কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ১৯টি অবৈধ করাতকল। এসব করাতকলে চিরানো হয় বনাঞ্চলের গাছ। বন বিভাগ নানা চেষ্টা করেও এসব করাতকল উচ্ছেদ করতে পারছে না। সম্প্রতি বন বিভাগ উখিয়া ও কোটবাজারে অভিযান চালিয়ে তিনটি করাতকল উচ্ছেদ করলেও কয়েক দিন পর তা আবার চালু করা হয়েছে।বন বিভাগ সূত্র জানায়, এসব করাতকলের অবস্থান উপজেলার পালংখালী ইউনিয়নে চারটি, কুতুপালং গ্রামে একটি, ফলিয়াপাড়ায় দুটি, হাজিরপাড়ায় দুটি, টাইপালং গ্রামে একটি, পিনজিরকূল গ্রামে একটি, হিজলিয়া গ্রামে দুটি, জালিয়া পালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে একটি, কোটবাজারে একটি, মাতব্বরপাড়ায় দুটি ও মরিচ্যায় দুটি। প্রতিটি করাতকলেই দিন-রাত কাঠ চিরাই হচ্ছে। পালংখালীর একটি করাতকলের কর্মচারী নবী হোসেন (২৩) জানান, করাতকলে দিনের চেয়ে রাতে বেশি গাছ চিরাই হয়। এরপর লোকজন জিপ বা ট্রাকে বোঝাই করে এসব কাঠ বিভিন্ন স্থানে সরবরাহ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি করাতকলের মালিক জানান, স্থানীয় প্রশাসন অথবা বন বিভাগ থেকে করাতকলের লাইসেন্স নিতে গেলে নানা তালবাহানা করে। ফলে করাতকল করা হয় না। কিন্তু এলাকার চাহিদা পূরণে করাতকল দরকার। তবে প্রভাবশালী কিছু ব্যক্তি শুধু সংরক্ষিত বনাঞ্চলের গাছ নিধনের জন্য করাতকল স্থাপন করেন। তাঁরা এ কাজে ব্যবহার করেন কুতুপালং শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের। স্থানীয় একটি সূত্র জানায়, সম্প্রতি বনাঞ্চল ঘেরা বালুখালী টিভি সম্প্রচারকেন্দ্রের টাওয়ারের পাশে দুটি ও উত্তর ঘুমধুম এলাকায় তিনটি করাতকল স্থাপন করা হয়েছে। উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা বশির আল মামুন বলেন, ‘সংঘবদ্ধ কাঠচোরেরা সামাজিক বনায়ন প্রকল্পের গাছ কেটে করাতকলে সরবরাহ দিচ্ছে, বিষয়টি আমরা জানি। কিন্তু কী করব, গাছ কাটার সময় বাধা দিলে চোরেরদল বনকর্মীদের ওপর উল্টো হামলা চালায়। এ নিয়ে একাধিক মামলাও হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় করাতকল বন্ধ ও গাছ কাটার বিষয়টি উত্থাপন করা হয়েছে। শিগগির যৌথ অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে।’ সূত্র জানায়, এই উপজেলার প্রায় ২৪ হাজার হেক্টর বনাঞ্চল রক্ষার জন্য সরকার ১৯৮৭ সাল থেকে লট নিলাম প্রথা বাতিলের পাশাপাশি করাতকল স্থাপনে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু প্রশাসনের কিছু কর্মকর্তার যোগসাজশে প্রভাবশালীরা দুর্গম এলাকায় করাতকল স্থাপন করে চোরাই কাঠের বাণিজ্য চালাচ্ছেন। ইনানী সহব্যবস্থাপনা বনরক্ষা কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী জানান, বনাঞ্চলের পাশাপাশি নির্বিচারে গ্রামীণ জনপদের ফলদ ও বনজ বৃক্ষও উজাড় হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কাঠচোরদের দমন ও পাশাপাশি অবৈধ করাতকল উচ্ছেদে প্রশাসনের অভিযান চালানো জরুরি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, অবৈধ করাতকলের মালিকদের তালিকা তৈরি করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।