অভিবাসী শ্রমিক আর নারীরাই জার্মানির ভরসা!

ইউরোপের দেশগুলোকে তো বটেই, জাপানকেও ছাড়িয়ে পৃথিবীর সবচেয়ে কম জন্মহারের দেশে পরিণত হয়েছে জার্মানি। বিশ্লেষকেরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধির এই হার বজায় থাকলে ভবিষ্যতে কর্মক্ষম জনগোষ্ঠীর সংকটে পড়বে জার্মানি। এ ছাড়া আগামী জার্মানির অর্থনৈতিক ভবিষ্যৎ অভিবাসী তরুণ শ্রমিক ও নারীদের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন তাঁরা।
জার্মানির অডিট সংস্থা ‘বিডিও’ এবং হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকস’-এর গবেষণা থেকে জার্মানির জন্মহার নিয়ে এই তথ্য বেরিয়ে এসেছে। ওই গবেষণার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জার্মানিতে প্রতি ১ হাজার অধিবাসীর মধ্যে গত পাঁচ বছরে মাত্র ৮ দশমিক ২টি শিশু জন্ম নিয়েছে। গবেষণায় বলা হয়, একই সময়ে জাপানে প্রতি ১ হাজার অধিবাসীর মধ্যে শিশু জন্ম নিয়েছে ৮ দশমিক ৪টি।
গত পাঁচ বছরে, ইউরোপের মধ্যে পর্তুগাল ও ইতালি শিশু জন্মের এই হিসাবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। পর্তুগালে প্রতি ১ হাজার অধিবাসীর মধ্যে এই সময়ে শিশু জন্ম নিয়েছে ৯টি এবং ইতালিতে জন্ম নিয়েছে ৯ দশমিক ৩টি। ফ্রান্স ও যুক্তরাজ্যে প্রতি হাজারে শিশু জন্মের এই হার ১২ দশমিক ৭।
গবেষণা প্রতিবেদনটির হিসাব অনুসারে গত পাঁচ বছরের এই সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি জন্মহার দেখা গেছে আফ্রিকার দেশগুলোতে। এর মধ্যে নাইজারে প্রতি ১ হাজার অধিবাসীর মধ্যে শিশু জন্ম নিয়েছে ৫০টি।
হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকসের পরিচালক হেনিং ফোয়েপেল জানান, জন্মহার কমে যাওয়ার ফলে জার্মানি ভবিষ্যতে কর্মক্ষম জনগোষ্ঠীর সংকটে পড়বে। তিনি জানান, শিশু জন্মের এই হার বজায় থাকলে ২০ থেকে ৬৫ বছরের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৬১ ভাগ থেকে ৫৪ ভাগে নেমে আসবে।
অডিট সংস্থা বিডিও-এর পরিচালনা পরিষদ সদস্য আরনো প্রোবস্ত বলেছেন, এই পরিস্থিতির ফলে জার্মানিতে শ্রমের মজুরি বেড়ে যেতে পারে। আর শক্তিশালী শ্রমবাজার ছাড়া দীর্ঘ মেয়াদে নিজেদের অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে পারবে না জার্মানি।
তিনি আরও বলেন,‘দক্ষ শ্রমিকের চাহিদা পূরণে জার্মানির তরুণ অভিবাসী শ্রমিকদের প্রয়োজন বেড়ে যাবে। আর অর্থনীতিতে দুর্যোগ এড়াতে আরও বেশি নারীকে কর্মীবাহিনীতে যুক্ত করতে হবে জার্মানির।’ অবশ্য, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শ্রমবাজার মোকাবিলার পদ্ধতি নিয়ে দেশটির বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
বর্তমানে অভিবাসী গ্রহণের হিসাবে জার্মানি পৃথিবীর শীর্ষ দেশগুলোর একটি। কিন্তু দেশটিতে অভিবাসন বিরোধী রাজনৈতিক শক্তি দিন দিন শক্তিশালী হচ্ছে। এদিকে, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকার শিশুযত্ন প্রকল্পে সরকারি সাহায্য বাড়ালেও কম জন্মহারের এই সমস্যা দূর হতে দেখা যাচ্ছে না।