অবৈধ ইটভাটা দেখেও ফিরে গেলেন পরিবেশ কর্মকর্তারা!
ইটভাটার অবস্থান বনের পাশে। তার ওপর পাহাড় কেটে সংগ্রহ করা মাটি দিয়ে তৈরি হচ্ছিল ইট। বিষয়টি সরেজমিনে দেখেও ব্যবস্থা নেননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে আদর্শ গ্রামে বনের পাশেই জেডএসি নামের এই ইটভাটার অবস্থান। ইটভাটার মালিক জহির আহমদ স্থানীয় যুবলীগের সহসভাপতি। ৫ অক্টোবর দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওই ইটভাটা পরিদর্শন করে। কিন্তু অনিয়ম দেখেও কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে গেছে দলটি।
ইটভাটার মালিক জহির আহমদ স্থানীয় সাংবাদিকদের জানান, তিন বছর আগে পাহাড়ের পাদদেশে ব্যক্তিমালিকানাধীন জমিতে তিনি ইটভাটাটি তৈরি করেন। এখন পাহাড়ি টিলার মাটি কেটে ইট উৎপাদন করছেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেননি তিনি। ইটভাটার বিপরীতে নেই কোনো লাইসেন্স।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে পরিবেশ অধিদপ্তরের দলটি নাইক্ষ্যংছড়ি সদরে একটি বহুতল ভবনও পরিদর্শন করেন। ভবনটির মালিক সম্প্রতি দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়া নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ। স্থানীয় লোকজনের অভিযোগ, পাহাড় কেটে ভবন তৈরি করছেন তোফাইল।
তবে তোফাইল আহমদ এই অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তাঁর ভবনটি টিলার তৈরি হচ্ছে, পাহাড় কেটে নয়। ভবনে করার প্রয়োজনে একটু গর্ত খনন করা হয়েছে, যা পরিবেশের কোনো ক্ষতি করবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানান, উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা এবং ধুমধুম ইউনিয়নের আবুখাইয়া বনের ভেতরে অবৈধভাবে আরও তিনটি ইটভাটা স্থাপন করা হলেও পরিবেশ অধিদপ্তরের দলটি সেখানে যায়নি। তা ছাড়া অবৈধ ইটভাটা দেখেও ব্যবস্থা না নিরয়ে ফিরে গেলেন তাঁরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে জানান, বনের পাশে অবৈধভাবে তৈরি জেডএসি ইটভাটায় পাহাড় কেটে সংগ্রহ করা মাটি দিয়ে ইট তৈরি করতে দেখা গেছে। এ সময় ইটভাটার মালিকসহ কর্মচারীরা পালিয়ে গেছে। তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্গম পাহাড়ি এলাকা বলে অন্য তিনটি ইটভাটা পরিদর্শন করা সম্ভব হয়নি।
সরদার শরীফুল ইসলাম আরও জানান, তোফাইল আহমদ নিজের মালিকানাধীন টিলায় বহুতল ভবনটি তৈরি করছেন। এতে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়নি। তবে ভবনের ব্যাচ ঢালাইয়ের জন্য দুই ফুট করে টিলা খনন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে। নির্দেশ পেলে অবৈধ ইটভাটাসহ অন্যান্য স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।