
ভারতের কলকাতা ও আগরতলা এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার আবৃত্তিশিল্পীরা যেন কবিতা দিয়ে গড়ে তুললেন অনন্য এক সেতুবন্ধ। দুই দেশের ২০ জন শিল্পীর পরিবেশনা নিয়ে ‘অভিন্ন হৃদয়ে কবিতার ধ্বনি’ শিরোনামের এই আসরের আয়োজন করে আবৃত্তি সংগঠন প্রমা। নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২১ ও ২২ এপ্রিল দুই দিন ধরে চলা এই অনুষ্ঠানে ছিল একক ও বৃন্দ আবৃত্তি, গান, নাচ ও শ্রুতি নাটক।
২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আসরের উদ্বোধন করেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। অতিথি ছিলেন প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাশীষ নন্দী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঞ্জুর মুন্না ও নাজমুল সাদেকী।
‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’, এই রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গান পরিবেশন করেন পূর্ণি বসু। এরপর তিনি আরও গাইলেন রবীন্দ্রনাথের ‘সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে’ গানটি। তবে আসরের প্রধান আকর্ষণ ছিল কাজী নজরুল ইসলামের নাতনি শিল্পী অনিন্দিতা কাজী। তিনি প্রথমে নজরুল নিয়ে করেন স্মৃতিচারণা। এরপর আবৃত্তি করেন নজরুলের রণাঙ্গনের চিঠি। তাঁর পরিবেশনা আবিষ্ট করে রাখে দর্শকদের। এরপর বেলায়েত হোসেন আবৃত্তি করেন শুভ দাশগুপ্তের ‘কাল্লু’সহ বেশ কয়েকটি কবিতা। এ ছাড়া আসরে শিল্পী কংকন দাশ আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মহুয়া কাব্যগ্রন্থের কবিতা ‘সবলা’ ও শাহেদুল ইসলাম আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নগর সংগীত’। একক আবৃত্তির পর বৃন্দ আবৃত্তি নিয়ে আসে আগরতলার আবৃত্তি সংগঠন কবিতালোক। অরিজিৎ বণিকের গ্রন্থনা ও পরিচালনায় শিল্পীরা পরিবেশন করে ‘স্বপ্নে দেখা ঘর-দুয়ার’।
২২ এপ্রিল আসরের শেষ দিন আবৃত্তিসন্ধ্যা শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। আসরে ভারতের আগরতলার বাচিকশিল্পী মনীষা পাল চৌধুরী আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’ কবিতাটি। এরপর তিনি আরও আবৃত্তি করেন প্রতুল মুখোপাধ্যায় ‘আমি বাংলায় গান’, আগরতলার কবি মীণাক্ষী দাশগুপ্তের ‘ভালোবাসা’, মল্লিকা সেনগুপ্তের ‘পুরুষের গান’। পরে নজরুলের বিভিন্ন রচনা নিয়ে গ্রন্থনা অসাম্প্রদায়িক নজরুল পাঠ করে শোনান শিল্পী অনিন্দিতা কাজী। তিনি শ্রোতাদের অকুণ্ঠ প্রশংসা কুড়ালেন। বাচিকশিল্পী রাশেদ হাসার আবৃত্তি করেন শাহিদ আনোয়ারের ‘ধাত্রী’, নির্মলেন্দু গুণের ‘কিছুই সহজ নয়’, শুভ দাশগুপ্তের ‘রাত বাড়ছে’ ও আনিসুল হকের ‘মানুষ জাগবে ফের’।
এরপর পিনাকপানি দেব আবৃত্তি করেন তসলিমা নাসরিনের ‘ভঙ্গ বঙ্গদেশ’, দেবেশ ঠাকুরের ‘খালেদ মিয়ার স্বাধীনতা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মানসপুত্র’ ও ‘ধর্মমোহ’, সমরেন্দ্র মণ্ডলের ‘আমাদের ২৫ শে বৈশাখ’।
বাচিকশিল্পী মানালী গাঙ্গুলীর আবৃত্তির সঙ্গে ছিল যুগলবন্দী নাচ। এরপর একে একে আবৃত্তি করেন আহসান উল্লাহ, তাজুল ইসলাম ও জেরিন মিলি। একক আবৃত্তির পর প্রমার শিশু বিভাগ আবৃত্তি করেন ‘রঙিন ফানুস’। সবশেষ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তাসের দেশ’ অবলম্বনে শ্রুতি নাটক পরিবেশন করে আবৃত্তি সংগঠন কবিতালোক। নাটকটির সম্পাদনা ও পরিচালনা করেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও পিনাকপানি দেব।