অবৈধ বিলবোর্ডের জঞ্জাল সরাতে আবার অভিযান
নগরের অবৈধ বিলবোর্ড অপসারণে আবার অভিযান পরিচালনার উদ্যোগ নিচ্ছে সিটি করপোরেশন ও নগর পুলিশ। ১ জুন থেকে এ কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন অননুমোদিত ও নীতিমালাবহির্ভূত বিলবোর্ড ৩১ মে-র মধ্যে সরিয়ে নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। এর মধ্যে বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে অপসারণ না করলে করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।
গত শনিবার (১৬ মে) নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় নগর পুলিশ কমিশনারও অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে মালিকদের ১৫ দিনের সময় বেঁধে দেন। এ ছাড়া ১ জুন থেকে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, যাঁরা বিলবোর্ড অপসারণ করবেন না তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।
একই অনুষ্ঠানে উপস্থিত থাকা করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উিদ্দনও অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে জানান, নগরের বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের অনুমোদন না নিয়ে ও পরিমাপবহির্ভূত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
গত বুধবার বিভিন্ন দৈনিকে প্রকাশিত সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কোনো বিজ্ঞাপনী প্রতিষ্ঠান সিটি করপোরেশনের নীতিমালা ও পরিমাপবহির্ভূতভাবে বিলবোর্ড স্থাপন করেছে, যা কারিগরি দিক থেকে যথাযথ নয় এবং জানমালের জন্য ঝঁুকিপূর্ণ। এসব বিলবোর্ড ৩১ মে-র মধ্যে সরিয়ে নিতে হবে। তা না হলে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এসব বিলবোর্ড অপসারণ করে যাবতীয় সরঞ্জাম জব্দ করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেবে।
সিটি করপোরেশন ও নগর পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর সিটি করপোরেশন নগরের বিভিন্ন এলাকায় ৪২২টি অবৈধ বিলবোর্ডের তালিকা করে। গত বছরের ১৬ নভেম্বর সিটি করপোরেশনের সহযোগিতায় এসব বিলবোর্ড অপসারণ শুরু করে নগর পুলিশ। অবশ্য ৩ ডিসেম্বরের পর ‘অবৈধ বিলবোর্ড’ না থাকার অজুহাতে এই কার্যক্রম বন্ধ করে দেয় সিটি করপোরেশন। ওই সময় ১০টি অভিযানে ৬১টি বড় ও ২২টি ছোট আকারের বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযান শুরুর আগেই নিজ উদ্যোগে ৬৬টি বিলবোর্ড সরিয়ে মালিক প্রতিষ্ঠানগুলো।
এদিকে চলতি বছরের প্রথম দিন আবার অভিযান শুরু করে নগর পুলিশ। তবে দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ১১ জানুয়ারি তা বন্ধ হয়ে যায়। এ সময় চারটি অভিযানে ৩০টি বিলবোর্ড অপসারণ করা হয়। এ ছাড়া সিটি করপোরেশন নির্বাচনের আগে ২৬ এপ্রিল নির্বাচন কমিশনের নির্দেশে নগরের কাজীর দেউরি এলাকা থেকে ছয়টি বিলবোর্ড অপসারণ করা হয়।
চট্টগ্রাম নগরে আর কোনো বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হবে না জানিয়ে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উিদ্দন বলেছেন, ‘সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন করে কোনো বিলবোর্ডের অনুমতি না দিতে বলেছি। তা ছাড়া যেগুলো আছে সেগুলোর মেয়াদ যাতে বাড়ানো না হয়। আমাকে বিলবোর্ডের একটি তালিকা দেওয়া হয়েছে। অনেকে আকার পরিবর্তন করে বড় মাপের বিলবোর্ড স্থাপন করেছেন। অবৈধ বিলবোর্ডের পাশাপাশি সেগুলোও অপসারণ করা হবে।’
এদিকে বিলবোর্ড ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি আদালত নগরের বৈধ ও ট্যাক্স পরিশোধ করা হয়েছে এমন বিলবোর্ড অপসারণে ছয় মাসের নিষেধাজ্ঞা দেন। বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন ‘চিটাগং আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন’–এর প্রধান উপদেষ্টা ও নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুসহ আট ব্যবসায়ী এই রিট করেন।
মো. মহিউদ্দিন বাচ্চু প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন অবৈধ বিলবোর্ড অপসারণ করুক আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেসব বিলবোর্ডের জন্য ট্যাক্স পরিশোধ করি, তারা সেসব বিলবোর্ডও অবৈধ বলে উচ্ছেদ করে।’