অভিনব প্রতিযোগিতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একটা ঝা-চকচকে বিএমডব্লিউ গাড়ির মালিক হতে চান? তাহলে এক পায়ে দাঁড়িয়ে থাকুন! এমন বিজ্ঞাপন চোখে পড়েছে চীনে। যাঁরা একে পাগলের প্রলাপ ভেবে এড়িয়ে গেছেন, তাঁরাই হয়তো পরে কপাল চাপড়ে আফসোস করেছেন। আহা, একটা দারুণ সুযোগ বোধ হয় হাতছাড়া হয়ে গেল! ঘটনা কিন্তু মিথ্যা নয়। এক পায়ে দাঁড়িয়ে থেকে গাড়ি জেতার এই প্রতিযোগিতার আয়োজন করেছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। অংশ নিয়েছিলেন ১৪০ জন প্রতিযোগী। নিয়ম হলো, কাঙ্ক্ষিত গাড়ির ওপর এক হাত রেখে এক পা তুলে দাঁড়িয়ে থাকতে হবে। নড়াচড়া করা যাবে না! যিনি সবেচেয় বেশি সময় টিকে থাকতে পারবেন, তিনিই হবেন জয়ী। নানান ধাপ পেরিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ২০ জন প্রতিযোগী। ১৬ মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয় প্রতিযোগিতা। দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ ককিয়ে উঠেছেন, কারও কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। তবু গাড়ির দিকে তাকিয়ে নিজেদের প্রেরণা জোগাচ্ছিলেন প্রতিযোগীরা।
বেলা দেড়টায় ঘটল আরও বিপত্তি! প্রতিযোগিতাটা আরও কঠিন করে দিতে আয়োজকেরা জুড়ে দিয়েছিলেন নতুন নিয়ম। শুধু এক পায়ে দাঁড়ালেই চলবে না, পায়ের পাতার অগ্রভাগে ভর দিয়ে গোড়ালি উঁচু করে দাঁড়াতে হবে! শেষ পর্যন্ত বেলা তিনটা ৫৬ মিনিট পর্যন্ত টিকে থেকে গাড়ির চাবি বাগিয়ে নিয়েছেন উয়ো ডেকি। গাড়ি পেতে সাত ঘণ্টা ২৬ মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে বেচারাকে। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে গাড়ি পেলেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারেননি তিনি। সবচেয়ে বেশি সময় এক পায়ে দাঁড়িয়ে থাকার রেকর্ডটি সুরেশ জোয়াকিমের। তিনি দাঁড়িয়ে ছিলেন ৭৬ ঘণ্টা ৪০ মিনিট!
মো. সাইফুল্লাহ, সূত্র: ডেইলিমেইল