অভিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

যমজ বাচ্চাদের নাম সব সময় আগ্রহ নিয়ে জেনে নিই। ‘মানিক-রতন’, ‘হাসান-হোসেন’ তো আছেই, ‘হাসিনা-খালেদা’ পর্যন্ত নাম পেয়েছি! আমার এক পরিচিত ব্যক্তি, তৃতীয়বারের মতো মা হয়েছেন। যমজ ছেলে হয়েছে। নাম রেখেছেন ‘তামিম-সাকিব’। বললাম, ‘আপা, তামিম তো ২০০ করে ফেলেছে। শুনছেন?’ ভদ্রমহিলার মুখে লাজুক হাসি। আমি জানি, তাঁর স্বামী রিকশা চালান। পেশাগত দায়িত্ব থেকেই বললাম, ‘আপা, এখন তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। এত বাচ্চা নিয়ে চলতে কষ্ট হয় না?’ ভদ্রমহিলা একটা বাচ্চাকে কোলে তুলে চুমু খেয়ে হাসলেন, ‘হ স্যার, খুব “পেইন” হয়। কিন্তু কী করুম, কন?’
কুমিল্লা থেকে ১৬ বছরের এক ছেলে আসে মাসে, দেড় মাসে নিজের শরীরে রক্ত নিতে। থ্যালাসেমিয়া রোগটাই এমন। সৎমায়ের সংসার। কৃষক বাবা একটা পয়সাও দেয় না। টিউশনি করে রক্তের টাকা নিজেই জোগাড় করে। ঢাকার মাতুয়াইলে এসে রক্ত নিয়ে একাই চলে যায়। একদিন জিজ্ঞেস করি, ‘এত ধকলের পর নিজে নিজে চলে যাও, শরীর খারাপ লাগে না? ভয় লাগে না? কাউকে তো সাথে আনতে পারো।’ শুষ্ক একটা হাসি দিয়ে ছেলেটা বলে, ‘কে আসব এই আপদটার সাথে। আমি একটা “ফেইলর” স্যার। আমার জীবনটাই একটা “ফেইলর”। হাহ!’
এবার নিজের একটা ঘটনা বলি। বছর চারেক আগের কথা। জন্মদিনের আগের রাতে নাইট ডিউটি পড়েছে। সাড়ে ১১টায় এক নবজাতক শিশুর শ্বাস বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ছুটে ইনজেকশন, সিপিআর (রক্ত চলাচল, শ্বাস ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া) শুরু করলাম। আইসিইউ ছিল না। ১২টা বাজতেই জন্মদিনের শুভেচ্ছার ফোন আসা শুরু হলো। রিসিভ না করে ফোন নীরব করে রাখলাম। একটা সময় শিশুটি শ্বাস নিতে শুরু করল, তবে খুবই অনিয়মিত। পাক্কা ৪০ মিনিট পর স্বতঃস্ফূর্ত শ্বাসপ্রক্রিয়া শুরু হলো। হৃৎপিণ্ডের গতিও তখন স্বাভাবিক। সে যাত্রায় শিশুটি বেঁচে গেল। কী যে ভালো লাগল, বোঝাতে পারব না। পরে ফেরত ফোন করে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বললাম, খুবই ‘এগজস্টেড’ ছিলাম!
আমি চেষ্টা করি কথায় বাংলা ও ইংরেজি অকারণে না মেশাতে। তবে অনেক সময় পারি না, অজান্তেই হয়তো বা!
মাতুইয়াল, ঢাকা