অভিবাদন তোমাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে গেছে বন্ধুত্বের সংজ্ঞা। এ বদলের কারিগর বন্ধুসভার বন্ধুরা। কারণ তোমরাই প্রমাণ করেছ বন্ধু হতে হলে এখন আর হাত বাড়াতে হয় না, বন্ধু হতে হলে এখন ভালো কাজ করতে হয়। যাঁরা দেশকে নিয়ে হতাশাবাদী কথা বলে বেড়ান, তাঁদের বলি, সকালে চায়ের কাপ হাতে বন্ধুসভার পাতাটা একবার খুলেই দেখুন না।
তারুণ্যের জয়গানে আপনার হতাশা ধুয়ে-মুছে একাকার হয়ে যাবেই যাবে। সারা দেশের বন্ধুদের ভালো কাজের যেন আর ঠাঁই হয়ে উঠছে না এ পাতায়। কেরানীগঞ্জ বন্ধুসভার নিরাপদ মাওয়া সড়কের দাবিতে মানববন্ধন, লক্ষ্মীপুরের বন্ধুদের বিনা পয়সায় ব্লাড গ্রুপিং, জামালপুরের বন্ধুদের দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীদের নিয়ে কেক কাটা, যশোর বন্ধুসভার পাখির নিরাপদ আবাসন নির্মাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুদের শহীদ মিনার পরিষ্কার কর্মসূচি, ভৈরব বন্ধুসভার বন্ধুদের মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সময় দেওয়া, রাজবাড়ী বন্ধুদের পথশিশুদের শিক্ষা উপকরণ বিতরণ এবং আরও কত সব না ছাপা মন ভালো করা খবর। প্রতিটি উদ্যোগ পৃথকভাবে হয়তো ক্ষুদ্র, তবে একসঙ্গে এর ফলাফল বিশাল।
বন্ধুসভার বন্ধুদের মতো এভাবে আমরা যদি সমাজের সমস্যাগুলো খুঁজে নিয়ে নিজেরাই সমাধান করতে পারি, তবে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। তারুণ্যের হাত ধরে নিজেই এগিয়ে যাবে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ।
বন্ধু সমাবেশের ঘড়ির কাঁটার টিক টিক শব্দ এর মধ্যেই আমাদের হৃদয়ে আলোড়ন তুলেছে। দেশ গড়ার নতুন শপথ যারা নিতে আসছ, তোমাদের অভিবাদন জানাই। নিরাপদ ও শুভ হোক তোমাদের ভ্রমণ পথ। আর তোমাদের কলকাকলিতে বসন্ত নেমে আসুক মৌচাকের মাঠে। জয়তু বন্ধুসভা।
সাধারণ সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