পাহাড়বেষ্টিত হরিখোলা চাকমাপল্লিতে ঢুকতেই চোখে পড়ে গায়ে গা লাগানো ছনের ছাউনি দেওয়া ছোট ছোট মাচাং ঘর। এক পাশে একটি গাছের ছায়ায় খেলছিল বিদ্যালয়ের পোশাক পরা কয়েকটি শিশু। পল্লির বাইরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তারা। আলাপ জমাতেই জানাল, প্রাথমিকের পর আর পড়া হবে না তাদের।
টেকনাফ কক্সবাজার সড়ক থেকে ৭০ কিলোমিটার দূরে হোয়াইক্যং বাজার। এই বাজারের হোয়াইক্যং-শাপলাপুর সড়ক ধরে নয় কিলোমিটার গেলেই হরিখোলা চাকমাপল্লি। দুর্গম এই পল্লিতে বিদ্যুৎ নেই, নেই যানবাহন চলাচলের উপযোগী রাস্তা। গ্রামে এক হাজার ৯৭ জন চাকমার বসবাস। এদের অধিকাংশই গরিব ও ভূমিহীন কৃষক। বেশির ভাগ পরিবারের শিশুরা বিদ্যালয়ে যায় না। যারা যায় তাদের অনেকেই প্রাথমিকের পর আর পড়ালেখা চালিয়ে যেতে পারে না। পরিবারের আর্থিক সংগতির অভাবে ও পল্লির কাছাকাছি কোনো উঁচ্চ বিদ্যালয় না থাকায় এখানকার শিশুরা প্রাথমিকের পরই ঝরে পড়ছে।
ছোট্ট তেমুক চাকমার (১০) কথা থেকেই সেটা স্পষ্ট হয়। কেন আর পড়া হবে না, জানতে চাইলে সে বলে, ‘পাহাড়ের দুর্গম এই গ্রামে স্কুল নাই, নাই বিদ্যুৎ ও রাস্তাঘাট। লেখাপড়া শিখব কি করে? খেত-খামারে কাজ করেই জীবনটা কাটিয়ে দিচ্ছি। অন্যান্য গ্রামের মেয়েদের মতো আমরাও লেখাপড়া শিখে মানুষ হতে চাই। কিন্তু সে সুযোগ তো পাচ্ছি না।’
গত ২৪ মে দুপুরে হরিখোলা চাকমাপল্লিতে কথা হচ্ছিল তেমুকের সঙ্গে। এ সময় তার সঙ্গীরাও যোগ দেয় আলাপে। মানিকেং চাকমা (১০) বলে, ‘একটু দূরের হরিখোলা প্রাথমিক বিদ্যালয়ে চার বছর ধরে পড়ছি। আগামী বছর পঞ্চম শ্রেণি পাস করলে লেখাপড়া তো বন্ধ হয়ে যাবে। কারণ এখানে কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নেই।’
গ্রামের বেশ কয়েকজন অভিভাক জানালেন, তাঁদের শিশুদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। গৃহবধূ তাইওয়া চাকমা (৩৫) বলেন, গত বছর পঞ্চম শ্রেণি পাস করার পর তাঁর দুই ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। সাত কিলোমিটার দূরে গিয়ে হোয়াইক্যং বিদ্যালয়ে পড়ালেখা করানোর সামর্থ্য তাঁর নেই।
স্থানীয় চাষি অমল চাকমা (৪০) বলেন, পল্লির অন্তত ৪০০ শিশু নানা কারণে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দূরের বিদ্যালয়ে পাঠিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া করানো এই গ্রামের বাসিন্দাদের পক্ষে সম্ভব নয়।
অনুসন্ধানে জানা গেছে, এই পল্লিতে কলেজপড়ুয়া শিক্ষার্থী রয়েছে মাত্র ছয়জন, মাধ্যমিকে পড়ছে ২৫ জন। আর প্রাথমিকে পড়ছে ১২০ জন। গ্রামের আরও ৫০০ শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। এসব শিশু পাহাড় ও জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সময় পার করছে।
হরিখোলা গ্রামে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হরিখোলা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, অল্পসংখ্যক শিশু বিদ্যালয়ে পাঠ নিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১৮৩ জন। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে ১৭, চতুর্থ শেণিতে ২৭, তৃতীয় শ্রেণীতে ৩৩, দ্বিতীয় শেণিতে ৩৮, প্রথম শ্রেণিতে ৪১ ও শিশু শ্রেণিতে ২৭ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীদের মধ্যে ৭০ শতাংশই চাকমা । দারিদ্র্য আর অসচেতনতার কারণে চাকমাপল্লির কয়েক শ শিশু বিদ্যালয়ে আসে না।