রাউজানের ওপর দিয়ে বয়ে যাওয়া চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক দুটির ফুটপাত দখল করে নিয়েছে অবৈধ দখলদারেরা। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কের ওপর দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। একারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।সরেজমিনে দেখা গেছে, কাপ্তাই সড়কের মদুনাঘাট থেকে পাহাড়তলি এবং রাঙামাটি সড়কের সত্তারঘাট থেকে ঢালার মুখ পর্যন্ত সড়কের দুইপাশের দখলদারেরা পাকা, আধা-পাকা ভবন, বিপণিকেন্দ্র বিভিন্ন রকম স্থাপনা তৈরি করে ভাড়া দিয়েছে। রাঙামাটি সড়কের সর্বাধিক ব্যস্ততম বাণিজ্যিক এলাকার মধ্যে রয়েছে রাউজানের জলিলনগর ও গহিরা চৌমুহনী। এলাকা দুটি স্থানীয় পৌরসভার অধীন। গহিরা চৌমুহনীতে রাস্তার ওপর বসে বাজার। প্রতিদিন সৃষ্টি হয় যানজট। মুন্সিরঘাটা ও জলিলনগরে রাস্তার ওপর গাড়ির স্ট্যান্ড থাকায় একই অবস্থার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে পৌর মেয়র শফিকুল ইসলাম বলেন, ‘গহিরা চৌমুহনী সড়কের ওপর থেকে বাজার সরিয়ে নিতে স্থানীয় কাউন্সিলরকে অনুরোধ করা হয়েছে। পৌরসভা থেকে সড়কের বাইরে গাড়ির স্ট্যান্ড করার নির্দেশ দেওয়া আছে।’ কাপ্তাই সড়কের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাট সড়কের দুপাশ ঘেঁষে গড়ে তোলা হয়েছে দোকান। আছে কয়েকটি পাকা বিপণিকেন্দ্রও। বাজারে সরকারি-বেসরকারি মিলে ১০টি ব্যাংক, ডজনেরও বেশি বীমাসহ বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। অথচ এখানে কোনো ফুটপাত নেই। অধিকাংশ সড়কের জায়গার দখলদার স্থানীয় প্রভাবশালীরা। বাজারের ব্যবসায়ী রতন দাশ জানান, এত বড় বাজারে ফুটপাত না থাকায় প্রতিদিন কয়েক হাজার ভ্রাম্যমাণ মানুষ হাঁটেন ব্যস্ততম সড়কের ওপর দিয়ে। ব্যবসায়ী স ম জাফর উল্লাহ জানিয়েছেন, বাজারের তীব্র যানজট নিরসনে দৈনিক তিনজন ট্রাফিক পুলিশ কাজ করছেন এখানে। তবুও যানজট কমছে না। সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে রয়েছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। বাজারের এ অবস্থা প্রসঙ্গে স্থানীয় চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন স্থানে সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও নোয়াপাড়ায় রহস্যজনক কারণে তা হয়নি। এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সেগুন বড়ুয়া জানান, দখলদারেরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাঁরা কোনো কাজ করতে পারছেন না। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতা পেলে উচ্ছেদ কাজ করা সম্ভব হবে।