অভিনয়ের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট ফ্যামিলি ক্লাবের বার্ষিক নাটকের প্রস্তুতি চলছিল। আমাদের রতন বইয়ের দোকান খুঁজে পেতে নিয়ে এসেছিল প্রিয়ার চোখে জল নামের একটা নাটকের বই। সাজু ভাই উল্টেপাল্টে বললেন, ‘আরে এ তো যাত্রাপালা, শহরে এসব জিনিস চলবে না...গ্রামে ধান কাটার পর খালি মাঠে শামিয়ানা টানিয়ে এসব পালা হয়...গ্রামের বউ-ঝিরা প্রিয়ার চোখে জল দেখে কাঁদে, শহুরে মানুষ ওই জল দেখলে হাসবে...হা হা হা।’কয়েক দিন পর নিজের লেখা নাটক নিয়ে হাজির সাজু ভাই। আমরা তাঁর প্রতিভার পরিচয় পেয়ে মুগ্ধ। নাটকের নাম এবং অথচ ইদানীং। রীতা আপা বললেন, ‘নামটা একটু খটোমটো...’ সাজু ভাই ওকে উড়িয়ে দিয়ে বললেন, খটোমটো তো লাগবেই, তোমরা এখনো আছ সেই শরৎচন্দ্রের যুগে...শ্রীকান্তের করুণ মুখ দেখিয়া রাজলক্ষ্মী কাঁদিয়া ফেলিল...হা হা হা।সাজু ভাইয়ের সশব্দ হাসির সঙ্গে তাল মিলিয়ে নীরবে সলজ্জ হাসিতে মুখ ভরিয়ে রাখলেন রীতা আপা। সাজু ভাইয়ের জন্য ওঁর মনের ভেতর বোধহয় ছোট্ট একটু জায়গা আছে, তাই তাঁর প্রতিভার কাছে পরাজিত হতে তাঁর দুঃখ বা আপত্তি কোনোটাই নেই।এবার নাটকের চরিত্রবণ্টন। সাজু ভাই বললেন, ‘নায়ক, মানে স্বপনের চরিত্রটি শামীম করুক, ওর চেহারাটা তো লাল্টু মার্কা...।’বাকিরা সবাই হেসে উঠলেন হো হো করে। শামীম ভাই গম্ভীর হয়ে গেলেন। নায়ক চরিত্রে নির্বাচিত হয়েও সম্ভবত লাল্টু বিশেষণের কারণে পুরোপুরি খুশি হতে পারলেন না।নায়িকা কে?রীতা আপার মুখে দেখলাম আবার সেই সলজ্জ হাসি। কিন্তু রীতা আপাসহ বাকি সবাইকে চমকে দিয়ে সাজু ভাই আঙুল তুললেন আমার দিকে, ‘ও করুক, বয়স কম, মুখটা মিষ্টি...মানাবে।’‘না না, আমি পারব না, আমি তো এক-আধটু গান করি, অভিনয় কোনো দিন...।’ সাজু ভাই বললেন, ‘পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, গাধাকে ঘোড়া বানানোর দায়িত্ব আমার, তা ছাড়া পৃথিবী বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে তোর নামের মিল...তোর হবে।’ আমার সঙ্গে নামের মিল? আমি তো অবাক। এমনিতেই ব্যাকডেটেড একটা নাম নিয়ে আমার মনোকষ্টের সীমা নেই। বললাম, ‘আমার সঙ্গে....কার?’ ‘কেন, সুফিয়া লোরেন, সারা পৃথিবীর লাখ লাখ পুরুষের হার্টথ্রব।’ ‘উনি তো সোফিয়া, সোফিয়া লোরেন।’ ‘ও-ই হলো, বারো-চৌদ্দ শ মাইলের দূরত্ব, উকার-ওকারের সামান্য এদিক-ওদিক তো হবেই।’ অনেক জোরাজুরিতে আমি রাজি হলাম। ভাবির চরিত্রে রীতা আপা। পোর্ট ফ্যামিলি ক্লাবের ছোট অফিস ঘরটাতে শুরু হলো এবং অথচ ইদানীং নাটকের রিহার্সেল। চলছিল ভালোই। কিন্তু সমস্যা হয়ে গেল শেষ দৃশ্য নিয়ে। স্ক্রিপ্টে দেখলাম, শেষ দৃশ্যে আছে, নায়িকা সাথী বলছে, ‘তুমি ফিরে এসেছ স্বপন...আমি জানতাম তুমি আসবে... তোমাকে ছাড়া আমি বাঁচব না।’ ব্র্যাকেটে লেখা ‘এই বলে সাথী ছুটে গিয়ে স্বপনকে আলিঙ্গন করল’। আমি বাবা এটা কিছুতেই পারব না। সাজু ভাই যতই বোঝান, অভিনয় তো অভিনয়ই, আমি অটল। রিহার্সেলে প্রতিদিন উপস্থিত থাকে দশ-বারোজন ছেলেমেয়ে। তাদের সামনে ‘তোমাকে ছাড়া আমি বাঁচব না...’ এই বলে ছুটে গিয়ে আলিঙ্গন—এসব অসম্ভব।