অভাবের তাড়নায় চা-বাগানের শিশুরা কাজ করে
ছোট ছোট চাগাছে পানি দিচ্ছে অ্যামি ও রিনা। দূরে থাকা নলকূপ থেকে কলসি ভরে পানি নিয়ে আসতে হয়। তারপর তিন ঘণ্টা টানা পানি দিতে হয় চাগাছে। শ্রীমঙ্গলের হোসেনাবাদ চা-বাগানের গাড়ি চালান অ্যামির বাবা খালেক মিয়া। চা-বাগানে কাজ করে অ্যামির পরিবারের সব সদস্য। অ্যামি আক্তার (১৪) জানায়, সকাল নয়টা থেকে দুপুর ১২টা অবধি কাজের বিনিময়ে অর্থ মেলে ৩০ টাকা। তুমি স্কুলে যাও? এমন প্রশ্ন করতেই মাথা নিচু করে উত্তর দেয়, ‘না।’ এরপর কোনো প্রশ্ন না করতেই বলে, ‘হোসেনাবাদে স্কুলে ক্লাস সেভেনে পড়তাম, গাইড কিনে দেয় নাই বাবা, তাই এখন আর স্কুলে যাই না।’ পাশে দাঁড়িয়ে থাকা রিনা পাল (১২) বলে, ‘আমি নাম লিখতে পারি, কিন্তু পড়তে পারি না।’ রিনা জানায়, হোসেনাবাদে দ্বিতীয় শ্রেণীর পর আর পড়াশোনা হয়নি। মা মারা যাওয়ায় বাড়ির কাজের পাশাপাশি চা-বাগানে পানি দেওয়ার কাজ করতে হয়।শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানে কাজ করেন অষ্টমী তাঁতির বাবা সুধাম তাঁতি ও মা রুকমিনি তাঁতি। দুই বোনের মধ্যে অষ্টমী বড়। অষ্টমী চা-বাগানে কীটনাশক দেওয়ার কাজ করে। অষ্টমীর বয়স ১২ বছর। অষ্টমী জানায়, দুই বছর আগে সে স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ত। মা একদিন স্কুলে যেতে মানা করায় অভিমানে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।স্কুলে যাওয়া থেকে গাছে ওষুধ ছিটানো কি বেশি ভালো লাগে তোমার?অষ্টমীর এবার বিরক্তিভরা উত্তর, ‘আপা, রোদে সারা দিন দাঁড়ায় থাকা লাগে। কয় দিন আগে আমার কী হইছিল জানেন, আমার পায়ে ওষুধ পড়ে। পা ফুলে কয় দিন তো হাঁটতে পারিনি। আপা, আমাদের অনেক দুঃখ। এত কাজ করেও সারা দিনে মাত্র ৩০ টাকা পাই।’কালীঘাট চা-বাগানের শ্রমিক প্রেমানন্দ তাঁতির দুই ছেলে। খোকন তাঁতির বয়স ১৪ বছর। ছয়ন তাঁতির বয়স ১৭ বছর। বাগানে কর্মরত দুই ভাই জানে না এটা শিশুশ্রম। কথা বলি বাবা প্রেমানন্দ তাঁতির সঙ্গে। তাঁর মতে, ছেলেরা বড় হলে বাগানে কাজ করবে, এটাই নিয়ম। ভ্রু কুঁচকে তিনি জানতে চান, ‘পড়াশোনা করে কী হবে? আমি তো পড়তে-লিখতে পারি না। কোনো অসুবিধা তো নাই। চা-বাগানে কাম করতে পড়ালেখা লাগে না।’মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলার চা-বাগানগুলোতে দেখা যায়, অভাবের তাড়নায় কাজ করে অনেক শিশু। তবে শুধু বাগানেই নয়, তারা বাগানের বাইরে গিয়ে ইট ভাঙা, মাটি কাটা ইত্যাদি কাজ করে।হোসেনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজু খুরমি বলেন, বেশির ভাগ শিশু প্রাথমিক পাস করে মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে যেতে পারে না শুধু অর্থের অভাবে। হোসেনাবাদ থেকে সবচেয়ে কাছের বিদ্যালয় মহাজেরাবাদ স্কুলে ঠেলাগাড়িতে যেতে খরচ হয় প্রতিদিন ৩০ টাকা। এত টাকা খরচ করে কেউ পড়তে যেতে চায় না। তবে অনেক ছেলে সাইকেলে চড়ে বিদ্যালয়ে যায়। আর মেয়েরা হেঁটে যায়। তবে বেশির ভাগ পরিবার প্রাথমিক পাস করার পর মেয়েদের বাগানের কাজে দিয়ে দেয়।শুধু মৌলভীবাজার নয়, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও পঞ্চগড়ের চা-বাগানগুলোতে শিশুশ্রমের এমন চিত্র দেখা যায়।ফটিকছড়ির পঞ্চবটি চা-বাগানের অঞ্জলির বয়স ১২ বছর। অভাবের কারণে সে বাবা-মায়ের সঙ্গে বাগানের কাজে নেমে পড়েছে। উদালিয়া চা-বাগানের ১৩ বছরের শিশু কাজলী দাস প্রতিদিন মায়ের সঙ্গে বাগানে গিয়ে কাজ করে। তার মা জানান, মজুরি যা পান, তাতে হয় না। তাই মেয়েকে বাগানের কাজে লাগিয়ে দিয়েছেন।উপজেলার বারমাসিয়া চা-বাগানের শ্রমিক দুলাল মল্লিকের (৩৫) তিন ছেলের মধ্যে দুই ছেলে বাগানে কাজ করে। তিনি জানান, পরিবারে স্ত্রী-সন্তানসহ পাঁচজন। যা মজুরি পান, তাতে সংসার চলে না। সংসার চালাতে সন্তানদের চ-বাগানে পাতা তোলার কাজে দিয়ে দিয়েছেন।পঞ্চগড়ের করতোয়া, কাজী অ্যান্ড কাজী, স্যালিনাল টি এস্টেটসহ বিভিন্ন চা-বাগানে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও কাজ করে। পাতা তোলার পাশাপাশি নার্সারিতেও শিশুরা কাজ করে। সেখানে তারা মাটি চালা, গোবর বা সার মিশ্রণ করা এবং পলি ব্যাগে ভরানোর কাজ করে।শিশুশ্রমিক, বাগানমালিক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চুক্তিতে কাজ করার ফলে সারা দিন কাজ করে ৮০-৯০ টাকা আয় করতে পারে।কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে তেঁতুলিয়ার রওশনপুরে নার্সারিতে কাজ করছে আমিনা (১২) নামের এক শিশুশ্রমিক। সে জানায়, মা-বাবার পাশাপাশি সে মাঝেমধ্যে নার্সারিতে কাজ করে। আবার পাশের স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ছে। সে জানায়, সারা দিন কাজ করলে ৮০-৯০ টাকা হয়।করতোয়া চা এস্টেটের পরিচালক এ এস এম শাহ আলম ভূঁইয়া বলেন, ‘আমরা তো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। তা ছাড়া চা-বাগানের কাজ শিশুদের জন্য সহনীয়। চা চাষ সেভাবে এখনো লাভজনক পর্যায়ে যায়নি। আমরা চা-শ্রমিকদের কাজ অনুযায়ী মজুরি দিয়ে থাকি। অনেক সময় শ্রমিকেরা চুক্তিতেও কাজ করেন।’পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, পঞ্চগড়ের চা-বাগানগুলোতে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু চা-শ্রমিক বা শিশুশ্রমিকদের কল্যাণে এখনো তেমনভাবে কিছু করা হয়নি।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন এস এম আক্কাছ উদ্দিন (ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি) ও শহীদুল ইসলাম (পঞ্চগড় প্রতিনিধি)