অভিমান পর্ব

মেয়েটাকে আমি চিনি না। জানিও না। হঠাৎ করে আমার একটা ফেসবুক পোস্টে মেয়েটা কমেন্ট করল। নাম দেখে চিনলাম না। প্রোফাইলে গিয়ে দেখলাম মেয়েটা আমার স্কুলেরই ‘জুনিয়র’ ছিল। তারপর লাইক-কমেন্ট। প্রতিটি পোস্টেই লাইক-কমেন্ট। আমিও ঋণী থাকব কেন? বেহিসাবি লাইক-কমেন্ট দিয়ে ঋণের ভার হালকা করলাম। কিন্তু কখনো সরাসরি দেখা হয়নি।
গ্রীষ্মের ছুটিতে বাসায় যাওয়ার পর এক বন্ধুকে নিয়ে একদিন রেস্টুরেন্টে গেলাম। নাশতা অর্ডার করে দুই বন্ধু মিলে খোশগল্পে মেতেছি। এমন সময় পাশের টেবিলে তিনজন তরুণীর আগমন। তারা বসতে বসতে গোলাপি-সাদা ব্যাগ আছে যার, সেই মেয়েটাকে বলল, কী খাবি বল মৌমিতা?
নামটা শুনে প্রথমে হৃৎপিণ্ডে একটা শীতল অনুভূতি বয়ে গেল। ফোনটা কানে নিয়ে বললাম, হ্যালো মৌমিতা! পাশের টেবিলের মেয়েটা বলল, আমাকে বলছেন! আমি বললাম আপনি কি মৌমিতা আফরিন?
—জি ভাইয়া।
আশপাশে অনেক বন্ধুবান্ধব। আমি ওকে না চেনার অভিনয় করলাম। বললাম, ‘ও সরি আমি ফোনে কথা বলছিলাম।’ মেয়েটার চোখে বিস্ময় দেখলাম। চাপা অভিমান দেখলাম। আমি ফোনে কথা শেষ করে বন্ধুর সঙ্গে আড্ডায় মন দিলাম। রাতে ফেসবুকের ইনবক্সে ঝড় বয়ে গেল। অভিযোগের ঝড়। অভিমানের সালতামামি। রাগের মিশ্র অনুভূতি। বোকা বনে যাওয়ার অভিযান। এবং সবশেষে দুটি প্রাণের স্পন্দিত নির্ঘুম রাত।
পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।