অভিনয়ের সঙ্গে তিন যুগ
সময়টা ১৯৭৪ সাল। শহরের বাওয়া স্কুলমাঠে একটি মীনা বাজার চলছিল। তাতে একটি স্টলে এক তরুণ অন্য রকম কণ্ঠে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে ‘আসেন ভাই, কী লাগবে ভাই...’ পাশেই ছিল অরিন্দম নাট্য সম্প্রদায়ের স্টল, সেখানে বসে নাট্যজন সদরুল পাশা। তিনি খেয়াল করলেন ছেলেটিকে। একপর্যায়ে ডেকে বললেন, ‘তুমি কাল থেকে অরিন্দমে আস।’ ছেলেটি তখন উদীয়মান ক্রিকেটার হিসেবে ইতিমধ্যে সবার দৃষ্টি কেড়েছে। মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। ক্রিকেট খেলোযাড় হিসেবে নিজের ক্যারিয়ার যখন গড়তে যাচ্ছিল তখনই দাপুটে অভিনেতা সদরুল পাশার এই আমন্ত্রণ। ছেলেটি সেই আমন্ত্রণে সাড়া দিল। সেই থেকে নাটকের দলের সঙ্গে পথ চলা। সেই দিনের সেই তরুণ হলেন বর্তমানে অরিন্দমের সভাপতি নাট্যজন আকবর রেজা। দলে যোগ দেওয়ার পর দুই বছর কেটে গেল বড়দের ফাইফরমাশ খেটে। বড়দের জন্য চা এনে দেওয়া থেকে শুরু করে মঞ্চ ঝাড়ু দেওয়া পর্যন্ত নানা কাজ করতে হয়েছে। অভিনয়ের প্রথম সুযোগটা আসে ১৯৭৬ সালে। খসরুল কবিরের লেখা সদরুল পাশার নির্দেশিত নাটক ভোলা ময়নার বায়স্কোপ-এ । এই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন দিলারা জামান, খালেদ নোমান নমি।এরপরফলাফল নিম্নচাপ, রাইফেল, আতর আলীদের নীলাভ পাট নাটকে অভিনয় করেন। দুটিতে আবার হুজুরের চরিত্রে। কিন্তু প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ আসে আরও অনেক পর লালসালু র মজিদ চরিত্রে।সেই প্রসঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে আকবর বললেন, ‘তখন আমরা মহড়া করি (১৯৭৯) আর্ট কলেজে। শিশির দা (শিশির দত্ত) ও মুনির হেলাল লালসালুতে অভিনয়ের প্রস্তাব দিলেন। বললাম, মজিদের চরিত্রে অভিনয় করলে টাইপড হয়ে যাব। শিশির দা বললেন, তুমি না করলে আমরা নাটকই করব না। তুমি টাইপড মানে কি বোঝো? শেষ পর্যন্ত তাঁরা আমাকে রাজি করালেন।’ কিন্তু নাটকটির মাত্র পাঁচটি শো হয়ে বন্ধ হয়ে গেল। তবে ৮৬তে লালসালু নতুন করে প্রস্তুতি নিয়ে মঞ্চস্থ হলো। ইতিমধ্যে বহুবার তিনি উপন্যাসটি পড়েছেন। চরিত্রটিকে ধারণ করেছেন মনে মনে। কলকাতায় ও ঢাকায় মঞ্চস্থ হলো। ভারতের আনন্দবাজার পত্রিকা, দেশ ও স্টেটম্যান্টসহ বিভিন্ন পত্রিকায় ব্যাপক আলোচনা-সমালোচনা এসেছে। সবগুলোই ইতিবাচক। আকবর রেজা বললেন, স্টেটম্যান্ট পত্রিকার শিরোনামটি আমার আজও মনে পড়ে ‘Akbar Reza as a Mazid is a wonder full creation’। ঢাকায় হুমায়ুন ফরীদি, আফজাল হোসেন, রাইসুল ইসলামসহ সবাই প্রশংসা করেছেন। তো একদিন ফরিদী ভাই আমাকে ফোন করে বললেন, ‘লালসালু ছবি হচ্ছে, আমার এতে অভিনয়ের কথা। আমার সেটে তুই থাকবি। হুজুর হিসেবে তোর ম্যানারিজমগুলো আমার ভালো লেগেছে, এই যে বাইরে থেকে এসে জুতা খুলে দুই পা ঘষে মুছে ফেললি এইগুলা আমাকে শিখিয়ে দিবি। ’ হুমায়ুন ফরীদির এই স্বীকৃতি আমার জীবনে বড় প্রাপ্তি।’ ক্রিকেটার আকবর রেজার একটি অনন্য রেকর্ড আছে। ১৯৭৬ সালে চিটাগাং রাইজিংস্টারের পক্ষে রেলওয়ের সঙ্গে জীবনের প্রথম লীগে খেলে প্রথম তিন বলে হ্যাটট্রিক করেছিলেন। এই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। সেই সম্ভাবনার জগতটিকে ছেড়ে এলেন শিল্পের টানে। শুধু কি ক্রিকেট মাঠ? নাটকের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আকবর। অভিনয় ছাড়তে হবে বলে জীবিকার কথা বেশি ভাবেননি।অভিনয় করতে করতেই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বর্তমানে বেসরকারী সংস্থা ইপসার কর্মকর্তা। এপর্যন্ত ২১টি নাটকে অভিনয় করেছেন। নির্দেশনাও দিয়েছেন ধর মন্ডুর কিচসসা এবং জলকন্যা নাটকের। আকবর রেজা কিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন। ক্যামেরা কাজ শিখেছেন আমিনুল ইসলামের কাছে। তাঁর নির্মিত শিক্ষার ওপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় ইউনাইটেড ন্যাশান অ্যাসেম্বলি ফর স্পেশাল সেশনে।আকবর রেজার স্বপ্ন অরিন্দমকে ঘিরে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলা। যেখান থেকে অবাধে নাটক করা যাবে। মহড়া দিতে কোনো বিড়ম্বনা হবে না। থাকবে ছোট একটি মঞ্চও। নাটকের সাথে পথ চলতে চলতে অনেকটা পথ এগিয়ে এসেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত এর সাথেই থাকতে চান তিনি।