বেশ কয়েকজন তরুণ দুপুরের নরম রোদ পোহাচ্ছিলেন। সবাই আফগানিস্তান বা পাকিস্তানের নাগরিক। তাঁদের পেছনে একটি দেয়ালে সাবেক কসোভো আলবেনিয়ান গেরিলা যোদ্ধাদের প্রশস্তি লেখা। জায়গাটা মেসিডোনিয়ার সার্বিয়া সীমান্তবর্তী গ্রাম লোয়ানে।গত দুই বছর ধরে পশ্চিম ইউরোপের সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোতে যাওয়ার জন্য অবৈধ অভিবাসীরা এখানে এসে আটকে যাচ্ছেন। লোয়ানের গ্রামপ্রধান সালেম মেহমেতি বলেন, ‘শুরুতে মাঝেমধ্যে তিন-চারজনের এক একটি দল আসত। তখন আমরা বিরক্তবোধ করতাম না। কিন্তু গত গ্রীষ্মের শুরু থেকে অভিবাসীর সংখ্যা বাড়তে থাকে।’ সীমান্তে অপেক্ষারতদের একজন ২২ বছর বয়সী আফগান তরুণ খান। তিনি আফগানিস্তানের কান্দাহার থেকে ইরান ও তুরস্ক হয়ে গ্রিসে এসে পৌঁছেন। এরপর সেখান থেকে মেসিডোনিয়ার বিতোলায় আসেন। বিতোলা থেকে তিনি লোয়ানে গ্রামে এসেছেন সার্বিয়ায় ঢোকার উদ্দেশ্যে। খান সার্বিয়া প্রবেশের চেষ্টা করতে গিয়ে এরই মধ্যে দুবার ধরা পড়েছেন পুলিশের হাতে। সার্বিয়ার পুলিশ দুবারই তাঁকে মেসিডোনিয়ায় ফিরিয়ে দেয়। মরিয়া আফগান এই যুবক এবার হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছেন। মেসিডোনিয়ার লোয়ানে ও সার্বিয়ার মিরাতোভাচ পাশাপাশি দুটি গ্রাম। গ্রাম দুটির মাঝামাঝি খোলা জঙ্গলে-প্রান্তরে রাত কাটায় অবৈধ অভিবাসীরা। মিরাতোভাচ সার্বিয়ার গ্রাম হলেও এর বাসিন্দারা সবাই জাতিগতভাবে আলবেনীয়। লোয়ানের বাসিন্দা ব্লেরিম বলেন, ‘১৯৯৩ সাল থেকে ওই সীমান্ত বন্ধ আছে। এই দুই গ্রামের মধ্যে রয়েছে পুরোনো সম্পর্ক। আমার মা ও স্ত্রী দুজনেরই বাবারবাড়ি মিরোতোভাচে।’ এখানে কাঁচা রাস্তা হঠাৎ পাকা রাস্তায় মিশেছে। মেসিডোনিয়া ও সার্বিয়ার মধ্যে চিহ্নিত হওয়া সীমানা এটুকুই। সার্বিয়ার পুলিশ ও সামরিক পুলিশ সবসময় এই সীমান্ত পাহারা দেয়। কেউ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করে পুলিশ। এ ছাড়া সার্বিয়ার যেকোনো জায়গা থেকে অবৈধ অভিবাসী আটক করা হলে তাঁদের পাঠানো হয় লোয়ানে গ্রামে।অবৈধ অভিবাসীদের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, ইন্টারনেট বা বন্ধুদের কাছ থেকে লায়োনে গ্রামের গল্প শুনেছেন। তবে গ্রামের প্রধান মেহমেতির ভাষ্য, এ কথা সত্যি নয়। তিনি বলেন, আসলে একটি সুসংগঠিত চক্র অবৈধ অভিবাসীদের লায়োনে গ্রামে নিয়ে আসে। মেসিডোনিয়ায় দক্ষিণ সীমান্তের জেভজেলিয়া ও বিতোলায় ওই চক্রের সদস্যরা অবৈধ অভিবাসীদের জন্য অপেক্ষা করেন। অর্থের বিনিময়ে তাঁদের এখানে আনা হয়। গ্রামবাসী বলেন, মেসিডোনিয়া-সার্বিয়া সীমান্তে শুধু সার্বিয়া অংশেই টহল চোখে পড়ে। প্রত্যন্ত ছোট জায়গা বলে লোয়ানে গ্রামে দুর্গতদের মানবিক সহায়তা দেওয়ার মতো কেউ নেই। এ কারণে প্রচণ্ড শীতের মধ্যে খোলা জায়গায় অসহনীয় দুর্ভোগ পোহায় অবৈধ অভিবাসীরা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি করা সত্ত্বেও সার্বিয়া ও মেসিডোনিয়ার অবৈধ এই অভিবাসীদের রুখতে পারছে না। গ্রিস ও বুলগেরিয়া হয়ে ইউরোপের উত্তরাঞ্চলে প্রবেশ করতে ব্যর্থ হয়ে মেসিডোনিয়া-সার্বিয়া রুট ব্যবহার করছে তাঁরা। গ্রিস-বুলগেরিয়া রুটে ব্যর্থ হওয়ার কারণ ওই সীমান্তে প্রচণ্ড রকমের কড়াকড়ি।মাহফুজার রহমান