অভিজাত হোটেলে দেশীয় খাবারের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলো ঝলমলে হোটেল আগ্রাবাদে ঢুকলেই একটা পাশ্চাত্য আবহ টের পাওয়া যায়। তবে সেদিন হোটেলের রেস্টুরেন্টের পরিবেশ ছিল খানিকটা বাঙালি বাড়ির খাবার ঘরের মতো। রেস্টুরেন্টের মাঝ বরাবর ঝুলছিল চীনামাটির নজরকাড়া ঝাড়বাতি। তার ঠিক নিচেই টেবিলে থরে থরে সাজানো বিভিন্ন পদের দেশি খাবার। বাতাসে ভাসছিল পুরোনো দিনের বাংলা গানের সুর।খাবারের ডিশগুলোর দিকে তাকালে যে কারও মনে হতে পারে, আরে, বৈশাখ বুঝি ফিরে এসেছে! ইলিশ নিয়ে আয়োজনটা যেন সীমা ছাড়ানো। কেবল ইলিশ! ভর্তা, চাটনি, শুঁটকি, শাক, মাংস কোনটা ছেড়ে কোনটা খাবেন সেটা ঠিক করতে বেগ পেতে হয়েছে অতিথিদের। হোটেল আগ্রাবাদের রেস্টুরেন্টে দেশীয় খাবার নিয়ে এমন খাদ্য উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত। গত রোববার দুপুরে সপ্তাহব্যাপী ব্যতিক্রমী এই বাঙালি খাবারের উৎসব উদ্বোধন করেন হোটেল আগ্রাবাদের প্রধান নির্বাহী এইচ এম হাকিম আলী। ইলিশ মাছের পোলাও, ইলিশ পাতুরি, সরষে ইলিশ, ইলিশ ভাজাসহ ইলিশের হরেক রকমের পদ দিয়ে টেবিল সাজানো হয়েছিল উদ্বোধনের দিন। প্রথম দিনের আয়োজনের নামও দেওয়া হয় ইলিশ দিবস। ইলিশের পাশাপাশি ছিল ডিম, মরিচ, শুঁটকি, শিম ও আলুর ভর্তাও। শাক এবং সবজির মেন্যুতেও ছিল দেশীয় আমেজ। পরিবেশন করা হয় দেশীয় কায়দায় রান্না করা পটোল মসলা, করলা ভাজি, কলমিশাক ও লালশাক। ছিল নানা পদের মাছ-মাংসের পদ, ছয় থেকে সাত ধরনের সালাদ এবং খাবার শেষে পায়েস, পুডিং, কেক, আইসক্রিম এসব মিষ্টান্ন। উৎসবের সাত দিন সাতটি খাবারের প্রাধান্য থাকছে। প্রথম দিন পালন করা হয়েছে ইলিশ দিবস। এরপর সোমবার ছিল গরুর মাংস দিবস, মঙ্গলবার রূপচাদা মাছ দিবস, বুধবার রুই মাছ দিবস, আজ বৃহস্পতিবার মুরগি দিবস এবং আগামীকাল শুক্রবার পালন করা হবে চিংড়ি দিবস। শনিবার সমাপনীর দিন গ্রাহকদের জন্য র‌্যাফল ড্রর ব্যবস্থা করেছে হোটেল কর্তৃপক্ষ। সেদিন আয়োজন করা হবে সব দেশীয় খাবার নিয়ে মিশ্রিত দিবস। আগ্রাবাদ হোটেলের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক শাহীন মোহাম্মদ নওশাদ বলেন, ‘দীর্ঘদিন থেকে আমরা এই ধরনের একটি ব্যতিক্রমী আয়োজনের কথা ভাবছিলাম। গ্রাহকের দোরগোড়ায় পৌঁছাতে এবং তাদের কাছে দেশীয় খাবারের ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন করেছি।’