
গত ১ জুলাইয়ের কালো রাতের পর এক মাসের বেশি সময় পেরিয়েছে। একদল ধর্মান্ধ, বিকারগ্রস্ত ও অনুভূতিশূন্য তরুণ সে রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা করেছিল। ‘বিদেশিদের’ হত্যা করাই ছিল তাদের উদ্দেশ্য। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী সে রাতে বেশির ভাগ বাংলাদেশিকে রেহাই দেওয়া হয়েছিল। কেবল ফারাজ হোসেন ও ইশরাত আখন্দ ছাড়া। তাঁদের পাশাপাশি হত্যা করা হয় ভারতীয় নাগরিক তারিশি জৈন এবং মার্কিন নাগরিক অবিন্তা কবীরকেও।
গুলশানের ওই হামলা সম্পর্কে নানা গুজব শোনা যায়। এর মধ্যে অবিন্তাকে নিয়েও একটা গল্প আছে: ‘তিনি আমেরিকান নাগরিক, এ কথা স্বীকার করেছিলেন বলেই হামলাকারীরা তাঁকে মেরে ফেলে।’ অবশ্য এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী বিবরণ মেলেনি যে তিনি সত্যিই নিজেকে মার্কিন বলেছিলেন। প্রতিটি প্রতিবেদনে বলা হয়েছে, গুলশান হামলায় নিহত ব্যক্তিদের নয়জন ইতালীয়, আট জাপানি, এক ভারতীয়, দুই বাংলাদেশি ও একজন মার্কিন নাগরিক—অবিন্তা।
এই বিবরণ অবিন্তার পরিবারকে যন্ত্রণা দিয়েছে। আর অবিন্তাকে যাঁরা ভালো করে চিনতেন, তাঁরাও বিস্মিত হয়েছেন। তাঁদের মতে, অবিন্তা আপনার-আমার মতোই একজন। তাঁর মধ্যে মোটেও আমেরিকান ভাবভঙ্গি ছিল না। তবে হ্যাঁ, তাঁর একটা মার্কিন পাসপোর্ট ছিল। কিন্তু এ রকম তো আমাদের দেশের অনেকেরই আছে। একজন ব্যক্তি বাস্তবিক কারণে বিদেশি নাগরিকত্ব নিতে পারেন। তার মানে এই নয় যে তিনি নিজের শিকড় আর জন্মভূমিকে ত্যাগ করেছেন।
তবে কেন অবিন্তার বাংলাদেশি নাগরিকত্বের অধিকার অস্বীকার করা হচ্ছে? অতিসম্প্রতি কয়েকটি বাংলাদেশি সংবাদপত্র লিখতে শুরু করেছে তাঁর বাংলাদেশি পরিচয়ের কথা। সত্যিটা হলো, অবিন্তার জন্ম বাংলাদেশেই। তিনি মাত্র দুই বছর বয়সে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। আর ১০ বছর বয়সে বাংলাদেশে ফিরে আসেন। তারপর থেকে তিনি ঢাকায়ই থাকতেন। ২০১৫ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাস করেন। তারপর চলে যান কানাডায়, স্নাতক শিক্ষার্থী হিসেবে ইমোরি কলেজে পড়তে।
কিন্তু অবিন্তা কে ছিলেন? আমি ব্যক্তিগতভাবে তাঁকে চিনতাম না। কিন্তু তাঁর মৃত্যুর পর থেকে আমি কয়েকবার তাঁর পরিবারের কাছে ছুটে না গিয়ে পারিনি। তাঁদের সঙ্গে দুঃখ বিনিময়ের যত্সামান্য চেষ্টাও করেছি। জানতে পারলাম, অবিন্তা ছিলেন মাত্র ১৯ বছর বয়সী চমৎকার, আকর্ষণীয় ও বুদ্ধিদীপ্ত একজন। পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা এই তরুণী বাস্কেটবল খেলতে ভালোবাসতেন। মা-বাবার একমাত্র আদরের সন্তান তিনি। তাঁর দাদি