অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে সম্প্রতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও বিজ্ঞানচর্চা কেন্দ্রের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলে রাব্বী, বিজ্ঞানচর্চা কেন্দ্রের সংগঠক প্রবাল মজুমদার, বাংলা বিভাগের শিক্ষার্থী আনোয়ারুল রুবেল, ইসলামের ইতিহাসের শিক্ষার্থী ইকবাল মাহমুদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ছাত্রফ্রন্টের কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ফজলে হাবিব।
বক্তারা বলেন, অভিজিৎ রায় একজন চিন্তাশীল বিজ্ঞান লেখক। শুধু মতান্ধতার বশবর্তী হয়ে একদল অন্ধ মানুষ অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করেছে। এ ঘটনা দেশে নতুন নয়। এর আগে অধ্যাপক হুমায়ুন আজাদকেও একইভাবে হত্যার শিকার হতে হয়েছে। হামলা হয়েছে আরও অনেকের ওপর। এভাবে একদল ধর্মান্ধ গোষ্ঠী ভিন্নমতকে হত্যা করতে চায়। কিন্তু কোনো ঘটনারই এ পর্যন্ত সুষ্ঠু বিচার হয়নি। বিচার নিয়ে সরকারগুলোর কোনো তৎপরতাও চোখে পড়েনি। বক্তারা অবিলম্বে অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।