অভাব দূর করবে মিষ্টি তেঁতুল
খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালা উপজেলা সড়কের দিকে দুই কিলোমিটার গেলেই কৃষি গবেষণাকেন্দ্র। কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাদের ভবন ঘেঁষে মাঝারি উচ্চতার গাছে ফলেছে মিষ্টি তেঁতুল। কৃষিবিদদের অভিমত, দেশের পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া মিষ্টি তেঁতুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই জাতের একটি তেঁতুলগাছের ফল বিক্রি করেই বছরে ১২ হাজার টাকা আয় করা যায়।এ দেশে তেঁতুল যতটা পরিচিত ফল মিষ্টি তেঁতুল ততটাই অপরিচিত। মিষ্টি স্বাদের এই তেঁতুলের উৎপত্তি থাইল্যান্ডে। বিদেশি হলেও বেশ কয়েক বছর ধরে পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রে এ ফলের চাষাবাদ হচ্ছে। খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিকেরা জানান, ১৯৯৯ সালে প্রথম এই কেন্দ্রে পরীক্ষামূলকভাবে একটি মিষ্টি তেঁতুলের চারা লাগানো হয়। ২০০৭ সালে প্রথম ফলন আসে। বর্তমানে প্রতিবছর গড়ে ৬২ কেজি মিষ্টি তেঁতুল ফলে এই গাছ থেকে।বিজ্ঞানীরা জানান, খাদ্যমানের দিক থেকে বেশ সমৃদ্ধ এই ফল। প্রতি ১০০ গ্রাম মিষ্টি তেঁতুলে ৭০ গ্রাম ক্যালরি, ১৪ দশমিক ৭ গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এ ছাড়া ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন ‘সি’ এবং প্রচুর পরিমাণ আঁশ আছে। এ জাতের তেঁতুলে রোগবালাই ও পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম হয়। চাষাবাদও সহজ। পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র উদ্ভাবিত বারি মিষ্টি তেঁতুল-১ নামের জাতটি বেশ ভালো ফলন দেয়। একটি গাছ থেকে প্রতিবছর ৭০-৮০ কেজি ফলন পাওয়া যায়। স্থানীয় বাজারে প্রতি কেজি মিষ্টি তেঁতুল বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। সে হিসাবে অল্প জায়গায় তেঁতুল চাষ খুবই লাভজনক বলে মনে করেন কৃষিবিদেরা।পরিপক্ব বীজ থেকে বীজতলায় চারা তৈরি করা যায়। বীজ গজানোর সময় লাগে এক সপ্তাহ। চারা রোপণের সময় জুন-নভেম্বর মাস। গাছ লাগানোর প্রথম চার বছর পর্যন্ত বাগানে বাদাম, শাকসবজি এসব সাথিফসল হিসেবে চাষ করা যায়। এপ্রিলের শেষের দিকে সাধারণত মিষ্টি তেঁতুলগাছে ফুল আসে। ফল সংগ্রহের উপযোগী হয় বসন্তের শেষ দিকে এবং গ্রীষ্মের শুরুতে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্যাহ বলেন, গবেষণায় দেখা গেছে, সঠিকভাবে পরিচর্যা করলে একটি মিষ্টি তেঁতুলগাছে বছরে ৬০ থেকে ৭০ কেজি ফল পাওয়া যায়। যার বাজারমূল্য ১২ হাজার টাকা। এলাকার বহু দরিদ্র কৃষকের ভাগ্য বদলে দিতে পারে মিষ্টি তেঁতুল।