অবৈধ অস্ত্রের মহড়া ভোটাররা উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে খুব শিগগির শুরু হচ্ছে পুলিশের সাঁড়াশি অভিযান। উপজেলার ১৪টি ইউনিয়নের পাঁচটিতে প্রতি রাতে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভোটাররা রয়েছেন চরম আতঙ্কে। সন্ত্রাসীদের তৎপরতার কারণে গত এক সপ্তাহে দুইটি সহিংস ঘটনা ঘটে। ১৭ জুন ছনুয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়। ২০ জুন গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক ও আনোয়ারুল ইসলামের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। ভোটারদের অভিযোগ, বেশ কয়েকজন প্রার্থী এলাকায় প্রভাব বিস্তারের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, তাঁর প্রতিপক্ষ এক প্রার্থীর সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। এ কারণে তিনি ২৪ জুন থানায় সাধারণ ডায়েরি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, খুব শিগগির অবৈধ অস্ত্রধারীদের ব্যাপারে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের অভিযান চলবে। সন্ত্রাসীরা যে দলের হোক না কেন, তাদের কঠোর হাতে দমন করা হবে। বাঁশখালী নির্বাহী কর্মকর্তা খন্দকার হাসনাত বলেন, নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর অভিযান শুরু হবে।’