অভাব জয়ের পথ দেখাল মাশরুম

২০১১ সালে যখন স্বামী শান্তি নির্মল চাকমা রোগাক্রান্ত হয়ে মারা যান, তখন শিশুসন্তানকে নিয়ে বিপাকে পড়েন খাগড়াছড়ির দীঘিনালার যামিনী মোহন কারবারিপাড়া গ্রামের মিলিতি চাকমা (৪০)। কোনো কাজকর্ম জানা নেই। কীভাবে সংসার চলবে, এ চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসে মাশরুম চাষের কথা। সে বছরই ইউএনডিপি ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাশরুম চাষের ওপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে শুরু করেন মাশরুম চাষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। মাশরুম চাষ করে স্বাবলম্বী তো হয়েছেনই, পাশাপাশি প্রশিক্ষণও দিচ্ছেন দুস্থ নারীদের।
মিলিতি চাকমার এখন জীবন জীবিকার একমাত্র উৎস মাশরুম চাষ। এই কাজ করে মাসে তাঁর ৮ থেকে ১০ হাজার টাকা আয় হয়। ছেলে জ্ঞানধন চাকমাকে লেখাপড়াও করাচ্ছেন। তাঁর ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে জ্ঞানধনও মাশরুম চাষে পারদর্শী। লেখাপড়ার পাশাপাশি মাকে সাহায্যও করে সে। স্বনির্ভর হয়েই থেমে থাকেননি তিনি। গ্রামের ৩০ জন নারীকে প্রশিক্ষণও দিয়েছেন।
৭ মার্চ বিকেলে উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে ৪ নম্বর দীঘিনালা ইউনিয়নের যামিনী মোহন কারবারিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, ২৭ ফুট লম্বা ও ১২ ফুট প্রস্থের ছনের ছাউনি দেওয়া ভাঙা বেড়ার ঘরে মাশরুমের পরিচর্যা করছেন মিলিতি। একটি প্লাস্টিকের গামলায় মাশরুমও সংগ্রহ করেন তিনি। গামলার মাশরুম দেখিয়ে জানালেন, তিনি ওয়েস্টার জাতের মাশরুম চাষ করেন। মাশরুমের পাশাপাশি এ বছর পরীক্ষামূলকভাবে মৌচাষও শুরু করেছেন। মিলিতি চাকমা জানান, এখন তাঁর জীবন জীবিকার একমাত্র উৎস মাশরুম চাষ। স্বামী মারা যাওয়ার পর কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে খুব দুশ্চিন্তা ছিল। পরে নিজ থেকেই সিদ্ধান্ত নেন মাশরুম চাষের। ইউএনডিপি ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাশরুম চাষের ওপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ নেওয়ার পর থেকে ওয়েস্টার জাতের মাশরুমের চাষ করছেন।
মিলিতি চাকমা আরও জানান, বর্তমানে তাঁর ঘরে সাড়ে ৪০০ মাশরুম বীজ প্যাকেট বা স্পন প্যাকেট রয়েছে। বিভিন্ন স্থান থেকে লোকজন বাড়িতে এসে মাশরুম কিনে নিয়ে যান। মাঝে মাঝে বাজারেও বিক্রির জন্য নেওয়া হয়। এ বছর জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত ৩৫ হাজার টাকার মাশরুম বিক্রি করেছেন। সপ্তাহে ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত মাশরুম বিক্রি করেন। একেকটি স্পন প্যাকেট তৈরি করতে তাঁর ৩০ টাকা খরচ হয়। আর এমন স্পন প্যাকেট বিক্রি হয় সাড়ে ৪০০ টাকায়। প্রতি কেজি মাশরুম ২০০ টাকায় বিক্রি করেন তিনি।
মিলিতি চাকমা বিধবা ভাতা পান না। দু–একবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন। এরপরও দমে যাননি তিনি। নিজের চেষ্টায় আজ এত দূর এসেছেন। তবে বিধবা ভাতার কার্ড পেলে সন্তানের লেখাপড়ার জন্য ব্যয় করতে পারতেন বলে জানান তিনি।
মাশরুম চাষ খুব সহজ নয়, এ জন্য বেশ শ্রম দিতে হয়। তবে নারীরা ঘরে ও বাইরে যে শ্রম দেন, তার তুলনায় এটা কিছুই নয় বলে জানান তিনি। মিলিতি চাকমা বলেন, মাশরুম চাষের জন্য দুই বা আড়াই ইঞ্চি শুকনো খড় সেদ্ধ করতে হয়। এরপর নানা উপাদান দিয়ে সেসব প্লাস্টিকের স্পন প্যাকেটে রেখে তাতে মাশরুমের বীজ দিতে হবে। ওয়েস্টার জাতের মাশরুম ২০ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রায় চাষ শুরু করতে হবে। আধঘণ্টা পরপর স্পনগুলোতে পানি দিতে হয়। তবে শীতকালে একবার পানি দিলেই চলে। বেকার বসে না থেকে যেকোনো নারী ঘরের মধ্যে মাশরুম চাষ করতে পারেন। এটি একটি পরিবারের জন্য বাড়তি আয়ের রাস্তা তৈরি করবে।
মিলিতি চাকমার কাছ থেকে মাশরুমের প্রশিক্ষণ নেওয়া রিতা চাকমা (২৮) নিজেই এখন বাড়িতে মাশরুম চাষ করছেন। তিনি বলেন, মিলিতির কাছ থেকে মাশরুম উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে বেশ উপকার হয়েছে। এখন বাড়িতে উৎপাদিত মাশরুম খাচ্ছেন। পাশাপাশি বাইরেও বিক্রি করছেন।
৪ নম্বর দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, মিলিতি চাকমা খুবই পরিশ্রমী নারী। মাশরুম চাষ করেই তিনি জীবিকা নির্বাহ করছেন। তাঁকে একটি বিধবা ভাতার কার্ড করে দেওয়ার চেষ্টা করা হবে।