অবিশ্বাসের চক্রে তুর্কি-কুর্দি সম্পর্ক
তুরস্কের সেনাবাহিনী ও পুলিশের চৌকিতে বড় ধরনের হামলা চালিয়ে আবার খবর হয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। ১৯৯৩ সালের পর তুর্কি নিরাপত্তাবাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় ধরনের হামলা। ১৯ অক্টোবরের ওই হামলায় ঝরেছে ২৬টি প্রাণ। পিকেকের এ হামলা প্রমাণ করেছে ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও শান্তি উদ্যোগের অগ্রগতি হচ্ছে না।পিকেকের জন্য এটা অবশ্য নতুন কিছু নয়। ব্যাপক ক্ষতি করার মতো হামলা চালানোর ক্ষমতা যে তাদের রয়েছে, তা অনেক আগেই প্রমাণ করেছে তারা। গত বছরের জুনে এ রকম এক রাতের হামলায় ১৩ জন তুর্কি সৈন্যকে হত্যা করে পিকেকে। এরপর সেনাবাহিনীকে আরও সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করে তুরস্কের সরকার। সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের মাধ্যমে যোগ দেওয়া তরুণ সেনাদের বিদ্রোহ দমন কাজের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেনাবাহিনীর সম্ভাব্য কৌশলগত ত্রুটির চেয়ে যে প্রশ্নটি আরও বড় হয়ে দেখা দিয়েছে তা হলো, গত চার মাস ধরে পিকেকে কেন সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা তীব্রতর করছে? তা ছাড়া তুরস্কের সরকার বারবার বিরোধ মিটিয়ে ফেলার আগ্রহ প্রকাশ করে এলেও তারা কেন কুর্দি জাতীয়তাবাদী নেতাদের বিরুদ্ধে আদালতের কঠোর আচরণ বন্ধ করতে ব্যর্থ হচ্ছে? অনেকবারই সম্ভাব্য শান্তির সুযোগ আশা জাগিয়ে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। ২০০৯ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান তুরস্ক রাষ্ট্রের সঙ্গে দেশের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী কুর্দিদের সম্পর্কের নতুন সূচনার এক নজিরবিহীন প্রস্তাব দেন। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আটজন পিকেকে যোদ্ধাসহ ৩৪ জন কুর্দি অধিকারকর্মী ইরাক থেকে সীমান্ত পেরিয়ে তুরস্কে চলে আসেন এবং কর্তৃপক্ষের কাছে নিজেদের সোপর্দ করেন। কুর্দিদের দিক থেকে এটা ছিল তুর্কি সরকারের মনোভাব যাচাই করার একটি পরীক্ষা। তুর্কি সরকার ওই ৩৪ কুর্দির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে মুক্তি দেয়। তবে এতে হয় হিতে বিপরীত। লাখো কুর্দি বিজয় আনন্দ প্রকাশ করে মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানায়। এ ঘটনা তুর্কি জনগোষ্ঠীর মধ্যে তীব্র জাতীয়তাবাদী প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তুরস্ক সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণকে আগে থেকে না বুঝিয়েই অপরিকল্পিত ওই শান্তি উদ্যোগ নিয়েছিল। ২০০৯ সালের শেষের দিকে কুর্দিদের প্রধান দলটিকে সাংবিধানিক আদালতের মাধ্যমে সপ্তমবারের মতো নিষিদ্ধ করা হয়। এ ছাড়া কুর্দি সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে কঠোর সন্ত্রাস দমন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়। চলতি বছরের জুনে সাধারণ নির্বাচনের পর একই পরিস্থিতির সৃষ্টি হয়। ওই নির্বাচনে কুর্দি প্রার্থীরা ভালো ফল করেছিল। ফলে পার্লামেন্টে কুর্দিদের দাবি-দাওয়া পেশ করার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু একটি আদালত নির্বাচিত এক কুর্দি সাংসদের আসন বাতিল করে তা ক্ষমতাসীন দল একেকে দিয়ে দেন। ফলে পরিস্থিতি বিষিয়ে ওঠে। এ ঘটনার প্রতিবাদে কুর্দি সাংসদেরা পার্লামেন্ট বয়কট করেন। তুরস্কের সবচেয়ে সফল গণতান্ত্রিক দল একে এবং কুর্দি নেতাদের মধ্যে কখনোই কোনো গঠনমূলক আলোচনা হয়নি। তারা একে অপরের কথা না শুনে একতরফা কথা বলেছে বা চিৎকার করে গেছে। তবে উভয়পক্ষই স্বীকার করেছে যে, সামরিক পথ অনুসরণ করে উভয়পক্ষের কেউই লাভবান হয়নি। অথচ এএকে পার্টিই প্রথম দল হিসেবে কুর্দিদের দুঃখ-দুর্দশার ব্যাপারে মনোযোগী হওয়ার চেষ্টা করেছে। কুর্দিদের আত্মপরিচয় প্রকাশের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কিছুটা শিথিলও করেছে তারা। ৯০-এর দশকে কুর্দি সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। বেকারত্ব, দারিদ্র্য ও বৈষম্যের মতো সমস্যা তা আরও ঘনীভূত করে। এর পরও অসংখ্য তুর্কি মানুষের মধ্যে কুর্দি জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি এমনই বদ্ধমূল বিদ্বেষ, যদি কোনো সরকার কুর্দিদের সঙ্গে মধ্যস্থতা করার পদক্ষেপ নেয়, তবে তাদের অনেক ভোট হারানোর সম্ভাবনা রয়েছে। কুর্দি ইস্যুতে নেতৃত্বের অভাবে শূন্যতা তৈরি হয়েছে। সেটি এখন পূরণ করছে কট্টরপন্থী সশস্ত্র পিকেকে। অনেকেই মনে করেন ভবিষ্যৎ শান্তি উদ্যোগ বানচাল করার মতলব ছাড়া সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে পিকেকের হামলা জোরদারের আর কোনো কারণ খুঁজে পাওয়া মুশকিল। কৌশিক আহমেদ