তা ছাড়া আরও একটা ব্যাপার আছে। গোপনে বলি, শামীম ভাইকে আমি মনে মনে একটু পছন্দ করি। পোর্ট কলোনির এই একটা ছেলে সবচেয়ে আলাদা। ভার্সিটিতে বিবিএ পড়ছে, আমার বন্ধু তানিয়ার ভাই। আমার চেহারাটা ভালো, কলোনির কত ছেলে আশা নিয়ে তাকায়, কিন্তু ভালোবাসার সন্ধান পায় না। শামীম ভাই ফিরেও তাকায় না, তবু তাকেই ভালো লাগে আমার। কেউ জানে না, শামীম ভাইও না।যা-ই হোক, আমার প্রবল আপত্তির মুখে নতুন পথ বের করলেন সাজু ভাই, ‘রিহার্সেলে এই অংশটা করতে হবে না, ঘরে নিজে প্র্যাকটিস করবি, নাটকের দিন ঠিকমতো করলে হবে।’ যারা আড়ালে একটু মজা করবে বলে প্রস্তুতি নিয়েছিল, তারা হতাশ। রিহার্সেল আবার শুরু হলো, শুধু শেষ সংলাপ ও আলিঙ্গন অংশটা আপাতত বাদ।সাজু ভাই কিছু গাধাকে ঘোড়া বানানোর চেষ্টায় আংশিক সফল হলেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন পোর্ট ক্লাবের মাঠে মঞ্চ তৈরি হলো। কয়েক শ দর্শকের সামনে অভিনয় করলাম আমরা। শেষ দৃশ্যে ভয় ও লজ্জায় কাঁপতে কাঁপতে আমি সংলাপ উচ্চারণ করলাম, ‘তোমাকে ছাড়া আমি বাঁচব না...’। সাথী ছুটে গিয়ে আলিঙ্গন করল স্বপনকে। অজস্র করতালির মধ্যে পর্দা পড়তেই চোখ ফেটে পানি বেরিয়ে এল আমার। সাজু ভাই এসে আমার মাথায় চাটি মেরে বললেন, ‘অসাধারণ। দেখলি তো, তুই শুধু শুধু টেনশন করছিলি, কোনো অসুবিধা হয়েছে?’ না, তখন কোনো অসুবিধা হয়নি। বরং উচ্ছ্বসিত প্রশংসার তোড়ে ভেসে যাচ্ছিলাম আমি। অসুবিধাটা হয়েছিল পরের দিনগুলোতে। বিছানায় গেলে অর্ধেক রাত ঘুম হয়, বাকি অর্ধেক হয় না। আমি শুধু স্বপ্নের মধ্যে স্বপনের, মানে শামীম ভাইয়ের আলিঙ্গনের স্পর্শে কেঁপে কেঁপে উঠি। আমার পড়াশোনা প্রায় লাটে উঠল। ক্লাসে বসে ঝিমোই। বন্ধুরা জানতে চায়, শরীর খারাপ কি না। আমি হ্যাঁ-না একটা উত্তর দিই। শরীরের কথা জানতে চায়, মনের অবস্থা ওদের জানাতে পারি না। এর মধ্যে কলেজে যাওয়ার পথে হঠাৎ একদিন সাজু ভাইয়ের সঙ্গে দেখা। বললেন, ‘তোর সাথে জরুরি একটা কথা আছে সুফিয়া।’ দেখে মনে হলো বেশ উত্তেজিত। সাজু ভাই জরুরি কথা বলতে শুরু করলেন, ‘আমাদের দেশে না কিছু হবে না বুঝলি...,’ ‘কেন?’‘আমি কত স্বপ্ন দেখেছিলাম তোদের নিয়ে একটা থিয়েটার গ্রুপ গড়ে তুলব...তোরা অভিনয় করবি, সারা দেশে নাম হবে, কিন্তু শামীম স্টুপিডটা...।’আমি বললাম, ‘কী হয়েছে শামীম ভাইয়ের?’‘হারামজাদার নাকি ঘুম হয় না, ঘুমের মধ্যে তোকে স্বপ্ন দেখে।’আমি হূৎপিণ্ডের ধুকপুক শব্দ থামিয়ে বলি, ‘আমাকে?’ ‘হ্যাঁ, তোকে, কী বলব, জঘন্য, আলিঙ্গনের স্বপ্ন...।’আমি বলি, ‘ছি!’‘শোন, ও তোকে প্রপোজ করতে পারে, খবরদার! চান্স দিবি না। মুখের ওপর না করে দিবি। তোদের নিয়ে আমার কত স্বপ্ন...।’ সাজু ভাই একনাগাড়ে বলে যান আমাকে অভিনেত্রী বানানোর, টিভি স্টার বানিয়ে ছেড়ে দেওয়ার স্বপ্নের কথা। কিন্তু এসব স্বপ্ন সঞ্চারিত হয় না আমার মধ্যে। আমি ঘোরের মধ্যে হাঁটতে থাকি। শামীম ভাই স্বপ্ন দেখে আমাকে? দুজনেরই একই স্বপ্ন? প্রপোজ করবে? কবে, কখন? এর পর থেকে আমি প্রতিদিন অপেক্ষা করতে থাকি। আগে অর্ধেক রাত ঘুম হতো না, এখন বাকি অর্ধেকটাতেও হয় না।