অবৈধ অটোরিকশার ছড়াছড়ি
নতুন সিএনজি অটোরিকশা রাস্তায় চলাচলের ওপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। কিন্তু সেই আদেশ না মেনেই চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে অবাধে চলছে প্রায় আড়াই হাজার নিবন্ধনবিহীন নতুন সিএনজিচালিত অটোরিকশা। অভিযোগ রয়েছে, সাংবাদিক পরিচয়দানকারী কিছু ব্যক্তি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নামে চলছে এসব অটোরিকশা। ক্ষেত্রবিশেষে পুলিশও এসব গাড়ি সড়কে অবাধে চলাচলের সুযোগ করে দিচ্ছে।
অবশ্য পুলিশের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘অবৈধ সিএনজি অটোরিকশাগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিচ্ছি। আমাদের অভিযান চলছে। বেআইনিভাবে রাস্তায় চলার কোনো সুযোগ পাবে না কেউ।’
বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. জামাল উদ্দিন বলেন, ‘আদালতের আদেশের বাইরে লাইসেন্সবিহীন কোনো সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় চলার সুযোগ নেই। এগুলো সবই অবৈধ।’
অনুসন্ধানে জানা যায়, নতুন সিএনজি অটোরিকশার নিবন্ধন বন্ধ থাকায় কয়েকটি সমিতি ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক পরিচয়দানকারী কিছু ব্যক্তি এগুলো চলাচলের সুযোগ করে দেওয়ার নামে ব্যবসা করছে। অভিযোগ রয়েছে, রাস্তায় চলাচলের খরচ বাবদ প্রতিটি সিএনজি অটোরিকশার মালিকের কাছ থেকে প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা করে আদায় করা হয়। আবার এগুলোর বেশির ভাগের মালিকানায় রয়েছে তথাকথিত সাংবাদিক এবং কিছু পুলিশ কর্মকর্তা। এসব সিএনজি অটোরিকশার পেছনে নম্বরপ্লেটের জায়গায় লেখা রয়েছে: চট্টমেট্রো-থ-১২-এএফআর (অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন), চট্টমেট্রো-দ-১১-এএফআর প্রভৃতি।
চট্টগ্রাম নগরে প্রায় চার হাজার নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সদস্যভুক্ত এক হাজার ৫০০টি গাড়ি। বাকি আড়াই হাজার সিএনজি অটোরিকশা অবৈধভাবে রাস্তায় চলছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বেবিট্যাক্সিচালক ও সহকারী ইউনিয়নের ২০০টি, জেলায় চলাচলের অনুমতি পাওয়া গ্রাম গাড়ি হিসেবে পরিচিত ৩০০টি, ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কেনা (প্রাইভেট) ২০০টি এবং ব্যক্তিগত মালিকানার প্রায় এক হাজার ৮০০টি সিএনজি অটোরিকশা।
বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) সূত্রে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর পুরোনো সিএনজি অটোরিকশার চলাচল উপযোগিতা (ইকোনমি লাইফ) শেষ হয়ে যায়। এরপর তা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। ইতিমধ্যে সরকার ঢাকা মহানগরে পাঁচ হাজার এবং চট্টগ্রাম মহানগরে চার হাজার নতুন সিএনজি অটোরিকশা নামানোর পরিকল্পনার কথা জানা যায়। কিন্তু এ ব্যাপারে বিভিন্ন সিএনজি অটোরিকশা মালিক সমিতির পক্ষ থেকে উচ্চ আদালতে রিটের কারণে নতুন করে নিবন্ধন–প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
ফোর স্ট্রোক সিএনজি থ্রি হুইলার অটোরিকশা সাধারণ মালিক ঐক্য পরিষদ গত বছরের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে নতুন করে সিএনজি অটোরিকশা না নামানোর ব্যাপারে উচ্চ আদালতে রিট করে। এরপর আদালত প্রথমে তিন মাসের স্থগিতাদেশ জারি করেন। এভাবে ঐক্য পরিষদ আরও চারবার রিটের মাধ্যমে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে। সর্বশেষ গত মাসে তাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১ সেপ্টেম্বর থেকে আরও ছয় মাস পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম ফোর স্ট্রোক সিএনজি থ্রি হুইলার অটোরিকশা সাধারণ মালিক ঐক্য পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা পুরোনো সিএনজি অটোরিকশাগুলোর ৩০ বছর পর্যন্ত চলার উপযোগিতা (লাইফ টাইম) দাবি করে উচ্চ আদালতে রিট করেছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়, যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছি। আমাদের রিটের আলোকে আদালত গত ১ সেেপ্টস্বর থেকে আগামী ছয় মাসের জন্য পঞ্চমবারের মতো সিএনজি অটোরিকশা না নামানোর ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছেন। কিন্তু এর পরও চট্টগ্রাম নগরে লাইসেন্স ছাড়া প্রায় ছয় হাজার নতুন সিএনজি অটোরিকশা চলছে। এর বাইরেও প্রতিদিনই নতুন নতুন সিএনজি অটোরিকশা রাস্তায় নামছে।’