
বাঁশখালী পৌর সদরের শীলপাড়া এলাকার জলদি-পাইরাংছড়া থেকে অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালু তুলছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এ কারণে ছড়ায় ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে রয়েছে আশপাশের দুই শতাধিক ঘরবাড়ি।
সরেজমিনে দেখা যায়, শীলপাড়া এলাকায় দুটি খননযন্ত্র বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে কাজ করছেন পঁাচজন শ্রমিক। বালু তোলায় শীলপাড়া, ধরের বাড়ি, বণিকপাড়া ও চুউম্মাপাড়ায় ভাঙন দেখা দিয়েছে। চাষ বন্ধ হয়ে গেছে আশপাশের কৃষিজমিতে।
ছড়ার পাশের বাসিন্দারা জানান, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দিদারুল আলম ও তঁার ভাই নুরুল আফসার বালু তুলছেন। তঁাদের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করতে পারছেন না। প্রতিবাদ করলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শীলপাড়ার কয়েকজন বাসিন্দা বলেন, ‘বালু তোলার ব্যাপারে প্রশাসনে অভিযোগ না করার জন্য গ্রামবাসীকে সাফ জানিয়ে দিয়েছেন তঁারা। অথচ বালু তোলা বন্ধ না হওয়ায় আমাদের বসতবাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুল ইসলাম বলেন, বালু–খেকোদের উৎপাতে গ্রামবাসী অতিষ্ঠ। প্রশাসনিকভাবে বালু তোলা বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। বালু তোলার কারণে ছড়ায় ভাঙন দেখা দিয়েছে।
জানতে চাইলে বালু উত্তোলনকারী দিদারুল আলম বলেন, ‘আমরা নিজেদের জায়গায় নিজেরা বালু তুলছি। তবে বালু তোলার জন্য প্রশাসনের অনুমতি নিইনি। তা ছাড়া নিষেধ করতে কেউ আসেনি। ফলে, হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। কেউ নিষেধ করলে আমরা বালু তোলা বন্ধ করে দেব।’
এ প্রসঙ্গে বঁাশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ আহমদ খান বলেন, ‘উপজেলা সমন্বয় সভায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। তঁারা অবৈধ বালু উত্তোলনকারীদের তালিকা করে আমার কাছে জমা দেবেন। তালিকা দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বঁাশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি।’