
কক্সবাজার শহরের মা ও শিশু কল্যাণকেন্দ্রে চার বছর ধরে বন্ধ রয়েছে অস্ত্রোপচার। ফলে ভোগান্তিতে পড়ছেন প্রসব বেদনা নিয়ে আসা নারীরা। স্বজনেরা কাউকে নিয়ে ছোটেন বেসরকারি ক্লিনিকে। যাঁদের সামর্থ্য নেই, তাঁরা রোগী নিয়ে যান সদর হাসপাতালে।
রোগীর স্বজনদের অভিযোগ, এমন সময় রোগী নিয়ে অন্য স্থানে ছুটতে হয়, যখন অবস্থা খুব খারাপ থাকে। এতে নবজাতক ও মা দুজনের অবস্থাই সংকটাপন্ন হয়ে পড়ে। অথচ পরিবার পরিকল্পনা বিভাগে আওতাধীন এই কেন্দ্রটি চালু করা হয় প্রসূতি মা ও শিশুদের পর্যাপ্ত সেবা দেওয়ার জন্য।
কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ও প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ মো. আলমগীর হোসেন সরকার প্রথম আলোকে বলেন, অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় এই কেন্দ্রে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। অবেদনবিদ নিয়োগের জন্য উচ্চ মহলে লেখালেখি করেও ফল পাওয়া যাচ্ছে না। তবে স্বাভাবিক প্রসব নিয়মিতই হচ্ছে এখানে। এ ছাড়া অন্যান্য সেবাও দেওয়া হচ্ছে।
২২ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত মা ও শিশু কল্যাণকেন্দ্রে অবস্থান করে দেখা গেছে নারীদের অবর্ণনীয় ভোগান্তি। প্রতিদিন এ কেন্দ্রে শতাধিক নারী সেবা নিতে আসেন। সেবা দিচ্ছেন একমাত্র চিকিৎসক।
বেলা ১১টার দিকে মা ও শিশুকেন্দ্রে গর্ভবতী স্ত্রীকে নিয়ে আসেন মহেশখালীর কুতুবজোম গ্রামের লবণচাষি মনছুর আলম। স্ত্রীকে কোলে করে নিয়ে দ্রুত কেন্দ্রের ভেতরে চলে যান। কিছুক্ষণ পর আবার স্ত্রীকে নিয়ে বেরিয়ে এলেন।
জানতে চাইলে মনছুর আলম বলেন, ‘সরকারি এই হাসপাতালে নাকি সিজার (অস্ত্রোপচার) বন্ধ। চিকিৎসক নেই। এখন স্ত্রীকে নিয়ে কোথায় যাব, ভেবে পাচ্ছি না। বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে গেলে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা লাগবে। এত টাকাও হাতে নেই।’
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকা থেকে আসা রিকশাচালক দিলোয়ার হোসেন বলেন, সকালে স্ত্রীর প্রসববেদনা শুরু হলে তাঁকে ঈদগাও স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখানে স্বাভাবিক প্রসব না হওয়ায় নিয়ে আসি মা ও শিশু কল্যাণকেন্দ্রে। কিন্তু এখানেও একই অবস্থা। এখন স্ত্রীকে নিয়ে অন্যত্র ছুটতে হচ্ছে।
স্থানীয় লোকজন ও সেবা নিতে আসা নারীদের অভিযোগ, বিনা মূল্যের এই কেন্দ্রে সন্তান প্রসব ও অস্ত্রোপচার হতো বলে কেন্দ্রটি গরিব মানুষের ভরসাস্থল হিসেবে পরিচিত ছিল। কিন্তু আশপাশে গড়ে ওঠা একাধিক বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ব্যবসা জমজমাট করার জন্য পরিকল্পিতভাবে এই কেন্দ্রের অস্ত্রোপচার বন্ধ রাখা হয়।
মা ও শিশু কল্যাণকেন্দ্র সূত্র জানায়, ১৯৯২ সালের ৪ ডিসেম্বর কেন্দ্রটি চালু হয়। এরপর থেকে প্রসূতি মা ও শিশুদের সেবা দিয়ে আসছে এটি। অস্ত্রোপচারও হয়েছে নিয়মিত। কিন্তু ২০১২ সালের শুরু থেকে অবেদনবিদ মামলু কান্তি কর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়। পরে একই বছরের ৩ অক্টোবর তাঁকে অন্যত্র বদলি করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত অবেদনবিদ নিয়োগ দেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের অস্ত্রোপচার কক্ষটি সুসজ্জিত। এতে সব ধরনের সরঞ্জাম রয়েছে।
কেন্দ্রের পরিদর্শক ডিজু পাল বলেন, আগে এই কেন্দ্রে অনেক নারী সেবা নিতে আসতেন। এখন স্বাভাবিক প্রসবের জন্য দিনে দুই থেকে তিনজন নারী আসছেন। অস্ত্রোপচার করাতে না পারায় গত ২০ দিনে রোগী ফিরে গেছে অন্তত ১৫ জন।
এ ব্যাপারে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান জানান, এই উপজেলার প্রসূতিসেবা দেওয়ার জন্য ছয়টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এর মধ্যে পিএমখালী, খুরুশকূল, জালালাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নের চারটি কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসূতিসেবা দেওয়া হচ্ছে। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় চৌফলদণ্ডীর একটি এবং বিদ্যুৎ–সংযোগ না থাকায় ভারুয়াখালী ইউনিয়নের আরেকটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রয়েছে।
নাজমুল হাসান জানান, দুর্গম এলাকার গরিব নারীদের বিনা মূল্যে প্রসূতিসেবা দেওয়ার জন্য শহরের মা ও শিশু কল্যাণকেন্দ্রটি চালু হয়। অথচ একজন অবেদনবিদের কারণে চার বছর ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।