অভিভাবকেরা সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচেতনতার অভাবে গ্রামে বাল্যবিবাহ হচ্ছে। কিশোরীদের লেখাপড়া করার ইচ্ছা থাকলেও সমাজ ও অভিভাবকের চাপে তারা তা নীরবে মেনে নিচ্ছে। অভিভাবক সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ অসম্ভব।
১ ফেব্রুয়ারি মহেশখালী কুতুবজোম অফ শোর হাইস্কুল মাঠে মানবাধিকার সংস্থা ফ্রেব আয়োজিত সভা ও নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকার করে।
ওই দিন বেলা সাড়ে ১১টায় প্রদর্শিত হয় নাটক অপরাজিতা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে শিক্ষার্থীরা। এর আগে সকাল সাড়ে নয়টায় চারটি দলে ভাগ হয়ে মাঠে অনুষ্ঠিত হয় হ্যান্ডবল খেলা। এতে ৬০ জন কিশোরী অংশ নেয়।
নাটক শেষে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে প্রথমে এগিয়ে আসতে হবে শিক্ষার্থীদের। বাড়ি বাড়ি গিয়ে বাল্যবিবাহ সম্পর্কে অভিভাবকদের ধারণা দিতে হবে। এরপরও কেউ বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলম, বাল্যবিবাহকে না বলুন প্রকল্পের সমন্বয়ক বশির উল্লাহ, ক্রীড়া শিক্ষক আমিনুল হক, জসিম উদ্দিন প্রমুখ।