অভিজ্ঞতা ছাড়াই চাকরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের পাঠ কেবলই শেষ হলো। এত দিন তো মা-বাবা কত না কষ্ট করেছেন। পকেট খরচসহ পড়ালেখার খরচ জুগিয়েছেন। এবার কিছু একটা করতে হবে। তরুণদের চোখ চাকরি পেতে তখন পলকহীন। তবে তাঁদের শঙ্কা, চাকরিদাতা সংস্থাগুলো তো অভিজ্ঞতা চাইবে। তাঁদের তো কোনো অভিজ্ঞতা নেই। তাহলে চাকরি পাওয়া কি ‘সোনার হরিণ’ পাওয়ার চেয়েও দুর্লভ? না, তরুণদের জন্য আশার কথা হলো, বেশ কিছু চাকরি আছে, যেখানে অভিজ্ঞতা চাওয়া হয় না। যাঁরা বিশ্ববিদ্যালয়ের পাঠ সদ্য শেষ করে চাকরির খোঁজ করছেন, তাঁরা সেসব চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। গত দুই মাসে পত্র-পত্রিকায় ও ওয়েবপোর্টালেপ্রকাশিত চাকরির বিজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, কিছু চাকরি আছে যেগুলোতে অভিজ্ঞতা নেই এমন তরুণ প্রার্থীদের সুযোগ রয়েছে।০অভিজ্ঞতার দরকার নেইশিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে চাকরিপ্রার্থীর কাজের অভিজ্ঞতা সরকারি-বেসরকারি বেশির ভাগ চাকরিতেই চাওয়া হয়। তার পরও চাকরির কিছু কিছু ক্ষেত্র আছে, যেখানে কাজের অভিজ্ঞতা চাওয়া হয় না। বিশেষ করে বিভিন্ন ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠানে ‘মেডিকেল রিপ্রেজেন্টেটিভি’ পদের চাকরি বিজ্ঞপ্তিতে কাজের অভিজ্ঞতা চাওয়া হয় না। কোনো কোনো বেসরকারি হাসপাতালের কল সেন্টারেও অভিজ্ঞতা ছাড়াই মিলতে পারে চাকরি। সরকারি-বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক পদেও শিক্ষাগত যোগ্যতা ছাড়া কোনো অভিজ্ঞতা চাওয়া হয় না। তা ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ও সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু কিছু পদে অভিজ্ঞতা ছাড়াই চাকরির আবেদন করার সুযোগ থাকে। ‘অভিজ্ঞতা ছাড়াই চাকরি’ নিয়ে আলাপকালে ইস্টার্ন ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মঞ্জুরুল আলম বলেন, ‘শিক্ষকতা শুরু করতে কোনো অভিজ্ঞতা লাগে না। ব্যাংকগুলোয় ম্যানেজমেন্ট ট্রেইনি, বিপণন কর্মকর্তা বা বিক্রয় কর্মকর্তা ইত্যাদি পদে কোনো অভিজ্ঞতা চাওয়া হয় না। আমাদের ইস্টার্ন ব্যাংক এবার বিপণন ও গ্রাহকসেবা বিভাগে একেবারে অভিজ্ঞতাহীন কিন্তু আত্মবিশ্বাসী-উদ্যমী দেড় শতাধিক তরুণকে চাকরি দিয়েছে। ব্যাংক ছাড়াও বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে গ্রাহকসেবা ও কল সেন্টারগুলোয় সাধারণত কোনো অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া যায়।’হাল ছেড়ো না বন্ধু: অভিজ্ঞতা ছাড়াই চাকরির আবেদন করা গেলেও বাস্তবতা অনেক সময় ভিন্ন। দেখা গেল, অভিজ্ঞরাও আবেদন করেছেন। তখন একটি প্রতিষ্ঠান সাধারণত তার নিজস্ব কাজের সুবিধার জন্য অভিজ্ঞ প্রার্থীদের নির্বাচন করে। সে ক্ষেত্রে কি নতুনদের কপাল পোড়া?মোবাইল ফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবির মানবসম্পদ উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক রাজীব আহমেদ বলেন, ‘না, হাল ছাড়ার কিছু নেই। ছাত্রজীবন ও কর্মজীবন সম্পূর্ণ আলাদা। দেশে শিক্ষিত ও চাকরিপ্রার্থী তরুণের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে চাকরি পাওয়ার সহজ পদ্ধতি বলে আসলে কিছু নেই। অভিজ্ঞতা ছাড়াই চাকরির জন্য আবেদন করা যায়। তবে সাধারণত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। তাহলেও কিছু কিছু ক্ষেত্রে উদ্যমী, পরিশ্রমী ও প্রত্যয়ী তরুণদের জন্য অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ রয়েছে। তাই তরুণদের উচিত বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি যেকোনো সামাজিক কর্মকাণ্ডে বা পার্টটাইমার হিসেবে কাজ করা।’ এ বিষয়ে মঞ্জুরুল আলম বলেন, ‘সাধারণত শুরুর পর্যায়ে (এন্ট্রি লেভেল) একেবারেই অভিজ্ঞতাহীন তরুণদেরই নেওয়া হয়। তবে এটা প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে। কারিগরি বিভাগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো অনেক সময় অভিজ্ঞদের অগ্রাধিকার দিয়ে থাকে।’শিক্ষাগত যোগ্যতার সঙ্গে...সদ্য স্নাতক বা স্নাতকোত্তর প্রার্থীদের কাছে অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া হয়তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি একজন প্রার্থীর আরও কিছু গুণ তাঁকে চাকরি পেতে সাহায্য করতে পারে। রাজীব আহমেদ বলেন, ‘যেসব তরুণ চৌকস, যোগাযোগবান্ধব, আত্মবিশ্বাসী, সিদ্ধান্ত নিতে তৎপর, কর্মক্ষেত্রেও শেখার আগ্রহ আছে; চাকরি পাওয়ার ক্ষেত্রে তাঁরাই এক ধাপ এগিয়ে।’ তা ছাড়া মোটরসাইকেল চালানো, কম্পিউটার চালানো এবং বাংলার পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও লেখায় পারদর্শী তরুণদের জন্য চাকরি পাওয়া অনেক সহজ হয়ে যায়। চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শৈবাল কে কানুনগো বলেন, অভিজ্ঞতা না চাইলেও চাকরিতে প্রার্থীর স্মার্টনেস দেখা হয়। এ ক্ষেত্রে প্রার্থী কতটা আত্মবিশ্বাসী, সিদ্ধান্ত নিতে কতটা তৎপর, কতটা যোগাযোগবান্ধব ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। কম্পিউটারে লেখার গতি কেমন এবং বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় স্বতঃস্ফূর্ততাও দেখা হয়। শৈবাল কে কানুনগো বলেন, ‘আমি পারবই, আমাকে পারতেই হবে—তরুণদের মানসিকতা হতে হবে এমনই। নিজেকে নিজেই উৎসাহ-অনুপ্রেরণা জোগাতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে। ইংরেজির জন্য ব্রিটিশ কাউন্সিল ও বিবিসি জানালা অনেক ভালো। প্রতিষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে কম্পিউটার ও মোটরসাইকেল চালনার প্রশিক্ষণ নিলে ভালো হয়। প্রথম আলো জবসও তরুণদের দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। কেউ চাকরি করছে এমন কারো সাথে আলাপ-আলোচনা ও যোগাযোগ রাখলে তা কাজে দেয়। এসব প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই নিতে হবে।’