অভিনব ভোটভিক্ষা চন্দনাইশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদপ্রার্থীরা মাঠে নেমেছেন আটঘাট বেঁধে। অভিনব উপায়ে ভোটভিক্ষা করে মন জয় করার চেষ্টা করছেন ভোটারদের। বাড়ি বাড়ি গিয়ে রাত-দিন প্রচারণা চালাতে গিয়ে ভুলে যাচ্ছেন সময়মতো নাওয়া-খাওয়ার বিষয়টিও। এবারের নতুন কৌশল হিসেবে কোনো কোনো চেয়ারম্যান পদপ্রার্থী দুই হাতে পাঞ্জাবির ঝুল তুলে ধরে ভোটারদের কাছে ভোটভিক্ষা চাইছেন। এ রকম ভোট চাইতে দেখা গেছে দোহাজারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগকে। একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেমকে দেখা গেছে ভোটারদের বয়সভেদে বাবা, মা-খালা, ভাই-বোন ডেকে এবারের মতো সেবা করার সুযোগ দেওয়ার জন্য অনুনয় করতে। উপজেলার নয়টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রতিটি গ্রাম-মহল্লার গলি ও দোকানপাট, পোস্টারে ছেয়ে গেছে। প্রচারণায় পুরুষের চেয়ে পিছিয়ে নেই নারী প্রার্থীরাও।প্রার্থীদের প্রচারণার কৌশল দেখে ভোটার শামসুল আলম বলেন, ‘পাঁচ বছর পর পর নির্বাচন এলে প্রার্থীদের কাছে ভোটারদের কদর বেড়ে যায়। ভোটে জেতার পর কোনো খবর থাকে না। এখন নির্বাচন এসেছে, তাই ভোটারের মন জয়ের জন্য প্রার্থীরা নানা রকম কৌশল অবলম্বন করছেন।’ জানা গেছে, নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কোনো কোনো চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছার অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে একটি মহল। প্রচারপত্র (লিফলেট) বিলি করে তাঁর জনপ্রিয়তা হ্রাস করার চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া মুঠোফোনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একইভাবে তাঁর সমর্থকদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার এসআই (উপপরিদর্শক) আলী নেওয়াজ বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী নুুরুল আবছার থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল নোমান বেগ ১১ জুন সন্ধ্যায় দোহাজারীতে মিছিল বের করে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন অপর চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম। তবে নোমান বেগ তা অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ পাওয়া গেছে, তা গুরুতর নয়। তবে প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।’ কোনো প্রার্থী হুমকির শিকার হলে সুনির্দিষ্টভাবে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। চন্দনাইশের নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সদস্যপদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।