দুপুরের খাবার শেষে বিশ্রাম নিচ্ছি। সঙ্গে ছিল সবাই। ম্যাডামের কাছ থেকে খবর এল, এখনই প্রস্তুত হতে হবে। হিমছড়ি যাব আমরা। কলেজে কখনই শিক্ষা সফরের রুটিন আগেভাগে প্রকাশ করা হতো না। তাই কোথাও যাওয়ার ঠিক আগে আগে আমাদের কানে এসে পৌঁছাত সেই খবর।হিমছড়ি যাওয়ার দিনে গাড়িতে উঠে বসেছি। গ্রাম্য বালিকার মতো হেলেদুলে পাহাড় ও সাগরের পাশ দিয়ে চলতে লাগল আমাদের গাড়ি। চারদিকের অনাবিল সৌন্দর্য দেখে কারও মুখই বন্ধ নেই। একের পর এক গানের কলি বেরিয়ে আসতে লাগল সবার মুখ থেকে। ছেলেদের চেয়ে মেয়েরাই ছিল নাচানাচিতে পটু। আর গানে ছেলেরা। এভাবে প্রকৃতির অপূর্ব রূপ দেখতে দেখতে একসময় আমরা চলে এলাম আকাশ, সাগর ও পাহাড়ের মিলনস্থল হিমছড়ি। গাড়ি থেকে নেমেই দৌড়ে গেলাম পাহাড়ের চূড়া ছুঁতে। আঁকাবাঁকা সিঁড়ি বেয়ে উঠলাম পাহাড়ের সর্বোচ্চ বিন্দুতে, সবার আগে আমি।পাহাড় থেকে নামার সময় আর সবার সঙ্গে সেই সিঁড়ি দিয়ে নামার ইচ্ছে হলো না। এর মধ্যে আমি, শরীফ ও ইমরান হেঁটে নামার এক সরু পথ আবিষ্কার করলাম। চোখের পলকেই নেমে পড়লাম একে একে। আর ঠিক এমন মুহূর্তেই চোখে পড়ল পাহাড়ের অশ্রু ঝরে পড়ার জায়গাটা, মানে ঝরনা! দৌড়ে গিয়ে হাত-মুখ ধুয়ে বিজয়ের চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করলাম। আমার উল্লাসে যে কারও মনে সংশয় জাগার কথা—এই ঝরনা কি আমিই প্রথম আবিষ্কার করলাম?সারি সারি দোকানে মেয়েলি সাজগোজের বিভিন্ন জিনিসপত্র। একে একে সবাই ভিড় করলাম। চোখের পলক পড়ছিল না আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় শেষ, ফিরতে হবে। গাড়িতে গিয়ে বসলাম শেষমেশ।গাড়ি ছাড়ল। চারদিকে অন্ধকার, বাঁয়ে সমুদ্রের আগ্রাসী গর্জন আর ডানে দৈত্যাকৃতির কালো পাহাড় দণ্ডায়মান। হঠাৎ মিমি দাঁড়িয়ে উঠল। গাড়ি থামান, গাড়ি থামান। ম্যাডাম, আমার দামি শাল ফেলে এসেছি। ভাড়া করা গাড়ি মুহূর্তেই দাঁড়িয়ে গেল। মিমিকে জিজ্ঞেস করা হলো, শাল কোথায় ফেলে এসেছে, তা মনে আছে কি না?মিমি বলল, আচার কেনার সময় দোকানে ফেলে এসেছি। স্পষ্ট মনে আছে। ম্যাডাম মিমিকে একা ছাড়বেন না। একটি ছেলেকেও যেতে হবে সঙ্গে। ডাক পড়ল শরীফের।অনেকক্ষণ হলো শরীফ ও মিমির পাত্তা নেই। গাড়ির সবাই বিরক্ত। ফোন দিলাম এখনো আসছিস না কেন, শাল পেয়েছিস?জবাব এল শাল পেয়েছি ঠিক, কিন্তু পথ খুঁজে পাচ্ছি না। আমাদের মাথায় আগুন। বলে কী? রাস্তা পাচ্ছে না? নিজ আসন থেকে উঠে বেরোতে গেলাম। ম্যাডাম পথ আটকালেন। তোমাকে যেতে হবে না। ওরা নিজেরাই আসতে পারবে। পথ হারিয়েছে, এমন খবর ম্যাডামকে দিইনি। যদি রেগে যান। শরীফ আমার কাছের বন্ধু। আর বসে থাকতে পারলাম না। শরীফের সেই ভীত কণ্ঠ বারবার কানে বেজে উঠল। ম্যাডামকে না বলেই গ্লাস ফাঁক করে জানালা দিয়ে লাফিয়ে পড়লাম গাড়ি থেকে। সঙ্গেই ছিল ইমরান। তার নিষেধও মানলাম না। পেছন দিকে দৌড়াতে লাগলাম। ১০-১২ গজ দূরে যেতে না-যেতেই গাড়ির গর্জন শুনতে পেলাম। দাঁড়িয়ে পেছন দিক ফিরেই তো আমার চোখ কপালে উঠল। গাড়ি চলে যাচ্ছে। হাতের মুঠোফোন এলোপাতাড়ি চাপতে লাগলাম। কল দিলাম শরীফকে। রিসিভ করছে না। সাইলেন্ট। গাড়ির পেছনে পেছনে প্রাণপণে দৌড়াতে লাগলাম। ক্রমেই লাল আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগল। হঠাৎ গাড়ি থামল। দৌড়ে গাড়ির কাছে গেলাম। শরীফ নেমে এল আমার দিকে। ঠিক আছি কি না জিজ্ঞেস করল। আর ইশারায় বলল তাড়াতাড়ি গাড়িতে উঠতে।ম্যাডাম এ-১ নম্বর সিটে বসেছিলেন। দরজা দিয়ে উঠলে ম্যাডামের বকা খাওয়ার কথা ভেবে জানালা দিয়েই প্রাণপণে লাফিয়ে উঠতে লাগলাম।ম্যাডাম ততক্ষণে শরীফকে দাঁড় করিয়েছেন। কোথায় এখলাছ? শরীফ বলল, ম্যাডাম, সব ঠিক আছে। ম্যাডাম সিট থেকে দাঁড়িয়ে পেছন দিকে আমার সিটে তাকিয়ে বললেন, এখলাছ আছে নাকি? ততক্ষণে আমার মাথা ও দেহ গাড়িতে আর পা জানালার বাইরে। পা বাইরে রেখেই স্থির হয়ে রইলাম। আর শান্ত কণ্ঠে বললাম, জি ম্যাডাম।ম্যাডাম সবার উদ্দেশ্যে বললেন, ‘এখলাছ নামতে চেয়েছিল, ওকে আমি নামতে দিইনি। ও নামবে কীভাবে?’সবার বিস্ময়ের দৃষ্টি আমার দিকে। আমার মুখে তখন বিজয়ের হাসি।মো. এখলাছ উদ্দিন বাংলা বিভাগ, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।