নীলু মুর্শেদ বলেন, ‘অবিন্তা দেশে ফেরার জন্য অধীর হয়ে থাকত। পরীক্ষা শেষ হলেই তড়িঘড়ি করে ঢাকার ফ্লাইটে উঠে পড়ত। দেশি খাবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব আর নিজের দেশ ছিল তার খুব পছন্দের। এখানকার কোলাহল, আবর্জনা আর যানজট নিয়ে তার কোনো বিরক্তি ছিল না। কারণ, নিজের দেশকে সে যাবতীয় দোষত্রুটি সহযোগেই ভালোবাসত। আর এখানেই সে থাকতে চেয়েছিল সব সময়। তার স্বপ্ন ছিল এ দেশে একদিন পাকাপাকিভাবে ফিরে এসে অভাবী মানুষের জীবন বদলে দেওয়ার চেষ্টা শুরু করবে।’
>

অবিন্তা ছিলেন মাত্র ১৯ বছর বয়সী চমৎকার, আকর্ষণীয় ও বুদ্ধিদীপ্ত একজন। পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা এই তরুণী বাস্কেটবল খেলতে ভালোবাসতেন
এই অল্প বয়সেই বাংলাদেশ এবং এখানকার মানুষের প্রতি একধরনের গভীর দায়বদ্ধতা অবিন্তার মধ্যে তৈরি হয়েছিল। কলেজের আবাসিক ভবনের নিজ ঘরটিতে তিনি বাংলাদেশের বড় একটা পতাকা লাগিয়ে রেখেছিলেন। ক্লাসের একটা অ্যাসাইনমেন্টে লিখেছিলেন:
‘বাংলাদেশের সাধারণ মানুষকে সাংঘাতিক কঠোর পরিশ্রম করে টিকে থাকতে হয়। ব্যাপারটা আমাকে গভীরভাবে স্পর্শ করে। বহু শতাব্দীর অপরিকল্পিত বিকাশ, মারাত্মক কিছু কুসংস্কার এবং শিক্ষার অভাবই এমন অবস্থার কারণ। আমি বুঝতে পারি এসব সমস্যার অধিকাংশই সমাধানযোগ্য। তবে কাজটা বেশ জটিল। আর তাতে সাফল্যের জন্য সমন্বিত পরিকল্পনা, সুদূরপ্রসারী শিক্ষা, কার্যকর উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন। আমি উপলব্ধি করি, এ রকম পরিস্থিতিতে দেশের হয়ে কাজ করতে হবে আমাকে। দেশ এবং দেশের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য আমি সব রকমের চেষ্টা করতে চাই।’
অবিন্তার আরেকটা ভালোবাসার বিষয় ছিল বাস্কেটবল। মাত্র তিন বছর বয়সে তিনি এই বল হাতে নেন। তখন থেকেই নিষ্ঠার সঙ্গে এটা ভালো খেলতে শুরু করেন। এই খেলার সময় তাঁকে বেশ উৎফুল্ল দেখাত। আর সব কাজের মতোই এখানেও তিনি নিজের সবটুকু চেষ্টা উজাড় করে দেন। তাঁর আরেকটি লেখার উদ্ধৃতি দিচ্ছি, ‘যখন আমি আমার স্কুলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে একটা খেলায় সর্বোচ্চ স্কোর অর্জন করলাম, সত্যিকার অর্থে বুঝতে পারলাম কঠোর পরিশ্রম করলে সবই সম্ভব। সামনের সারির একজন খেলোয়াড় হিসেবে আমি নিজের মধ্যে নেতৃত্ব দেওয়ার বৈশিষ্ট্যগুলো দেখতে শুরু করলাম, অন্যেরাও। সতীর্থরা আমার বিচারবোধ আর পরামর্শের ওপর ভরসা রাখতে শুরু করল। একসময় আমি বেশি বয়সী খেলোয়াড়দের দক্ষতা আর মেধা দেখে ভয় পেতাম। সেই আমিই এখন দলের একজন অপরিহার্য সদস্য হয়ে গেলাম। খেলাটির প্রতি আমার ভালোবাসা আর লক্ষ্যে পৌঁছানোর অধ্যবসায়ের কারণেই এটা সম্ভব হয়েছে।’
