অভিজ্ঞতার পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেসের ছোট ভাই শাওনের বিবেকহীনতা আমাকে হতাশ করল। গুনগুন করে গান গাইছিলাম; আর সে কিনা আমার মুখের ওপর বলে দিল, ‘ভাই, প্যান প্যান কইরেন না তো!’ বয়সে ছোট একটা ছেলের এমন তুচ্ছ হুমকির মুখে কি আমাকে সংগীতচর্চাই বন্ধ করে দিতে হবে? অসম্ভব! বরং ওকে আমি বারবার বোঝানোর চেষ্টা করলাম, ‘দেখো, গানের উপকারিতা অনেক। গান ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাইকে আবার ফিরিয়ে আনতে পারে। পুলিশ–র্যা ব থেকে শুরু করে সাধারণ গুন্ডা–মাস্তানরাও “গান” ছাড়া এক কদম চলতে পারে না।’
শাওন আমার দিকে তাকাল চোখ বড় বড় করে। রেগে গেছে মনে হয়। গলা একেবারে নিচের সারগামে নামিয়ে জিজ্ঞেস করলাম, ‘তোমার কি কোনো কারণে মন খারাপ?’
ও বলল, ‘হ্যাঁ, কোনো সমস্যা?’ আমি বললাম, ‘না, তেমন কোনো সমস্যা নেই। তবে জানলেই তো বিষয়টা জানা হয়ে গেল, তাই না?’
শাওন অবশেষে খানিকটা নরম হলো, ‘ভাই, সরি! আসলে একটা কঠিন কাজ করতে হবে তো, এই নিয়ে খুব টেনশনে আছি!’
: ও, এই কথা! দশে মিলে করি কাজ হারি–জিতি নাহি লাজ। দুজন মিলে করলে যত কঠিন কাজই হোক না কেন, সেটা করতে অনন্ত জলিল হওয়া লাগবে না। আমার ডিকশনারিতে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই! তুমি শুধু বলো কাজটা কী, আমি অর্ধেক করে দেব।
: সেটা সম্ভব না।
: তাহলে যাও আমি পুরোটাই করে দেব।
: সেটাও সম্ভব না।
: কেন? কাজটা কী?
: বিয়ে!
: ও, এই কথা! আমি তো আগেই বিয়ে করে ফেলেছি, এখন আর করতে পারব না। আর সেটা দুজন মিলে করাও যাবে না। যার দরকার, তাকে একলা একলাই করতে হবে। তো কার বিয়ে?
: সোমার বিয়ে। আগামী মাসে!
: এটা কোনো বিষয় না। আমি রিপনদের নিয়ে বিয়ের আসর থেকে সোমাকে তুলে নিয়ে সোজা রেলস্টেশনে চলে যাব। আর আগে থেকেই তুমি সেখানে গাঁট্টি–বোচকাসহ অপেক্ষা করবা। তারপর ট্রেনে করে পগার পার। আমিও এভাবেই বিয়ে করেছি।
: আরে ভাই, আমি সেখানে যাব কীভাবে! ওই দিন তো আমারও বিয়ে।
: তোমার বিয়ে মানে? কার সঙ্গে?
: সোমার সঙ্গেই।
: সে তো অত্যন্ত আনন্দের ব্যাপার! মিষ্টি খাব, ডায়াবেটিস মিষ্টি কিন্তু।
: আরে রাখেন তো আপনার মিষ্টি! এদিকে ছোট ভাইটাকেও এ সপ্তাহে মেডিকেলে ভর্তি করালাম।
: বলো কী! এও তো খুশির খবর। ডাক্তারের ভাই হতে যাচ্ছ! মিষ্টির সঙ্গে কিন্তু দইও রাখবা, বগুড়ার দই।
: ভাই, ও ডাক্তারি পড়তে ভর্তি হয়নি। মারামারি করে পা ভেঙে মেডিকেলে ভর্তি হয়েছে।
: ও ও ও...সরি, তাহলে কী আর করা। বিয়েটা আপাতত পিছিয়ে দাও নাহলে।
: সোমাকে সেটা বলেছিলাম। কিন্তু ও বলল, তেমন কিছু করলে এ জীবন সে রাখবে না।
: তাকে বলোনি আত্মহত্যা মহাপাপ?
: বলেছি। কিন্তু সে বলল, ‘আমার এ জীবন রাখব না—সেটা তুমি ভাবলে কী করে! আমি তোমারটার কথা বলেছি!’
: হুম্...!
শাওন কাতর গলায় বলল, ‘ভাই, আমাকে বাঁচান, আমি এখন বিয়ে করব না। সাহস পাচ্ছি না।’
আমি অভয় দিলাম, ‘আরে মিয়া শোনো, ভয় পেয়ো না। নিজের অভিজ্ঞতা থেকেই বলি, বিয়ের পর প্রথম পাঁচ বছর কাটানোটাই শুধু কঠিন।’
: ভাই, আপনার বিয়ে হয়েছে কত দিন?
: এই তো গতকাল পাঁচ বছর হলো!