অভিনন্দন বৈরুত!
‘মাত্র পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে নিদেনপক্ষে দুই ঘণ্টা। দীর্ঘ সময় গাড়িতে থেকে ক্লান্তি ভর করেছে এই শহরের বাসিন্দাদের ওপর...’ এইটুকু পড়ে কেমন যেন খটকা লাগে। এ যে অবিকল আমাদের ঢাকারই কথা! কিন্তু পাতাটা যে আবার ‘সারা বিশ্ব’ পাতা (প্রথম আলো, ২০ জুলাই, ২০১০)। তার মানে আর যা-ই হোক ঢাকা তো নয়! তবে কোন দেশ? কোন শহর? কারা অমন যানজটের জটিলতায় ভুগছে ঠিক আমাদের মতো করে?দেশের নাম লেবানন। শহরের নাম বৈরুত। যাক সেও ভালো, আমাদের ‘সম দুঃখে দুঃখী’ কাউকে তো পাওয়া গেল এত দিনে। এতকাল কেবল আমরাই এই এক কোনায় যানজটে কাবু হয়ে আছি ভেবে কত না হাপিত্যেশ করেছি। এই ভেবে একটুখানি হালকা বোধ করা যেত হয়তো। কিন্তু তার জো থাকে না খবরের বাকিটুক পড়ার পর। দেরিতে হলেও বৈরুত বেরিয়ে আসতে চলেছে তার যানজট সমস্যা থেকে। বৈরুতের আশীর্বাদ হয়ে নাকি আসছে দ্রুতগতির জলযান ‘ওয়াটার ট্যাক্সি’। ব্যবসায়ী-চাকরিজীবী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী খোকা-খুকু, বৈরুতের সর্বমহলে এই জলযান বইয়ে দিয়েছে আনন্দের ফোয়ারা। নিউইয়র্ক আর লন্ডনের আদলে গড়া এই জলযানে থাকবে খানাপিনা আর বিনোদনের ব্যবস্থাও। এই প্রকল্পে সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী সাদ হারিরি স্বয়ং। আশা করা হচ্ছে, এর ফলে এক ঝটকায় যানজট কমে যাবে ২৫ শতাংশ। ভাবতে ভালোই লাগে। এই দফা বৈরুতও তবে বেরিয়ে যাচ্ছে যানজটের অভিশাপ থেকে? আর আমরা থেকে যাচ্ছি সেই তিমিরেই। নদ-নদীর দেশ বাংলাদেশের রাজধানীতেও এককালে জলযানের ব্যাপক প্রচলন ছিল বলে শুনেছি। এখনো রাজধানীর বুকে জলপথে যাতায়াত খানিকটা বিরল হলেও একদম অপ্রচলিত নয়। নদী-নালা, খাল-বিলগুলো নির্বিচারে গিলে না খেলে হয়তো বৈরুতের মতো আমরাও একটা জুতসই বিকল্পের কথা ভাবতে পারতাম। তার পরও মনে হয় সময় পুরোপুরি ফুরিয়ে যায়নি।কেউ কি ভাববেন আরেকবার? —ইকবাল হোসাইন চৌধুরী