অবিস্মরণীয় বিশ্বকাপ অভিষেক চট্টগ্রামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিশ্বকাপ সংগ্রামের ফসল। সংগ্রামের ইতিহাস পুরোনো। ব্রিটিশবিরোধী আন্দোলন—বিপ্লবী সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্তের বীরগাথা, সেই ধারাবাহিকতায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন। সবখানেই একধাপ এগিয়ে চট্টগ্রাম। কিন্তু বিশ্বকাপের গৌরবময় অংশীদার হওয়া নিয়ে চট্টগ্রামের সংশয় ছিল? তাই তো বিশ্বকাপ ভেন্যুর দাবিতে ভিন্নধর্মী আন্দোলন হয়েছে চট্টগ্রামে। অবশেষে ভেন্যু প্রাপ্তি। তারপর বিজয় দেখা, বিজয়গাথা রচনা। বিশ্বকাপে চট্টগ্রামের অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল অবিস্মরণীয় এক জয়ে। কী আশ্চর্য! দুঃসাহসিক এক যুদ্ধে গোটা ভারতবর্ষে চট্টগ্রামের বিপ্লবীরাই এঁকে দিয়েছিলেন জয়টিকা, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে। সেই চট্টগ্রামেই সেই ইংল্যান্ডকে আরেকবার ভূপাতিত করল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৮ রানের বিভীষিকার পর আত্মবিশ্বাসের তলানিতে চলে যাওয়া বাংলাদেশ নতুন করে শুরু করার রসদ পেল। বাঁচিয়ে রাখল কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। সেই স্বপ্নের দোলায় দুলেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সাগরিকা থেকে বাকলিয়া, সদরঘাট থেকে কালুরঘাট, চট্টগ্রাম থেকে পুরো দেশে ক্রিকেটের রং ছড়িয়ে পড়ে। রাতের নীরবতা ভেঙে জয়ের আনন্দে সবাই পথে নেমে এসেছিল। তরুণ-তরুণী, মুটে-মজুর—সবাই ছিলেন আনন্দমিছিলে, গলায় গলা মিলিয়ে একটাই স্লোগান দিয়েছেন তাঁরা ‘বাংলাদেশ, বাংলাদেশ’। সীমাহীন সাফল্যে আনন্দের মাত্রাও সীমা ছাড়িয়ে যায় কখনো। তাই রাস্তায় চলন্ত গাড়ির ছাদে চলেছে ‘ঝুঁকিপূর্ণ উল্লাস’, মোটরসাইকেলে চড়ে নগর পরিভ্রমণ, আরও কত কী! দুই দিন আগে দুয়োধ্বনি দেওয়া টাইগারদের একটু দেখার জন্য রাস্তায় রাস্তায় ভিড়। রাত দুইটা-আড়াইটা পর্যন্ত মানুষের দখলে ছিল ক্রিকেটারদের হোটেলে ফেরার পথ। অবিস্মরণীয় জয়ের পর দর্শকদের প্রতিক্রিয়াটা স্মরণীয় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জয় তো অস্বাভাবিকও ছিল, ৭০-এর ঘরে তিন কিংবা ১৬০ রানে আট উইকেট যাওয়ায় জয়টা অপ্রত্যাশিতও ছিল। কিন্তু আয়ারল্যান্ডের সঙ্গে জয়টা স্বাগতিকদের প্রত্যাশিতই ছিল। কিন্তু সেই ম্যাচে কঠিন লড়াইয়ের পর জয়ের আনন্দ বেড়ে যায়। সেই জয়ের পরও মিছিল হয়েছিল। কিন্তু তা কোনোভাবেই ইংল্যান্ড-বধ্ কাব্যের মতো নয়।ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামপাড়া ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে। স্টেডিয়াম থেকে দলে দলে লোকজন মিছিল নিয়ে বের হতে থাকে। হাতে তাঁদের জাতীয় পতাকা ও গায়ে লাল-সবুজ জার্সি। তাঁদের সঙ্গে যোগ দেয় স্টেডিয়ামের আশপাশের মানুষও। রাজেশ, অলক, শায়লা, চুমকিরা জয়ের আনন্দে যেন ভাষায় হারিয়ে ফেলছিলেন। আনন্দে উদ্বেল জনতা কখনো হেসেছে, কখনো ফেলেছে দুফোঁটা আনন্দাশ্রু। মনে রাখার মতো বিষয়—দর্শকদের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ‘চট্টগ্রাম সফল’। প্রথম টেস্ট জয়ের ইতিহাস এই চট্টগ্রামে। সেদিনও মানুষ এভাবে রাস্তায় নেমেছিল। কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট জয়ের আঁচটা আগের দিনই পেয়েছিল মানুষ। তাই পঞ্চম দিনে যখন বিজয় এল, ততক্ষণে উচ্ছ্বাস কিছুটা ফিকে হয়ে পড়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জয়টা উত্তেজনায় ঠাসা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি নিজেদের করে নিতে পারার কৃতিত্ব সাকিব বাহিনীর। তাই তো তাঁদের প্রতি মানুষের এত ভালোবাসা, এত উল্লাস। চট্টগ্রামবাসীর কাছে উল্লাসের মাত্রা আরও বেশি। কারণ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্বকাপে এখন পর্যন্ত স্বাগতিকদের সাফল্য শতভাগ। গতকাল শনিবার রাত আটটায় নেদারল্যান্ড দল এসে গেছে চট্টগ্রামে। বন্দরনগরে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ কাল। বাংলাদেশকে চট্টগ্রামের দেওয়ার আছে আরও কিছু, নেদারল্যান্ডের বিপক্ষে আরেকটা মধুর জয়। তাতে যে অধরা কোয়ার্টার ফাইনালের স্বপ্নপূরণ হয়, এ জন্য সাকিব-তামিম-মাহমুদউল্লাহর দিকে তাকিয়ে আছে ১৬ কোটি মানুষ। আবার কি হাসবে সুহাস, হাসবে বাংলাদেশ!