অবিলম্বে বক্স খাট নিষিদ্ধ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং দেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। মানুষের মনে আতঙ্কের শেষ নেই। অবস্থা এতই ভয়াবহ যে, কেউ কেউ মোবাইল ভাইব্রেট করলেও ভূমিকম্প হচ্ছে ভেবে খাটের নিচে ঢুকে পড়ে। আগে বাড়িওয়ালা ভাড়া চাইতে এলে ভাড়াটে খাটের নিচে লুকিয়ে থাকত। এখন ঢুকছে ভূমিকম্পের ভয়ে। শুধু তা-ই নয়, ভূমিকম্পের ভয়ে কম্পিত হয়ে অনেকের রাত-দুপুরের আরামের ঘুমসহ অফিসের কাজের ফাঁকে দেওয়া ঘুমও হারাম হয়ে গেছে। হারাম হওয়ারই কথা। বাড়িতে মেহমান বলে-কয়ে আসতে পারে, কিন্তু ভূমিকম্প তো আর কাউকে জানিয়ে আসে না। তা ছাড়া আমাদের আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাস দিলেও ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে না। ‘আগামীকাল দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প হবে’—আবহাওয়া অফিস এমন ঘোষণা দিলে যে কেউ বুঝতে পারত, আগামীকাল কোনো ভূমিকম্পই হবে না। আর ‘আগামীকাল দেশের কোথাও ভূমিকম্পের আশঙ্কা নেই’—এই ঘোষণা দিলে সবাই বুঝে নিত, ভূমিকম্প হবে। কী চমৎকার একটা ব্যবস্থা! তবে এ ব্যবস্থা এখনো চালু না হওয়ায় জনমনে স্বস্তি আসছে না। আসার কোনো কারণও নেই। ভূমিকম্প হলে মানুষ যাবে কোথায়? বিশেষজ্ঞরা বলেছেন, ভূমিকম্প হলে দ্রুত খাটের নিচে চলে যেতে হবে। কিন্তু তাঁরা জানেন না যে আজকাল অধিকাংশ মানুষ বক্স খাট ব্যবহার করে এবং বক্স খাটের নিচে তেলাপোকা-পিঁপড়া ঢুকতে পারলেও মানুষ ঢুকতে পারে না। খাটের নির্মাতারাও এ জাতীয় সমস্যা নিয়ে ভাবছে না। অতএব, সরকারের উচিত, অতিদ্রুত বক্স খাট নিষিদ্ধ করে ভূমিকম্প প্রতিরোধক খাট তৈরির জন্য খাট নির্মাতাদের আদেশ দেওয়া। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তা ছাড়া...থাক, অধিক কথা বলার সার্থকতা নেই। যেকোনো সময় ভূমিকম্প হতে পারে। দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়াই উত্তম। বিদায়।