অব্যক্ত অস্বস্তি

রাস্তায় প্রচণ্ড যানজট। সদরঘাট থেকে বাসে উঠেছি। যাব শাহবাগ। অল্প সময়ের পথ। কিন্তু গাড়ি এগোচ্ছে ঝিমিয়ে ঝিমিয়ে। আমি জানালার পাশের সিটে বসেছি। ঠিক সে সময় কিসের যেন শব্দ শুনতে পেলাম। ক্রমেই শব্দ বাড়ছে। গাড়িগুলো তখন সিগন্যালে একবারে থেমে দাঁড়িয়ে পড়েছে। এমন সময় দেখলাম, এক পাগল গোছের লোক হাতে একটি খালি পানির গ্যালন নিয়ে ছুটে আসছে। তার সারা শরীরে ছোপ ছোপ রক্ত। দেখে আমার গা ঘিন ঘিন করে উঠল। দৌড়ে এসেই সে কেমন যেন উদ্ভ্রান্তের মতো শুরু করল। একবার ওপাশে যায় আবার এপাশে আসে। মুখে আবার একধরনের শব্দও করছে। বুঝতে পারলাম, এই শব্দটিই প্রথমে শুনেছি। আমাদের বাসের ডান পাশে একটি পাজেরো গাড়ি ছিল। কালো বিলাসবহুল গাড়ি। হোমরাচোমরা কেউ আছেন হয়তো গাড়িতে। একপর্যায়ে পাগল লোকটি পাজেরো গাড়ির দিকে দৌড়ে যায়। গিয়েই হাতে থাকা পানির কনটেইনার দিয়ে ধুপধাপ মারতে শুরু করে গাড়ির ওপর। কিছুক্ষণ এভাবে মেরে এরপর সে গাড়ির সামনের অংশ দিয়ে নিচের দিকে ঢুকে পড়ে।
সিগন্যাল তখনো ছাড়েনি। এতক্ষণ সবাই দেখছিল। এবার আশপাশের কয়েকজন বাসের হেলপার ওকে দমাতে যায়। নিচ থেকে বের করতে ওকে টানতে শুরু করে। তবে ওই গাড়ির ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। অবস্থা জটিল। সিগন্যাল ছাড়লে একটা বিশৃঙ্খলা দেখা দেবে। অনেকক্ষণ হয়ে গেছে। কিন্তু ও বেরোচ্ছে না। এমন সময় সিগন্যাল ছাড়ে। এবার পাজেরো বেকায়দায় পড়ে। সামনেও এগোতে পারে না, পেছনেও না। লোকজন গাড়ি টানতে নিষেধ করতে থাকে। কেননা টানলেই ওর মাথা, শরীর থেঁতলে যাবে। আর সে পজিশনও নিয়েছে বাজেভাবে। আড়াআড়ি, শরীর দিয়েছে গাড়ির নিচে আর মাথা চাকার নিচে। আমার বাসের হেলপার চলে এল। বাস ছেড়ে দিল আমার। শেষটা আমার আর দেখা হলো না। বিষয়টা নিয়ে কৌতূহল হতে লাগল। পরদিন গেলাম সেখানে। আমি দেখেছিলাম, ওখানে একটি চায়ের স্টল আছে। ঘটনার সময় স্টলওয়ালাকেও আসতে দেখেছি। তার কাছ থেকে যা জানলাম—লোকজন অনেক চেষ্টা করেও ওকে বের করতে পারেনি। শেষে এক ভিক্ষুক এসে বলে—টাকা দিলে ও বেরিয়ে আসবে। আশপাশের লোকজনও গাড়িওয়ালাকে টাকা দিতে বলে। প্রথমে গাড়ির মালিক টাকা দিতে রাজি না হলেও শেষমেশ ২ হাজার ৫০ টাকা দিয়ে তবেই ছাড়া পায় গাড়িওয়ালা। শুনে স্বস্তি পেলাম। যাক, পাগলটা মারা পড়েনি। সঙ্গে সঙ্গে আমার ভাবনায় আসে, এ আবার কোন কিসিমের পাগল। আর যে ভিক্ষুকটি এসে টাকার কথা বলেছিল, সেই-বা কীভাবে জানে যে টাকা দিলেই ও বেরিয়ে আসবে? নিশ্চয়ই ওর সঙ্গে তার যোগাযোগ আছে, সাজানো কারসাজিও হতে পারে। কিংবা এমনও হতে পারে, পাগলটিকে দিয়ে ভিক্ষুক ব্যবসা করাচ্ছে।
সে যা-ই হোক, এসব ভেবে কাজ নেই। এ শহরে কত মানুষ কতভাবে টাকা আয় করছে। সৎ উপায়ের চেয়ে অসৎ উপায়েই আয় করছে বেশি। কেউ কোট-টাই পরে ভদ্রলোক সেজে করছে, কেউবা ওর মতো পাগল সেজে।
আলিম-উর-রহিম
আইন বিভাগ, গণবিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।