অবৈধ দোকান উচ্ছেদে শিগগিরই অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার পারকি সমুদ্রসৈকতের ঝাউবন ও বালুচর ঘিরে ৫০টির বেশি অবৈধ দোকানঘর গড়ে উঠেছে। এসব দোকান পরিণত হয়েছে বখাটে-ছিনতাইকারীদের আশ্রয়স্থলে। এসব অবাঞ্ছিত ব্যক্তির উৎপাতে বিব্রত ও ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকেরা। জানা গেছে, বন বিভাগ ও উপজেলা প্রশাসন এসব অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ নিয়েছে। বন বিভাগ প্রাথমিকভাবে তিনটি দোকানঘর উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসনের কাছে সুপারিশ করেছে।সরেজমিন দেখা যায়, পারকি সৈকতসংলগ্ন ঝাউবন ছাড়াও বালুচরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে অন্তত ৫০টি দোকান বসানো হয়েছে। এর মধ্যে একটি বসানো হয়েছে সৈকতে নামার পথ ঘেঁষে। ঝাউবনের গাছ কেটেও তৈরি করা হয়েছে দুটি দোকান। এসব দোকানের চারপাশে নানা আবর্জনার ছড়াছড়ি। একাধিক পর্যটক নাম প্রকাশ না করে বলেন, অপরিকল্পিত দোকান ও ময়লা-আবর্জনা সৈকত এলাকার সৌন্দর্য নষ্ট করছে। এ ছাড়া, বিশেষ করে সৈকতে নামার পথে এবং ঝাউবনের ভেতরে -বাইরে কোনো কোনো দোকানে বখাটেরা বসে নানা রকম অশোভন মন্তব্য করে। এতে পর্যটকেরা বিব্রতকর পরিস্থিতির শিকার হন। বন বিভাগ সূত্র জানায়, সম্প্রতি উপকূলীয় বন বিভাগের পক্ষ থেকে অবৈধভাবে তৈরি দোকানগুলো উচ্ছেদের ব্যবস্থা নিতে আনোয়ারা উপজেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। জানতে চাইলে বন্দর বন বিভাগের কর্মকর্তা মো. জুলফিকার বলেন, ‘আমরা পারকির অবৈধ দোকান উচ্ছেদ করতে যাচ্ছি। বিষয়টি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।’জানা গেছে প্রশাসন প্রাথমিকভাবে সৈকতে নামার পথের একটি এবং ঝাউগাছ কেটে তৈরি দুটি দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে। দোকানগুলোর মালিক হচ্ছেন যথাক্রমে মো. ইসমাইল, জালাল আহমদ ও আমির হোসেন।এদিকে শুধু তিনটি দোকান উচ্ছেদের সিদ্ধান্তের কথা জেনে ক্ষোভ প্রকাশ করেছেন দোকানি জালাল আহমদ ও আমির হোসেন। তাঁরা বলেন, ‘অনেকেই তো এখানে দোকান করেছেন, তাদেরগুলো বহাল থাকতে পারলে আমাদের অপরাধ কী?’জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘কয়েক দিনের মধ্যে আমরা পারকিতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালাব। আপাতত তিনটি দোকান উচ্ছেদ করা হলেও পর্যায়ক্রমে সব অবৈধ দোকান উচ্ছেদ করা হবে।’