অভিনব বইপোকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মদু মণ্ডলের ভ্রাম্যমাণ বইয়ের দোকান বইপোকা। ছবি: খালেদ সরকার
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মদু মণ্ডলের ভ্রাম্যমাণ বইয়ের দোকান বইপোকা। ছবি: খালেদ সরকার
ভ্রাম্যমাণ বইয়ের দোকান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়ান তিনি। কেবল একজন বই বিক্রেতাই নন, নিজেও প্রচুর বই পড়েন, ধার দেন এবং মানুষকে পড়ার কথা বলেন। মদু মণ্ডলের এ ভ্রাম্যমাণ বইয়ের দোকানের নাম ‘বইপোকা’।

ঢাকায় এসেছিলেন আইন পড়তে। কিন্তু ভালো লাগা থেকেই জড়িয়ে গেলেন বইয়ের ব্যবসায়। মদু মণ্ডলের ভ্যানগাড়ির বইয়ের দোকান ধীরে ধীরে হয়ে উঠেছে মননশীল ও সৃজনশীল বইয়ের ব্যতিক্রমী এক আয়োজন। তারাশঙ্কর বন্দে্যাপাধ্যায় থেকে আর্নেস্ট হেমিংওয়ে। কালজয়ী বহু লেখকের বই মেলে তাঁর ভ্রাম্যমাণ দোকানে।

দোকানের অধিকাংশ বই–ই পড়া আছে মদু মণ্ডলের। তাই ক্রেতাদের বইটির সারবস্তু সম্পর্কে একটা ধারণা দিতে পারেন তিনি। বই বিক্রির মতো একটি কাজের সঙ্গে থাকতে পেরে দারুণ খুশি এই মানুষ। মদু মণ্ডল বলেন, ‘ব্যক্তিত্বের বিকাশের জন্য যে বইগুলো প্রয়োজন, চেষ্টা করি সেগুলো রাখার জন্য। ভালো বই পড়লে ভালো মানুষ হয়ে ওঠা যায়। এই পেশায় না আসতে পারলে জ্ঞানের অপূর্ণতা থাকত এবং বইয়ের সংস্পর্শে আছি বলেই নিজের অনেক সংকীর্ণতা দূর হয়েছে।’

গল্পের শুরু
সব গল্পের মতো আমাদের এই বইপোকার গল্পেরও একটা শুরু আছে। ২০০৭ সালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি কলেজ থেকে স্নাতক (সম্মান) পাস করে আইনবিদ্যার পাঠ নিতে ঢাকায় আসেন মদু মণ্ডল। ভর্তি হন ধানমন্ডি ল কলেজে। কিন্তু পড়াশোনার খরচ চালানো আর থাকা-খাওয়ার জন্য প্রয়োজন পড়ে উপার্জনের। কয়েক মাস খোঁজার পরও মনের মতো কোনো কাজ পাচ্ছিলেন না।
এমন সময় একদিন চারুকলার সামনে পরিচয় হয় বইবিক্রেতা রিপনের সঙ্গে। আলাপ জমে তাঁর সঙ্গে। ছোটবেলা থেকেই একটা লাইব্রেরি করার ইচ্ছে ছিল মদুর। তাই দেরি না করে রিপনের সহযোগী হিসেবেই কাজ শুরু করে দিলেন।
কিন্তু যা আয় হতো, তাতে কিছুতেই জীবিকা নির্বাহ করতে পারছিলেন না। তাই গ্রামে চলে যান। ছয় হাজার টাকা পুঁজি দিয়ে সেখানেই শুরু করেন ‘জ্ঞানাগার’ নামে বইয়ের দোকান। সেটা ছিল মূলত শিশুতোষ বইয়ের দোকান। এদিকে মদুর মা-বাবা থেকে শুরু করে পরিবারের কেউ চাইছিলেন না যে তাঁদের ছেলে শেষ পর্যন্ত বইয়ের দোকানি হোক।
তাই অল্পদিন পর ২০১৩ সালে আবার ঢাকায় ফেরেন তিনি। নয় হাজার টাকা দিয়ে তৈরি করলেন একটি ভ্যান। শুরু করেন নিজের বইয়ের দোকান। দোকানের নাম দিলেন ‘বইপোকা’। কখনো ডাকসু সংগ্রহশালার পাশে, কখনো চারুকলা অনুষদে, আবার কখনো কলাভবনের সামনে নিয়মিত বই নিয়ে হাজির হন তিনি।

শিক্ষার্থীরাই বেশি আসেন বই কিনতে
শিক্ষার্থীরাই বেশি আসেন বই কিনতে

বইপোকার বিস্তারিত
পারিবারিক চাপ থাকা সত্ত্বেও চাকরি বা অন্য কোনো লাভজনক ব্যবসায় না গিয়ে বইয়ের দোকান করতে পেরে বেশ খুশি মদু মণ্ডল। সেই সঙ্গে চলছে তাঁর জ্ঞানের চর্চাও। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারলেও এখানে বই বিক্রি করার সুবাদে অনেক বিষয় পড়ার সুযোগ পাচ্ছি, এটাই আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।’
তবে আশঙ্কাজনক হারে মননশীল বইয়ের পাঠকসংখ্যা হ্রাস পাওয়ায় বেশ হতাশ মদু মণ্ডল। তিনি বলেন, তরুণদের জন্য বইপড়ার কোনো বিকল্প নেই। তাই অনেক সময় নিয়মিত ক্রেতাদের বই ধারও দেন তিনি।
বইপোকার দোকানে নির্বাচিত প্রবন্ধ খুঁজছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আসিফ। কথা হলো তাঁর সঙ্গে। আসিফ বলছিলেন, বইপোকা থেকে বই না কিনেও সারা দিন বই পড়ার সুযোগ পাওয়া যায়।
গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের আরেক শিক্ষার্থী আল আমিন বলেন, ‘বইপোকায় নিয়মিতই আসা হয়। সব সময়ই তিনি ভালো বইগুলো সংগ্রহে রাখেন এবং পড়তে দেন।’
স্থায়ী কোনো বইয়ের দোকান না দিয়ে ইঞ্জিনচালিত বাইকে করে ঢাকা শহরের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বই পড়ার আন্দোলনকে ছড়িয়ে দিতে চান মদু মণ্ডল। মদু বলেন, ‘আদর্শ জাতি গঠনের জন্য প্রয়োজনীয় বইগুলো তরুণদের হাতে পৌঁছা দরকার। মানুষ বইয়ের দোকানে নয়, বরং বইয়ের দোকানই মানুষের কাছে যাবে।’
আলাপ শেষে ছবি ওঠানোর পালা এল। আলোকচিত্রীর অনুরোধ রাখতে মদু মণ্ডলের অনীহা। শেষমেশ তাঁর পছন্দের ভঙ্গিতেই সারতে হলো ছবি তোলার কাজ।
আমরা চলে আসব। বিশ্ববিদ্যালয় এলাকায় তখন একুশে গ্রন্থমেলামুখী মানুষের ভিড়। পথচলতি লোকজন বই নেড়েচেড়ে দেখছে। পেছন ফিরে দেখি, এর মধ্যেই মদু ফিরে গেছেন বইয়ের রাজ্যে। চুপচাপ চোখের সামনে খুলে বসেছেন ভোল্গা থেকে গঙ্গা। কালো দাড়ি, লম্বা চুল। সব মিলিয়ে মদু মণ্ডল ভিড়ের মাঝে সত্যিই অন্য রকম!