অবৈধ বিলবোর্ড স্থাপন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদ অভিযানের মধ্যেও চট্টগ্রাম নগরে অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এ জন্য নগরের আট এলাকায় রাতের অন্ধকারে ১৩টি খুঁটি বসিয়েছেন বিলবোর্ড ব্যবসায়ীরা। এর মধ্যে একটি বিলবোর্ডে এক ব্যাংকের বিজ্ঞাপনী সাইবোর্ডও ঝোলানো হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সম্প্রতি অবৈধ বিলবোর্ডের নতুন তালিকা তৈরি করলেও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করেনি। গত বছরের জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত সিটি করপোরেশন অভিযান চালিয়ে ৬০টি বিলবোর্ড উচ্ছেদ করে।
এ ছাড়া অবৈধ বিলবোর্ডের মালিকেরা ওই সময়ের মধ্যে ৫১টি বিলবোর্ড সরিয়ে নেন। তালিকায় নতুন যুক্ত হওয়া বিলবোর্ড উচ্ছেদের জন্য মেয়রের অনুমোদন নেওয়ার প্রক্রিয়া চলছে বলে করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘অনুমতি না নিয়ে বিলবোর্ড স্থাপন করা সম্পূর্ণ বেআইনি। যাচাই-বাছাই করে তালিকায় নতুন অন্তর্ভুক্ত হওয়া বিলবোর্ড উচ্ছেদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
সিটি করপোরেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘অবৈধভাবে গড়ে ওঠা এসব বিলবোর্ড উচ্ছেদ করতে মেয়র মহোদয়ের অনুমোদন নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরপরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব বিলবোর্ড অপসারণ করা হবে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার কারণে বিলবোর্ড উচ্ছেদ অভিযানে ভাটা পড়েছে। এই সুযোগ নিচ্ছেন বিলবোর্ড ব্যবসায়ীরা।
জানা গেছে, বিলবোর্ড স্থাপনের জন্য চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে দুটি, গোলপাহাড় মোড়ে একটি, চট্টগ্রাম কলেজের সামনে একটি, চকবাজার প্যারেডের মাঠের পাশে একটি এবং ওয়াসার মোড়ে একটি খুঁটি বসিয়েছেন অবৈধ বিলবোর্ডের মালিকেরা।
এর মধ্যে জিইসি মোড়ে সেন্ট্রাল প্লাজা বিপণিবিতানের সামনে স্থাপিত বিলবোর্ডে একটি ব্যাংকের বিজ্ঞাপনী সাইনবোর্ড লাগানো হয়েছে। এই বিশাল বিলবোর্ডের কারণে বিপণিবিতানটি ঢাকা পড়েছে। সেন্ট্রাল প্লাজা মালিক সমিতি এটি অপসারণের জন্য করপোরেশনের কাছে অনুরোধ করছে।
এ ছাড়া বিলবোর্ড স্থাপনের জন্য শিশু পার্কের সামনে একটি বড় খুঁটি এবং জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে ছয়টি ছোট খুঁটি বসানো হয়েছে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে তালিকা অনুযায়ী এসব অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হবে।’
করপোরেশন সূত্রে জানা গেছে, নগরে বৈধ বিলবোর্ডের সংখ্যা আট হাজার ৪৫১টি। অবৈধ বিলবোর্ডের সংখ্যা ৩২৩টি। এর মধ্যে ১১১টি অপসারণ করা হয়েছে। এখন আছে ২১২টি। করপোরেশন ২০১২ সালের ১৬ জানুয়ারি বিলবোর্ড অপসারণ অভিযান শুরু করে। এসব অভিযান পরিচালনা করেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
সর্বশেষ অভিযান চালানো হয় গত ২ সেপ্টেম্বর। ওই দিন নগরের মুরাদপুর এলাকা থেকে নয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এরপর চার দফা সময় নির্ধারণ করেও হরতালের কারণে অভিযান চালাতে পারেননি ভ্রাম্যমাণ আদালত।