
রাঙামাটিতে শুক্রবার শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। রাজবাড়ি এলাকায় কুমার সমিত রায় জিমনেসিয়ামে গত বুধবার মেলা উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফ উদ্দিন আহমেদ।
মেলায় দুটি কলেজ ও নয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। বিশেষ করে মানুষসৃষ্ট দুর্যোগ মোকাবিলার উপায় খুঁজে বের করেছে শিক্ষার্থীরা। যেমন পেট্রলবোমা থেকে বাঁচতে এমন যানবাহনের কথা চিন্তা করা হয়েছে যাতে কখনো আগুন ধরবে না। এ ছাড়া ডুবন্ত জাহাজ থেকে বিপদ সংকেট পাঠানো এবং দূষিত বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনসহ বহুমুখী উন্নয়নে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে প্রকল্প প্রদর্শন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সদস্যসচিব রাঙামাটি সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শান্তনু চাকমা জানান, মেলায় কলেজ পর্যায়ে সাতটি প্রকল্প এবং বিদ্যালয় পর্যায়ে ৩৩টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। এসব প্রকল্প তৈরি করেছে কলেজ পর্যায়ে ৩০ জন ও বিদ্যালয় পর্যায়ে ৭৮ জন ছাত্রছাত্রী। মেলায় কলেজ ও বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে রাঙামাটি সরকারি কলেজ ও বিদ্যালয় পর্যায়ে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মেলায় অব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। জিমনেসিয়ামের মধ্যে একসঙ্গে প্রকল্প প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় ছিল প্রচুর বিশৃঙ্খলা। শব্দদূষণে বিতার্কিকদের বক্তব্য যেমন ভালোভাবে শোনা যায়নি, তেমনি প্রকল্প উপস্থাপকের বক্তব্যও শুনতে কষ্ট হয়েছে দর্শকদের। মেলায় উপস্থিত ছাত্র-শিক্ষক, অভিভাবক ও দর্শকেরা এ ধরনের মেলা কলেজ বা কোনো বিদ্যালয়ে বড় পরিসরে আয়োজনের ওপর জোর দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক অভিযোগ করেন, শুধু রেওয়াজ পালনের জন্য এ ধরনের মেলা আয়োজন করায় সুষ্ঠু পরিচালনার কোনো লক্ষণ দেখা যায় না। মেলার প্রস্তুতিতে সরকারি কর্মকর্তাদের মতামত চূড়ান্ত হওয়ায় কারও কিছু বলার থাকে না।
রাঙামাটি জেলা স্কাউটের কমিশনার মো. নুরুল আবছার বলেন, এ ধরনের মেলা আরও গোছালোভাবে আয়োজন করা দরকার। মেলায় অনেক ভালো ভালো প্রকল্প প্রদর্শিত হলেও ব্যবস্থাপনায় প্রচুর ত্রুটি রয়েছে।