপ্তাহে এখান থেকে গড়ে ১০০-১৫০ মণ শুঁটকি চট্টগ্রামের খাতুনগঞ্জে যায়। এই শুঁটকি হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মিয়ানমারে রপ্তানি হয়। হাঙর শুঁটকি রপ্তানি করে বছরে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়।হাঙর শুঁটকিপল্লিগুলো ঘুরে দেখা গেছে, শুকোতে দেওয়া হাঙরগুলোর গায়ে সাদা সাদা দানা। কোনো গন্ধ নেই। আশপাশে নেই মশা-মাছি। সাদা দানাগুলো আসলে কীটনাশক। শুঁটকিপল্লিতে কাজ করতে আসা শ্রমিক ধলুয়া বিবি (৩৭) ও রশিদ আহমদ (৩৯) বলেন, প্রতিদিন পাঁচ থেকে আট মণ হাঙর কেটে শুঁটকি বানানো হয়। এখন হাঙরের ভরা মৌসুম বলে কাজের চাপ বেশি। টেকনাফের আদিবাসীদের মধ্যে হাঙরের ব্যাপক চাহিদা। স্থানীয় বাজারে হাঙরের শুঁটকি ২২০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হয়। হাঙরের দাঁত ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীরা কেনেন। ঢাকা-চট্টগ্রাম থেকে হাঙরের চামড়া কিনতে আসা ব্যবসায়ী মো. সেলিম ও আক্কাস আলী জানান, হাঙরের চামড়া প্রক্রিয়াজাত করে হংকং, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়। সেই চামড়া থেকে মানিব্যাগ, জুতাসহ বিভিন্ন সামগ্রী তৈরি হয়।উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ছৈয়দ হুমায়ুন মোরশেদ বলেন, হাঙর ধরার ক্ষেত্রে সামুদ্রিক আইনে তেমন কোনো বিধিনিষেধ নেই। হাঙর নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি সুপারিশ পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, হাঙরগুলো মাংসাশী। এরা সাগরের বিভিন্ন স্তরের মাছ খেয়ে মাছের প্রজণনে ভারসাম্য বজায় রাখে। সাগর থেকে ব্যাপক হারে হাঙর উঠিয়ে নিলে নানা জাতের ছোট মাছের সংখ্যা বেড়ে গিয়ে মহামারি আকারে রোগ দেখা দিতে পারে। এতে বাজারে মাছের ঘাটতি দেখা দেবে। পাশাপাশি নষ্ট হতে পারে সমুদ্রের পরিবেশ। হাঙর ধরার জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।