অবৈধ করাতকল উচ্ছেদে গরজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা ২২টি অবৈধ করাতকল উচ্ছেদে প্রশাসনের গরজ নেই। এসব করাতকলের কারণে উজাড় হচ্ছে সংরক্ষিত পাহাড়ি বন। বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় এসব করাতকলের অবস্থান।
সর্বশেষ অভিযান চালানো হয় প্রায় দেড় বছর আগে। তখন প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ নয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করলেও কয়েক মাস না যেতেই সেগুলো আবার স্থাপন করা হয়। এসব ব্যাপারে নজরদারি নেই সংশ্লিষ্ট বিভাগের।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ সূত্রে জানা গেছে, বড় মহেশখালীতে তিন, হোয়ানকে পাঁচ, কালারমারছড়ায় সাত, শাপলাপুরে এক, কুতুবজোমে তিন, ছোট মহেশখালীতে এক ও মাতারবাড়িতে দুটি অনুমোদনহীন করাতকল রয়েছে। পাহাড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সংরক্ষিত বনের এক থেকে দুই কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে এগুলো। এসব করাতকলে স্থানীয় লোকজনের বসতভিটার গাছের পাশাপাশি সরকারি পাহাড়ের সেগুন, আকাশমনি ও গর্জন গাছ চেরাই করা হচ্ছে বলে অভিযোগ করেন বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজন।
কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকার বাসিন্দা নুরুল আমিন ও বেলাল হোসেন বলেন, বনদস্যুরা রাতের পাশাপাশি এখন দিনেও সরকারি গাছ কেটে করাতকলে চেরাই করছে। অথচ তা দেখার কেউ নেই।
করাতকলের মালিক আনছারুল করিম, মোহাম্মদ আলী ও নাসির উদ্দিন বলেন, ‘করাতকলের বৈধতা পেতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেশ কয়েক বার আবেদন করেও কোনো কাজ হয়নি। ফলে স্থানীয় জনগণের বসতভিটার গাছ চেরাই করার জন্য নিরুপায় হয়ে করাতকল বসিয়েছি।’ এতে কোনো সংরক্ষিত পাহাড়ি বনের গাছ চেরাই করা হচ্ছে না বলে তাঁরা দাবি করেন।
বন বিভাগ সূত্রে জানায়, ২০১২ সালের ৩০ জানুয়ারি, ৭ এপ্রিল ও ১২ মে তিন দফা প্রশাসনের সহযোগিতায় বনকর্মীরা অভিযান চালিয়ে নয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করে। এ ব্যাপারে বন বিভাগ অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে মহেশখালী বিচারিক হাকিমের আদালতে পৃথক নয়টি মামলা করে। মামলাগুলো এখনো বিচারাধীন।
বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, ২২ অবৈধ করাতকলের কারণে সংরক্ষিত বন রক্ষা উজাড় হচ্ছে। তাই অচিরেই প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে এসব অবৈধ করাতকলগুলো ফের উচ্ছেদ করা হবে। করাতকলের মালিকদের আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই করাতকলের লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু করাতকলগুলো সংরক্ষিত বনের ১০ কিলোমিটারের মধ্যে হওয়ায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা বাতিল করে দেয়।