অবিন্তা চমৎকার একটা পরিবেশে বড় হয়েছিলেন। সেখানে ছিল অন্যের প্রতি ভালোবাসা, যত্ন আর সম্মান। তিনিই ছিলেন পরিবারটির প্রাণ। তাঁকে ঘিরেই ছিল ওই পরিবারের মানুষের পৃথিবী। শোকজর্জর দাদি তাঁকে ‘টুনটুন’ বলে ডাকতেন। তিনি বললেন, ‘অবিন্তা মাত্র ১৯ বছর বাঁচতে পেরেছে। কিন্তু এই সময়েই সে আমাদের একটা সুখের জীবন উপহার দিয়েছিল।’
অবিন্তার মায়ের দুঃখটা তো কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাঁর সমস্ত জগৎটাই ছিল অবিন্তাকে ঘিরে। তিনি অবিন্তাকে আদর-যত্নে বড় করে তুলেছেন, নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন। পাশাপাশি নিজস্ব মূল্যবোধগুলোও শিখিয়েছেন। ফলে অবিন্তা একজন দৃঢ়চেতা, কঠোর পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং সমাজ-সচেতন মানুষ হতে পেরেছিলেন।
এমন একটা শূন্যতাকে কীভাবে পূরণ করবেন তাঁরা? অবিন্তার পরিবারের প্রশ্ন, কেন তাঁদের মেয়েটাকেই হত্যা করা হলো? কোনো উত্তর নেই এ প্রশ্নের। তার চেয়ে বড় প্রশ্ন, ‘বাংলাদেশে কীভাবে এমনটা ঘটল?’ সেই প্রশ্নেরও নেই কোনো জবাব। এক মাস পেরিয়ে আমরা সেই কালো রাতের হত্যাকাণ্ডের শিকার সবাইকে স্মরণ করি। কৃতজ্ঞতার সঙ্গে সেই জাপানি নাগরিকদের স্মরণ করি, যাঁরা মেট্রো রেল নির্মাণ প্রকল্পে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন। আমরা ইতালীয় নাগরিকদের স্মরণ করি, যাঁরা এখানে ব্যবসার বিকাশ এবং মানুষের জীবন পরিবর্তনের কাজ নিয়ে এসেছিলেন। সেই পিত্জা শেফকেও স্মরণ করি, স্মৃতিচারণামূলক লেখালেখি ও বিবৃতিতে যিনি যথেষ্ট গুরুত্ব পাননি। আমাদের দেশের দুই সাহসী পুলিশ সদস্যকেও স্মরণ করি, যাঁরা জিম্মিদের বাঁচাতে জীবন দিয়েছেন।
অবশেষে, বলছি ফারাজ, তারিশি ও ইশরাতের উদ্দেশে—তোমরা প্রত্যেকেই ছিলে একেকটি অমূল্য রত্ন। নিজেদের কাজের মাধ্যমে সমাজে অনেক অবদান রাখতে পারতে। কিন্তু আমরা তোমাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছি। প্রিয় অবিন্তা, আমি তোমাকে জানতে পেরেছি তোমার দাদি আর অনন্য মায়ের মাধ্যমে। তুমি হলে সেই তারাটার মতো, যা আলোকিত হয়ে আকাশকে উজ্জ্বল করে তোলে। কিন্তু লুকিয়েই থাকে অধিকাংশ সময়। তাই তুমি সেই ওপরে রয়েছ, কিন্তু আমরা দেখতে পাই না। তুমি সত্যিকারের একজন বাঙালি, একজন বাংলাদেশি। নইলে কি একজন ১৯ বছরের মানুষ বলতে পারে, ‘বাঙালি হিসেবে আমার জন্মগত অধিকার নিয়ে গর্ব করা উচিত।’
শাহীন আনাম: নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন
৫ আগস্ট দ্য ডেইলি স্টার–এ প্রকাশিত লেখার অনুবাদ (সংক্ষেপিত)