অভিমানী ইলিশ
নিছক সাংবাদিকের ক্যামেরা দেখে সচকিত না হলে মানুষটার সম্ভবত এতক্ষণে গভীর হতাশায় নুইয়ে পড়ত। দিনভর নৌকা নিয়ে তেঁতুলিয়া নদী চষে বেড়ানোর পুরস্কার কেবল গোটা পাঁচেক শিশু-ইলিশ! নিজের জেলেজীবন নিয়ে আপসোস তো হতেই পারে এই বৃদ্ধ জেলের। সেদিন (২১ আগস্ট, ২০১০) প্রথম আলোর বিশাল বাংলা পাতায় প্রকাশিত ভোলা প্রতিনিধির পাঠানো ছবিটা ভাগ্যবিড়ম্বিত ইলিশ-শিকারিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আমাদের; তবে ঘটনার কোনো কার্যকারণ বা জুতসই ব্যাখ্যা হাজির করে না। অভিজ্ঞতায় প্রবীণ ইলিশ-শিকারির ব্যর্থতার কারণ আমরা উদ্ঘাটন করি দিন তিনেক পর। প্রতিবেদক ইফতেখার মাহমুদ আমাদের জানিয়ে দেন, সাগর ছেড়ে আদতেই আর নদীতে আসছে না ইলিশ। কারেন্ট জাল, নদীর পানিতে দূষণ, জাটকা নিধন—এমন বিবিধ কারণ অভিমানী হতে বাধ্য করেছে ইলিশকে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের যাত্রাপথ পাল্টে ফেলেছে সন্তানসম্ভবা ইলিশ। আর ইলিশের এই যৌক্তিক অভিমান রীতিমতো অভিশাপ হয়ে এসেছে নদীপারের জেলেদের জীবনে। দাদনের দায় আর জলদস্যুদের অত্যাচারে দিশেহারা তাঁরা। ভাগ্যবিড়ম্বিত অগণিত জেলের প্রতিনিধি সেই বৃদ্ধের জন্য দুঃখবোধ থাকতেই পারে আমাদের। কিন্তু পরিহাস এই—বৃদ্ধ জেলেটির ধরা ওই গোটা পাঁচেক ইলিশও কিন্তু আইনের চোখে সিদ্ধ নয়। সারা দিনের গাধার খাটুনির পর যে কটা ইলিশ তিনি ধরেছেন, সেটাও আসলে ‘জাটকা নিধন’। একদিকে দীনহীন জেলে, অন্যদিকে জাটকা নিধনের অপরাধ—এ যেন এক অচ্ছেদ্য চক্র। নিজেদের কৃতকর্মের পরিণামেই আমরা বাধা পড়ে গেছি এই দুষ্টচক্রে। — ইকবাল হোসাইন চৌধুরী