অভিমানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরম পড়েছে সেদিন। সূর্যটা ঠিক মাথার ওপরে। ঠা-ঠা রোদ্দুরে ঘেমে-নেয়ে একাকার আমি। পুকুরে পোঁতা একটা বাঁশের ওপর বসে আছে মাছরাঙা পাখিটা। মা রান্নাঘরে কুয়োপিঠা ভাজছে। গরম তেলে ডুবো ডুবো কুয়ো পিঠা। অসাধারণ স্বাদ। একটা কোনো রকমে মুখে পুরে খাওয়া শেষ হতে না হতেই আবার হাত বাড়িয়ে দিই। আমার মায়ের কোনো কিছুতেই ক্লান্তি নেই। সেই কাকডাকা ভোরে উঠে চাল বাছা, শাক কোটা, পরিবারের সবাইকে বসে খাওয়ানো, কত কাজ। একটা মানুষ এত কাজ করে কীভাবে! অবাক হয়ে আমি মাকে বলি, ‘মারে তোমার কষ্ট হয় না। কীভাবে কর এত কাজ।’ মা হাসে। কত সুন্দর সেই হাসি। মা খায়ও কম। পাখির মতো। সবার খাওয়া শেষ হলে মা খেতে বসে। আমি মাকে হিংসে করি। খুব হিংসে। ইস্ আমি যদি মায়ের মতো হতাম। তাহলে পুরো বিকেলটা সাতচাড়া খেলে এসে ক্লান্ত হয়ে পড়তাম না। ঠিক ঠিক পড়তে বসতাম টেবিলে। কেউ না খেলেও একা একা সব গপাগপ খেয়ে নিতাম না। রান্নাবাটি খেলার সময় ঝগড়া শেষে টেনে ধরতাম না বোনের জটপড়া চুল, মা আমাদের দুই ভাইবোনের গায়ে হাত তোলেননি কখনো। কত মার খেয়েছি বাবার হাতে। কিন্তু মা যেন শাসন করতেই জানে না। অঙ্ক পরীক্ষায় ডাব্বা মেরেছি। না খেয়ে বাবার মারের ভয়ে ঘুরছি পথে পথে। কোথা হতে যেন খবর পেয়ে মা আমাকে খুঁজে বের করল। কোলে বসিয়ে গল্প বলতে বলতে ভাত খাওয়াল। বাবা এ জন্য মাকে বকলেন খুব। বলতেন, ‘উচ্ছন্নে যাবে তোমার ছেলেমেয়ে। এত আদর ভালো না। বুঝলে, ভালো না।’ বাবার যেদিন মন ভালো থাকত সেদিন পুকুরঘাটে বসে গল্প করতাম সবাই। আমরা বকে যেতাম আর মা শুধু শুনত চুপটি করে। সন্ধ্যা হতে না হতেই ধূপ জ্বালিয়ে দিত পুরো ঘরে। তারপর দোয়া-দরুদ পড়ে আমাদের মাথায় ফুঁ দিত। যাতে কারও বদনজর না পড়ে। কলেজে উঠে ঢাকায় চলে আসার কারণে মায়ের সান্নিধ্য হারিয়েছি আমি। বুয়ার আজেবাজে রান্না খেয়ে বাঁধিয়েছি অম্বল। রাত হলে কেউ মশারি টানিয়ে দেয় না বলে রাতভর খেয়েছি মশার কামড়। কান্না পায় খুব। অভিমান হয় মায়ের ওপর। কয়েক দিনের ছুটি পেলেই চলে আসি মায়ের কাছে। কলেজে পড়াশোনায় মন বসে না। পরীক্ষার ফলও খারাপ হতে থাকে দিনকে দিন। দুষ্ট ছেলে আমি। শুনিনি মায়ের কথা। সন্তানকে দেওয়া মায়ের প্রথম উপদেশ কিংবা হালকা শাসন করেছি উপেক্ষা। দূরের মাছরাঙাটার দিকে তাকিয়ে ভুলে গিয়েছি সব। আজ পার হয়েছে অনেক দিন। জীবনযুদ্ধে অনেকটাই পরাজিত আমি। মায়ের স্বপ্নগুলো ভেঙেছি একে একে। আজ ঢাকায় থেকে মায়ের কথা মনে পড়ে খুব। মাহমুদুল হাসান